২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাসপোর্ট নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেওয়া নথি নকল: মান্না

তারেক রহমানের পাসপোর্ট স্যারেন্ডার নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের উপস্থাপিত যুক্তরাজ্যের নথি নকল বলে দাবি করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2018, 05:11 PM

Updated : 19 Aug 2022, 01:57 PM

উপস্থাপিত ওই চিঠির বেশ কয়েকটি ‘ভুল’ ধরিয়ে দিয়ে মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা অনুষ্ঠানে বক্তব্যে এই দাবি করেন আওয়ামী লীগের সাবেক এই নেতা।

বাংলাদেশের আদালতের দণ্ড নিয়ে যুক্তরাজ্যে অবস্থানরত তারেক তার বাংলাদেশি পাসপোর্ট ত্যাগ করেছেন বলে দাবি করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার। দাবির সপক্ষে তিনি যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি চিঠিও সাংবাদিকদের দেখান তিনি।

ওই চিঠির সূত্র ধরে মান্না বলেন, “একটা দলিল নকল করবার সময় যখন ভুল হয়, তখন বুঝতে হবে যিনি নকল করছেন, তিনি টেনশনে আছেন। না হলে এত ভুল হয় না।”

তিনি বলেন, “ব্রিটিশ হোম ডিপার্টমেন্ট দিচ্ছে বাংলাদেশ অ্যাম্বাসিকে। বাংলাদেশ অ্যাম্বাসি নামে কিছু আছে? দ্যাট ইজ বাংলাদেশ হাই কমিশন। যারা কমনওয়েলথয়ের মধ্যে আছে তারা অ্যাম্বাসি বলে না।

“তারপর লেখছে স্যারস, ওরে বাবা রে.. এতগুলো স্যার কোথা থেকে আসল? চিঠি যখন লিখি, তখন ১০ জন স্যারের কাছে লিখি নাকি!

“এরপর এই চিঠির মধ্যে এরকম করে পাসপোর্ট কথা বলা হয়েছে, বোঝাই যাচ্ছে না, এটা কী কারণে দেওয়া হচ্ছে। সবশেষে যে সই করেছে তার কোনো নাম নেই। বানান ভুল আছে।”

বাংলাদেশ জাতীয় মানবাধিকার পরিষদ নামে একটি সংগঠনের আয়োজনে ‘বর্তমান প্রেক্ষাপটে মানবাধিকার, আইনের শাসন ও গণতন্ত্র’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন মান্না।

সভার প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেন, সরকার নাগরিকত্ব এবং ট্রাভেল ডকুমেন্টের পার্থক্যও বোঝে না।

“এত বিজ্ঞ রাজনৈতিক শক্তি সরকার রপ্ত করেছে, আমার প্রশ্ন জাগে, এত বুদ্ধিমান সরকার, তারা কি নাগরিকত্ব এবং একটি ট্রাভেল ডকুমেন্টের মধ্যে যে ব্যবধান, সেই সামান্য ব্যবধানটি বুঝতে পারেনি?”

মান্না বলেন, “এই গভর্নমেন্ট যখন এই রকমের দুই নম্বরি করছেন, প্রথম প্রথম কনফিডেন্ট ছিলেন, কিছু কিছু ভালোই করেছেন, কিন্তু যতই দিন যাচ্ছে, নির্বাচন কাছে আসছে, ততই তাদের মস্তিষ্কের মধ্যে ঘুরপাক বেশি হচ্ছে। এই সরকার সবচেয়ে দুর্বল দিশেহারা।”

সোমবার ঢাকার পল্টনে বিএনপির কর্মসূচির সংবাদ সংগ্রহে গিয়ে গণমাধ্যমকর্মীদের পুলিশি হামলার শিকার হওয়ার নিন্দা জানান মঈন খান।

তিনি বলেন, “দেশে গণতন্ত্র যদি থাকত আজকে রাস্তায় দাঁড়িয়ে বাধ্য হয়ে প্রতিবাদ করতে হত না। মিডিয়া আজকে হেডলাইন করতে পারত। সেই স্বাধীনতা নেই, সেই স্বাধীনতা দেওয়া হয়নি।”

ক্ষমতাসীন দলের নেতাদের ভারত সফরকে ‘দিল্লি বেড়ানো’ মনে করেন সাবেক মন্ত্রী মঈন খান।

Image
মাহমুদুর রহমান মান্না (ফাইল ছবি)

মাহমুদুর রহমান মান্না (ফাইল ছবি)

সভায় মান্না বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আইনি লড়াইয়ে কারাগার থেকে মুক্ত করা সম্ভব হবে না বলে তিনি মনে করেন।

বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “এই যে হাজার হাজার লোক তাকে দেখতে কারাগারে, হাসপাতালে গেছেন; সেই সমস্ত লোক নিয়ে যদি রাস্তায় নামতে পারেন, তাহলে তা হবে।”

বর্তমান সরকার দুর্বল ও নড়েবড়ে বলে মন্তব্য করে মান্না বলেন, “অনেকে বলেন- শেখ হাসিনাকে কেউ হারাতে পারবে না, ‍উনি কারও কাছে মাথা নত করেন না।

“যারা মনে করেন এই সরকার অজেয়, অনেক শক্তিশালী, কিছু করা যাবে না, তারা ভেতরের চেহারা দেখছেন না। এই সরকার ভেতরে ভেতরে খুবই দুর্বল, নড়েবড়ে।”

পুরনো খবর:

নথি দেখিয়ে প্রতিমন্ত্রী বললেন, তারেক আর নাগরিক নন