বিএনপির আইনজীবীদের দ্বন্দ্ব ‘মিটেছে’
সু্প্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন ঘিরে বিএনপি সমর্থক আইনজীবীদের মধ্যে সৃষ্ট বিভেদ নিরসন হয়েছে বলে দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
সমিতির বর্তমান সভাপতি ও সম্পাদক অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন নেতৃত্বাধীন প্যানেলই নির্বাচনে দলীয় প্যানেল চূড়ান্ত হয়েছে বলে এতে জানানো হয়েছে।
বিএনপির সহ-দপ্তর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে শুক্রবার সন্ধ্যায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে আইনজীবী নেতাদের বৈঠক হয়। সেখানে জয়নুল-মাহবুব প্যানেল চূড়ান্ত হওয়ার পাশাপাশি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারসহ যেসব আইনজীবী বিদ্রোহী প্যানেল দিয়েছিলেন তারা সবাই প্রার্থিতা প্রত্যাহারে সম্মতি জানান।
বিক্ষোভে বিএনপিপন্থি আইনজীবীরা, ফাইল ছবি
আগামী ২১-২২ মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ হবে।
বিএনপি সমর্থকদের নীল দলের মনোনয়ন বোর্ড সমিতির বর্তমান সভাপতি-সম্পাদককে আবারও মনোনয়ন দিয়ে প্যানেল ঘোষণা করলে বিএনপি সমর্থক একদল আইনজীবী তাতে আপত্তি জানান।
পরে বুধবার বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তৈমুর আলম খন্দকারকে সভাপতি এবং অ্যাডভোকেট এবিএম রফিকুল হক তালুকদার রাজাকে সম্পাদক প্রার্থী করে আরেকটি প্যানেল ঘোষণা করেন তারা।
