জেলে খালেদার এক মাস; সময় কাটছে বই-পত্রিকা পড়ে
দুর্নীতির মামলায় দণ্ড নিয়ে কারাগারে এক মাস পার করলেন দেশের দুই প্রধান নেত্রীর একজন খালেদা জিয়া।
গত ৮ ফেব্রুয়ারি বিচারিক আদালতের রায়ের ১১ দিন পর হাই কোর্টে আপিল করে জামিনের প্রত্যাশা করলেও সেই অপেক্ষা এখনও কাটেনি তার। আগামী রোববার এই বিষয়ে আদেশ আসার কথা রয়েছে।
এই এক মাস পুরান ঢাকার নাজিমউদ্দিন সড়কে পুরনো কেন্দ্রীয় কারাগারে একমাত্র বন্দি খালেদা জিয়া বই ও পত্রিকা পড়ে সময় কাটাচ্ছেন বলে তার স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়।
তার সঙ্গে দেখা করে এসে বিএনপি নেতারা বলেছেন, বন্দি হলেও তাদের ‘আপসহীন নেত্রী’ মনোবল হারাননি।
এইচ এম এরশাদের পর খালেদা জিয়াই প্রথম সরকার প্রধান, যাকে দুর্নীতির দায়ে দণ্ড নিয়ে কারাগারে যেতে হল; যদিও বিএনপির অভিযোগ, ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ মামলায় এই রায় ‘সাজানো’।
জিয়া এতিমখানা ট্রাস্টের দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগে সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার আমলে করা দুদকের এই মামলায় ঢাকার জজ আদালত পাঁচ বছর কারাদণ্ড দিয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদাকে।
খালেদা জিয়াকে নিয়ে কারাগারে প্রবেশ করছে গাড়ি
বকশীবাজারে বিশেষ এজলাসে বসে বিচারক রায় দেওয়ার পর সেদিনই খালেদা জিয়াকে নিয়ে যাওয়া হয় পাশের পরিত্যক্ত কারাগারে। সোয়া দুইশ বছর পুরনো এই কারাগারের সব বন্দিকে দুই বছর আগে কেরানীগঞ্জের নতুন কারাগারে সরিয়ে নেওয়ার পর থেকে এটি খালি পড়ে আছে।
জেল সুপারের কক্ষটিকে সংস্কারের পর ‘স্পেশাল জেল’ ঘোষণা করে সেখানেই প্রথম দিন রাখা হয় খালেদাকে। পরে দোতলার একটি কক্ষে স্থানান্তর করা হয় তাকে, যা আগে কারাগারে ‘ডে কেয়ার সেন্টার’ হিসেবে ব্যবহার হত।
সাবেক প্রধানমন্ত্রী হিসেবে তাকে প্রথমে বিশেষ বন্দির মর্যাদা না দেওয়ায় বিএনপি নেতারা শোরগোল তুলেছিলেন।
পরে আইনজীবীদের আবেদনে বিশেষ বন্দির মর্যাদা পান তিনি; ব্যক্তিগত গৃহকর্মীকেও রাখতে দেওয়া হয় তাকে, যা নজিরবিহীন বলে আওয়ামী লীগ নেতারা বলে আসছেন।
বিশেষ বন্দি হিসেবে কারাগারে সংবাদপত্র পাচ্ছেন সাবেক রাষ্ট্রপ্রধানের স্ত্রী ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, পড়তে পাচ্ছেন বই, তার কক্ষে একটি টেলিভিশনও রয়েছে।
কারাগারে তার সঙ্গে দেখা করে আসা সেজ বোন সেলিনা ইসলাম, ছোট ভাই শামীম এস্কান্দর ও তার স্ত্রী ফরিদা কানিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, টেলিভিশন দেখছেন না খালেদা জিয়া। তার বেশিরভাগ সময় কাটছে পত্রিকা ও বই পড়ে।
বুধবার কারাগারে দেখা করে আসা বিএনপি নেতারাও জানান, পত্রিকা পড়ে দলের কর্মসূচির খবরাখবর রাখছেন দলীয় চেয়ারপারসন।
৭৩ বছর বয়সী খালেদা জিয়ার হৃদযন্ত্র, চোখ ও হাঁটুর সমস্যা রয়েছে। চিকিৎসকদের পরামর্শে তাকে নানা রকম ওষুধ খেতে হয় নিয়মিত। খাবারও বেছে খেতে হয় তাকে।
স্বজনরা জানান, খালেদা জিয়াকে কারাগারের খাবারই দেওয়া হচ্ছে। তবে তারা দেখা করার সময় খাবার নিয়ে যান। সেটা কারা কর্তৃপক্ষ পরীক্ষা করে তাকে দেয়।
খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে তার ব্যক্তিগত চিকিৎসকরা কয়েকবার গেলেও কারাফটক থেকে তাদের ফেরত আসতে হয়। কারা কর্মকর্তারা তাদের বলেন, প্রয়োজন হলে তারাই খবর দেবেন।
খালেদা জিয়া বন্দি বলে কারাগারের বাইরেও পাহারা
বুধবার কারাগারে গিয়ে দলীয় প্রধানের সঙ্গে দেখা করে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সাত নেতা।
খালেদা জিয়া কেমন আছেন- জানতে চাইলে ফখরুল সাংবাদিকদের বলেন, “দেশনেত্রীর মনোবল অত্যন্ত উঁচু। তিনি সাহসিকতার সঙ্গে প্রতিকূল পরিবেশ মোকাবেলা করছেন। তিনি দেশ ও গণতন্ত্রের জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত রয়েছেন।”
মওদুদ আহমদ বলেন, “আমরা খুবই উদ্বিগ্ন ছিলাম উনার (খালেদা জিয়া) শরীর নিয়ে। কিন্তু গতকাল তার সাথে আমরা দেখা করে মনে হয়েছে যে, উনি মানসিকভাবে অত্যন্ত দৃঢ় আছেন, উনি সুস্থ আছেন।”
ফিরোজা নীরব
খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর থেকে সুনশান তার গুলশানের বাসা ‘ফিরোজা’। বাসায় বিএনপি নেতারা কিংবা খালেদার স্বজনরা কেউ যাচ্ছেন না। নিরাপত্তা প্রহরীরা ও গৃহকর্মীরা সবাই বাসাটিতে আছেন।
এক নিরাপত্তাকর্মী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ম্যাডাম নেই বাড়িটা একেবারেই খালি। আমরা প্রতিদিন অপেক্ষায় থাকি, কবে ম্যাডাম আসবে।”
“বাসা প্রতিদিনই পরিষ্কার-পরিচ্ছন্ন করে রাখি। ম্যাডামের লাগানো ফুলের বাগান রয়েছে। সেগুলোতে আমরা প্রতিদিনই পানি দিই,” বলেন তিনি।
শান্তিপূর্ণ কর্মসূচিতে বিএনপি
দলীয় প্রধান বন্দি হওয়ার পর কঠোর কর্মসূচির পথে হাঁটেনি বিএনপি; সমাবেশ, মানববন্ধন, প্রতীকী অনশন, গণস্বাক্ষর অভিযান, স্মারকলিপি পেশের মতো নমনীয় কর্মসূচি নিয়ে এগোচ্ছে দলটি।
রায়ের আগে শান্তিপূর্ণ কর্মসূচি পালনের নির্দেশনা দিয়ে গিয়েছিলেন খালেদা জিয়া; তাই অনুসরণ করা হচ্ছে বলে বিএনপি নেতারা জানিয়েছেন।
দুর্নীতি মামলার রায়ের আগে আদালতের পথে খালেদা জিয়া
তবে এই কর্মসূচি পালনেও পুলিশের বাধা এসেছে; পাশাপাশি আওয়ামী লীগ নেতারা বিএনপির আন্দোলনের সামর্থ্য নিয়েও প্রশ্ন তুলে আসছেন।
জবাবে বিএনপি নেতারা বলছেন, সংঘাতের উসকানি দেওয়া হচ্ছে সরকারি দলের পক্ষ থেকে।
বুধবার খালেদার সঙ্গে দেখা করে এসে ফখরুল বলেন, কোনো ধরনের উসকানিতে পা না দিতে তাদের বলেছেন চেয়ারপারসন।
“ম্যাডাম আমাদের বলেছেন, সবাই এক থাকতে হবে। যে কোনো সিদ্ধান্ত একসঙ্গে মিলে যেটা ভালো মনে করবেন, সেটাই সিদ্ধান্ত নেবেন। কোনো হঠকারী সিদ্ধান্ত যাতে না হয়, এটা খেয়াল রাখবেন।”
খালেদার মুক্তি দাবিতে ঢাকায় এবং বিভাগীয় শহরগুলোতে জনসভার কর্মসূচি নিয়ে এগোচ্ছে এখন বিএনপি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সরকার যত ছলচাতুরি করুক না কেন, যত কৌশল করুক না কেন, আমরা শান্তিপূর্ণ পথে আন্দোলন চালিয়ে যাব, আমরা আইনি লড়াইয়ের মাধ্যমে দেশনেত্রীকে মুক্ত করে আনব।”
একাদশ সংসদ নির্বাচন থেকে খালেদা জিয়া ও বিএনপিকে বাইরে রাখতে সরকার ‘নীল নকশা’র চক্রান্ত করছে বলেও অভিযোগ করেন তিনি।
‘যৌথ নেতৃত্বে’ চলছে দল
চেয়ারপারসন খালেদা জিয়া বন্দি হওয়ার পর জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে চলে আসেন। তবে মায়ের সঙ্গে এই মামলার পাশাপাশি অন্য মামলায়ও দণ্ড নিয়ে যুক্তরাজ্যে রয়েছেন তিনি।
কর্মসূচি পালনে পুলিশের রঙিন পানিতে আক্রান্ত বিএনপি নেতারা
বিএনপি নেতারা জানান, তারেক লন্ডনে থেকে স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে আলোচনা করে ‘যৌথ নেতৃত্বে’ দল চলাচ্ছেন। প্রতিদিনই তিনি টেলিফোনে নেতাদের সাথে যোগাযোগ করে নির্দেশনা দিচ্ছেন।
মহাসচিব ফখরুল বলেন, “দল এখন যৌথ নেতৃত্বে চলছে। আমাদের ভারপ্রাপ্ত যে চেয়ারম্যান রয়েছেন, তার সঙ্গে পরামর্শ করেই আমরা সকল সিদ্ধান্ত গ্রহণ করছি।”
তবে বর্তমান সাংগঠনিক অবস্থা নিয়ে হতাশার কথাও বলছেন কেউ কেউ।
কেন্দ্রীয় এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তৃণমূল পর্য়ায়ে নেতা-কর্মীরা একাট্টা হলেও সংগঠন নড়বড়ে। কেন্দ্রও নিশ্চুপ। নির্বাচন যে সামনে, সেটাও হাইকমান্ড সেভাবে ভাবছে বলে মনে হচ্ছে না। সেটা দুশ্চিন্তার।”
