খালেদার সঙ্গে দেখা করতে কারাগারে ফখরুলরা
দুর্নীতি মামলার সাজায় কারাবন্দি খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে কারাগারে প্রবেশ করেছেন দলের জ্যেষ্ঠ নেতারা।
বুধবার বেলা ২টা ৫০মিনিটে ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারের কাছে বসানো পুলিশের ব্যারিকেড থেকে পায়ে হেঁটে তারা ভেতরে প্রবেশ করেন।
বিএনপি চেয়ারপারসন কারাগারে যাওয়ার এক মাসের মাথায় তার দলের নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির নেতারা সাক্ষাতের এই সুযোগ পেলেন।
গত ৮ ফেব্রুয়ারি বকশীবাজারে ঢাকার বিশেষ জজ আদালতে বিএনপি মহাসচিবসহ কয়েকজন জ্যেষ্ঠ নেতার সঙ্গে শেষবার দেখা হয়েছিল সাবেক প্রধানমন্ত্রী খালেদার।
বুধবার বিকালে সাক্ষাতের অনুমতি পাওয়ার পর বিএনপি নেতারা প্রথমে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সমবেত হন। পরে সেখান থেকে যান নাজিমউদ্দিন রোডে।
মির্জা ফখরুলের সঙ্গে এই দলে আরও আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী।
খালেদা জিয়ারএকান্ত সচিব এম বি এম আবদুস সাত্তারও রয়েছেন প্রতিনিধি দলে।
গত ৮ মার্চ জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার ৫ বছরের সাজা হলে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর বোন সেলিনা ইসলাম, ছোট ভাই শামীম এস্কান্দর, স্ত্রী কানিজ ফাতিমাসহ পরিবারের সদস্যরা একাধিকবার খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন।
এর বাইরে আইনজীবী হিসেবে ব্যারিস্টার মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, খন্দকার মাহবুব হোসেন, আবদুররেজাক খান ও এ জে মোহাম্মদ আলী গত ১০ ফেব্রুয়ারি খালেদার সাক্ষাৎ পেলেও বিএনপির অন্য জ্যেষ্ঠ নেতাদের সে সুযোগ হয়নি।
