২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিকালে খালেদার সঙ্গে দেখা করতে যাচ্ছেন ফখরুলরা

দুর্নীতি মামলার সাজায় কারাবন্দি খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের জ্যেষ্ঠ নেতারা বিকালে কারাগারে যাচ্ছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2018, 10:34 AM

Updated : 11 Oct 2022, 12:10 PM

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার বিকাল ৩টায় নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে তাদের সাক্ষাতের অনুমতি দেওয়া হয়েছে।

“বিএনপি মহাসচিবসহ দলের স্থায়ী কমিটির নেতারা চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে দেখা করার অনুমতি পেয়েছেন। তারা নয়া পল্টনের কার্যালয় থেকে রওনা হবেন।”

Image
জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজা ঘোষণার পর বকশীবাজারের বিশেষ আদালত থেকে কারাগারের পথে খালেদা জিয়া

জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজা ঘোষণার পর বকশীবাজারের বিশেষ আদালত থেকে কারাগারের পথে খালেদা জিয়া

Image
৮ ফেব্রুয়ারি রায়ের পর খালেদা জিয়াকে নিয়ে কারাগারে প্রবেশ করছে গাড়ি

৮ ফেব্রুয়ারি রায়ের পর খালেদা জিয়াকে নিয়ে কারাগারে প্রবেশ করছে গাড়ি

মির্জা ফখরুল ছাড়া এই দলে আরও থাকছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, মাহবুবুর রহমান, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী। খালেদা জিয়ার একান্ত সচিব এম বি এম আবদুস সাত্তারও রয়েছেন প্রতিনিধি দলে।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার ৫ বছরের সাজা হলে তাকে পুরনো ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

এরপর বোন সেলিনা ইসলাম, ছোট ভাই শামীম এস্কান্দর, স্ত্রী কানিজ ফাতিমাসহ পরিবারের সদস্যরা একাধিকবার খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন।

এর বাইরে আইনজীবী হিসেবে ব্যারিস্টার মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, খন্দকার মাহবুব হোসেন, আবদুর রেজাক খান ও এ জে মোহাম্মদ আলী গত ১০ ফেব্রুয়ারি খালেদার সাক্ষাৎ পেলেও বিএনপির অন্য জ্যেষ্ঠ নেতাদের সে সুযোগ হয়নি।