২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচার এখন প্রহসন: ফখরুল

দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রায়ের প্রসঙ্গ ধরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশে বিচারকে প্রহসনে পরিণত করেছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2018, 05:45 PM

Updated : 08 Apr 2022, 05:59 PM

বিএনপি চেয়ারপারসনের জামিন পাওয়ায় দেরি করতে সরকার নানা কৌশল নিচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি।

জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় নিম্ন আদালতের রায়ের পর গত ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে রয়েছেন খালেদা জিয়া।

রায়ের সত্যায়িত অনুলিপি ১০ দিন পর পেয়ে হাই কোর্টে আপিল করে জামিন চেয়েছেন খালেদা জিয়া। হাই কোর্ট  বলেছে, নিম্ন আদালতের নথি পাওয়ার পর এই বিষয়ে আদেশ দেবেন তারা।

দুর্নীতির এই মামলায় খালেদা জিয়ার জামিনে দেরির জন্য সরকারকে বিএনপি দায়ী করার পর আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপির আইনজীবীদের দোষেই জামিনে দেরি হচ্ছে।

মন্ত্রীর এই বক্তব্যের প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল বুধবার দলীয় কার্যালয়ে সাংবাদিকদের বলেন, “আমাদের আইনজীবীরা দেশের প্রতিথযশা আইনজীবী এবং তারা দীর্ঘদিন ধরে দক্ষতা ও যোগ্যতা দিয়ে মামলা পরিচালনা করছেন।

“সমস্যাটা সেই জায়গায় না। সমস্যাটা হচ্ছে, তারা (সরকার) ছক করে নিয়েছে। সেই ছক অনুযায়ী তারা মামলা করেছে। বিচার কী হবে, রায় কী হবে? সব কিছুই পূর্বনির্ধারিত।”

প্রধান বিচারপতি এস কে সিনহাকে পদত্যাগে ‘বাধ্য করার’ তিন মাস পর খালেদা জিয়ার মামলার রায়ের আগের দিন নতুন প্রধান বিচারপতি নিয়োগের বিষয়টিও ইঙ্গিতপূর্ণ ফখরুলের কাছে।

“ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ডিনি হলেন, তাকেও সুপারসিড করে অন্যজনকে প্রধান বিচারপতি করা হল, সেইদিন থেকেই আমরা বুঝে গেছি, দেশে বিচার বিভাগ পুরোপুরি সরকারের নিয়ন্ত্রণে চলে গেল। এখন বিচার এদেশে প্রহসনে পরিণত হয়েছে। কার কাছে যাব আমরা? কার কাছে বলব?”

সরকার খালেদার কারাবন্দি জীবন দীর্ঘায়িত করে তাকে নির্বাচন থেকে বাদ দিতে চাইছে বলে দাবি করেন বিএনপি মহাসচিব।

“সেইদিনই জামিন হওয়ার কথা। এই জামিন সেইদিন  না হওয়ার কোনো কারণ নেই। কিন্তু সেদিন জামিন হল না। এখন তারিখ পড়েছে ১৫দিনের মধ্যে পাঠাও। এটা সরকারের নীল নকশা।”

খালেদার মামলা নিয়ে ড. কামাল হোসেনের সঙ্গে জের সাক্ষা’ নিয়ে ণমাধ্যমে ভুল খবর এসেছে বলে দাবি করেন ফখরুল। 

মঙ্গলবার তাদের বৈঠকের পর গণমাধ্যমে খবর আসে যে বিএনপি চেয়ারপারসনের আইনজীবী হওয়ার প্রস্তাবে সাড়া দেননি গণফোরাম সভাপতি।

ফখরুল বলেন, “তিনি দেশে ছিলেন না, দেশে এসেই আমাদের সাথে কথা বলেছেন। তিনি বলেছেন যে, আমি এটা পড়ে স্টাডি করে আমার  মন্তব্য জানাব এবং পরামর্শ দেব।”

সংবাদটি প্রকাশের আগে সাংবাদিকদের তার কিংবা কামাল হোসেনের সঙ্গে কথা বলে নেওয়া উচিৎ ছিল বলে মন্তব্য করেনন ফখরুল।  

তিনি বলেন, “একটি পত্রিকায় বড় করে দিয়ে দিয়েছে যে, ড. কামাল প্রত্যাখ্যান করেছেন। এটা তো ঠিক না। উনি অত্যন্ত সিম্পিথেটিক্যালি সব কথা শুনেছেন এবং উষ্মা প্রকাশ করে বলেছেন, এই ধরনের একটা মামলায় সাজা দেওয়াকে তিনি কখনোই পছন্দ করেননি।”

‘বিএনপিকে ভাঙা যাবে না’

খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকারের নিপীড়নের নিন্দা জানিয়ে ফখরুল বলেন, সারাদেশে ৫ হাজারের বেশি নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।

“সব চেয়ে কষ্টকর ও দুঃখজনক যেটা, আমাদের যেসব মহিলা নেতা-কর্মীর গ্রেপ্তার হয়েছেন, তাদেরকে আদালত জামিন দিচ্ছে না। তারিখ দিচ্ছে এক মাস-দেড় মাস পরে। ফলে বয়স্ক মহিলা, অসুস্থ মহিলা যারা বিনা কারণেই গ্রেপ্তার হয়েছেন, তাদের এভাবে কষ্ট দেওয়া হচ্ছে।”

তবে  এভাবে দমন-পীড়ন চালিয়ে বিএনপিকে ভেঙে ফেলা যাবে না বা বলে সরকারকে হুঁশিয়ার করেন বিএনপি মহাসচিব।

‘প্রমাণিত হল সংসদ জনপ্রতিনিধিত্বহীন’

 জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করলে বিএনপি মহাসচিব হাস্যেরসে বলেন, “ভাবুন আপনারা, এই সংসদ এমন একটা বিরোধী দল তৈরি করেছে যে, বিরোধী দলের নেত্রী করুন আবেদন করছেন- ‘আমাদেরকে  বাঁচান। আমরা কি আসলে সরকারি দল না কি বিরোধী দল- এটা সংসদ নেত্রী আপনিই বলেন।

“আসলে তারা কী? সেই পরিচয় তারা নিজেরাই জানেন না।”

“এথেকে বোঝা যায়, গতকাল তথাকথিত বিরোধী দলীয় নেত্রীর বক্তব্য প্রমাণ করেছে, দেশে আসলে গণতন্ত্র নেই, এই সংসদ জনগনের প্রতিনিধিত্ব করে না,” বলেন ফখরুল।

ইসির কাছে চিঠি প্রসঙ্গ

নালিশ জানিয়ে নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠানোর বিষয়ে ফখরুল বলেন, “আমরা যৌক্তিকভাবে নির্বাচন কমিশনকে এই চিঠি দিয়েছি। যখন নির্বাচনের সিডিউল ঘোষণা করা হয়নি, যখন প্রধান বিরোধী দলের নেত্রী কারাগারে এবং বিরোধী রাজনৈতিক কর্মীদের কোনো রকমের রাজনৈতিক কর্মকাণ্ড করতে দেয়া হচ্ছে না সেই সময়ে প্রধানমন্ত্রী বিভিন্ন জায়গায় দেশ-বিদেশে সভা-সমাবেশ করছেন। একতরফাভাবে দেশনেত্রী বেগম জিয়া ও বিএনপির বিরুদ্ধে কথা-বার্তা বলছেন এবং রাষ্ট্রীয় খরচে যাতায়াত করে জনসভা করে নৌকার জন্য ভোট চাইছেন।
“আমরা মনে করি, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা, সকল দলকে সমান ‍সুযোগ দেয়ার ক্ষেত্রে এই একতরফা প্রচারনা সম্পূর্ণ পরিপন্থি। এটা নির্বাচন কমিশনের দায়িত্ব এটাকে বন্ধ করা এবং সকলকে সমান সুযোগ সৃষ্টি করে দেওয়া,” বলেন বিএনপি মহাসচিব।

তিনি বলেন, “এই নির্বাচন কমিশন সম্পর্কে আমরা বার বার বলে আসছি, তারা দল নিরপেক্ষ নয়, তারা সরকারের কাছে নত হচ্ছে। এই একরতফা প্রচারণা যদি ইসি বন্ধ না করে তাহলে এটাই প্রমাণিত হবে যে, এই কমিশন পুরোপুরি সরকারকেই সহযোগিতা করছে।”