সমঝোতায় আসতে বাধ্য হবে সরকার: মওদুদ
বিএনপি নেতা মওদুদ আহমদ বলেছেন, জনগণের চাপে একাদশ সংসদ নির্বাচনের আগেই সমঝোতায় আসতে বাধ্য হবে সরকার।
সোমবার এক আলোচনা সভায় একথা বলেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।
মওদুদ বলেন, “তারা (সরকার) বলার চেষ্টা করে যে, বেগম জিয়াকে জেলখানায় রেখে বিএনপি নির্বাচন করবে। ওদের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও তো বলছেন।
“আমি বলতে চাই, তাকে (খালেদা জিয়া) ছাড়া বাংলাদেশে আর সুষ্ঠু নির্বাচন হবে না, কোনো দিন হবে না। কারণ সেই ধরনের নির্বাচন দেশের মানুষ প্রত্যাখ্যান করবে। আপনারা( সরকার) নির্বাচন পর্যন্ত যেতে পারবেন না। তার আগেই সমঝোতা করতে হবে।”
খালেদা জিয়ার জামিন পাওয়া নিয়ে নেতা-কর্মীদের উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানান ব্যরিস্টার মওদুদ।
“কোনো দিন শুনি নাই যে রেকর্ড কল করে জামিন দেয়। তারপরও আমরা সেটা মেনে নিয়েছি। রেকর্ড আসলেই উনার (খালেদা জিয়া) জামিনের আদেশ হবে। আমি বিশ্বাস করি, তিনি জামিন লাভ করবেন।”
সরকারের বিরুদ্ধে জনমত তৈরি করতে বিএনপি নেতা-কর্মীদের আহ্বান জানিয়ে মওদুদ বলেন, “বিএনপি মাঠে নামলে সব রাজনীতির চিত্র বদলে যাবে। মানুষের জোয়ারে তারা (ক্ষমতাসীনরা) ভেসে যাবে।”
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ’ উদ্যোগে আলোচনা সভায় বক্তব্য রাখেন মওদুদ।
“বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া জনগণ পছন্দ করেনি, তাকে অন্যায়ভাবে সাজা দেওয়া জনগণ আরও অপছন্দ করেছে। একজন নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রীকে সাধারণ কয়েদি হিসেবে রাখাও জনগণ পছন্দ করেনি।
“সরকার এই চোরাবালিতে নেমেছে। এখন জামিনে বাধা দিয়ে তাকে জেলে থাকতে বাধ্য করে তারা (সরকার) চোরাবালির আরও গভীরে গেছে।”
রাষ্ট্রের আইন কর্মকর্তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে নজরুল বলেন, “শেখ হাসিনার বিরুদ্ধে তো ১৫টি মামলা ছিল, যখন তিনি প্রধানমন্ত্রী হন, তার ছয়টা মামলা রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহার করা হয়েছে। অ্যাটর্নি জেনারেল সাহেব কোনো বিরোধিতা তো করেননি।
শেখ হাসিনার বিরুদ্ধে মামলা খারিজে হাই কোর্টের রায়ের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেওয়ার জন্যও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মাহবুবে আলমের কোনো ভূমিকা না থাকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
“কোথায় ছিলেন তখন অ্যাটর্নি জেনারেল সাহেব, কোথায় ছিলেন দুদকের আইনজীবী সাহেবেরা? বিরোধিতা তো করেননি। আপনারা কি আওয়ামী লীগের আইনজীবী? আপনারা তো রাষ্ট্রের আইনজীবী।”
নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ন্যাব) এর উদ্যোগে কারাবন্দি খালেদা জিয়ার মুক্তি দাবিতে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন নজরুল।
তিনি বলেন, “দেশবাসী অনেক সচেতন। আমি বিশ্বাস করি, যদি তারা ভোট দেওয়ার সুযোগ পায়, তাহলে দুর্নীতি ও অনাচার-নির্যাতন-জুলুমের বিরুদ্ধে রায় দেবে।”
