২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার ‘দূরদর্শিতার’ প্রশংসায় মওদুদ

খালেদা জিয়া কারাগারে যাওয়ার আগে ‘শান্তিপূর্ণ আন্দোলনের’ নির্দেশ দিয়ে গেছেন জানিয়ে সেজন্য বিএনপি চেয়ারপারসনের প্রশংসা করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। 

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2018, 02:45 PM

Updated : 08 Apr 2022, 05:57 PM

তিনি বলেছেন, “আমি বেগম খালেদা জিয়ার দূরদর্শিতার প্রশংসা করি। তিনি কারাগারে যাবার সময়ে আমাদের বলে গেছেন যে, শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলন করতে হবে, কোনো ধরনের হঠকারিতা চলবে না।”

শুক্রবার ঢাকায় এক আলোচনা সভায় খালেদার অন্যতম আইনজীবী মওদুদের এমন মন্তব্য আসে।

গত ১০ দিনে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচি যেভাবে এগিয়েছে, তাতে সরকার ‘খুব বেশি খুশি নয়’ মন্তব্য করে এই বিএনপি নেতা বলেন, “বিএনপির হাজার হাজার নেতা-কর্মী রাস্তায় নেমে ভাংচুর করবে, পেট্রোল পাম্প জ্বালাবে… ভেবে তারা (সরকার) প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু তাদের সেটা ব্যর্থ হয়ে গেছে।”

শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমেও যে সরকারকে দাবি মানতে বাধ্য করা যায়, এবার বিএনপি সেটাই দেখাবে বলে মন্তব্য করেন মওদুদ।

ঢাকার পঞ্চম বিশেষ জজ আখতারুজ্জামান গত ৮ ফেব্রুয়ারি জিয়া এতিমখানা দুর্নীতি মামলার রায়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন। সত্যায়িত কপি পাওয়ার পর বিএনপিনেত্রীর আইনজীবীরা হাই কোর্টে আপিল করলে বৃহস্পতিবার আদালত তা শুনানির জন্য গ্রহণ করে।

তবে দুদকের আবেদনে খালেদা জিয়ার জামিন প্রশ্নে আদেশ পিছিয়ে দিয়ে রোববার আবার শুনানির দিন রাখে আদালত।

সে প্রসঙ্গ টেনে মওদুদ বলেন, “আমাদের জুডিশিয়ারিতে ন্যায় বিচারের যে কাঠামো আছে, সেই কাঠামো অনুযায়ী আমি বিশ্বাস করি, ইনশাল্লাহ আগামী রোববারেই বেগম খালেদা জিয়া জামিন মঞ্জুর হবে। আমি মনে করি, একদিনের বিলম্ব আমাদের প্লাস পয়েন্ট, একদিন বিলম্ব আওয়ামী লীগের মাইনাস পয়েন্ট।”

বিএনপির নেতারা অভিযোগ করে আসছিলেন, খালেদা জিয়াকে বেশি দিন বন্দি রাখতে রায়ের অনুলিপি দিতে দেরি করা হয়েছে। অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতারা তা প্রত্যাখ্যান করে বলছিলেন, রায়ের অনুলিপি পেতে বিএনপি উদ্দেশ্যমূলকভাবে বিচারকের কাছে আবেদন জানাতে দেরি করেছে।

এ বিষয়ে মওদুদ বলেন, “আপনারা জানেন, আমাদের নেত্রীর কারাগারে খুব কষ্ট হচ্ছে। একটা নির্জন কারাগারে তাকে রাখা হয়েছে- এটা সংবিধান পরিপন্থি। সংবিধানের ৩৫ অনুচ্ছেদ বলে যে, একজন আসামির বিচার হবে পাবলিক ট্রায়ালে, এটা তার মৌলিক অধিকার। এটা ক্যামেরা ট্রায়াল হবে না।

“যে জায়গায় (বকশীবাজারে জজ আদালতের বিশেষ এজলাসে) আমাদের নেত্রীর ট্রায়াল হয়েছে তা কখনোই পাবলিক ট্রায়াল বলা যাবে না। একটা মারাত্মক রকমের নিরাপত্তা বেষ্টনীতে এই বিচার পরিচালনা করা হয়েছে।”

জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে ‘বেগম খালেদা জিয়া মুক্তি পরিষদের’ উদ্যোগে আয়োজিত এই আলোচনা সভায় নির্বাচন নিয়েও কথা বলেন বিএনপি নেতা মওদুদ।

বিভিন্ন জেলায় সরকারি সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকায় ভোট চাওয়ার প্রসঙ্গ টেনে মওদুদ বলেন, “একদল নৌকায় ভোট চাচ্ছে। আরেক দলের নেত্রীকে কারাগারে রাখা হয়েছে। তাহলে দেশে কী ধরণের গণতন্ত্র আছে বুঝতে পারছেন? আওয়ামী লীগ আমাদেরকে জনসভা করতে দেয় না। অথচ তারা জনসভা করছে। বর্তমান নির্বাচন কমিশন এক্ষেত্রে চরমভাবে ব্যর্থ হয়েছে।”

ইসি সত্যিকার অর্থে নিরপেক্ষ হলে আওয়ামী লীগকে এভাবে ভোটের প্রচার চালাতে দিত না বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।

তিনি বলেন, “আমাদের নেত্রী জেলখানা থেকে বের হওয়ার পর আমরাও তাকে নিয়ে (প্রচারে) যাব। এবার কোনো আপত্তি আমরা শুনব না। আওয়ামী লীগ যদি সভা করে নৌকায় ভোট চাইতে পারে তাহলে বিএনপিও জনসভা করে ধানের শীষে ভোট চাইতে পারে।”

খালেদা জিয়ার কারাবন্দিত্বে বিএনপি আরও ঐক্যবদ্ধ হয়েছে দাবি করে মওদুদ বলেন, “ভাঙাভাঙির কথা বলে লাভ নেই। বিএনপিকে ১০ বছরে কেউ ভাঙতে পারেনি, এখনো পারবে নাকি? এখন তো যুদ্ধের সময়। বিপদের সময় আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

‘বেগম খালেদা জিয়া মুক্তি পরিষদের’ সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ব্যাপারীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান রুহুল আলম চৌধুরী, স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, নির্বাহী কমিটির সদস্য রফিক শিকদার, ইসলামী ঐক্যজোটের মাওলানা শওকত আমীন ও এনডিপির মঞ্জুর হোসেন ঈসা আলোচনা সভায় বক্তব্য দেন।