২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্দি নেতা-কর্মীদের পরিবারের পাশে দাঁড়াবে বিএনপি: নজরুল

খালেদা জিয়ার মুক্তির দাবিতে ‘শান্তিপূর্ণ কর্মসূচির’ পাশাপাশি বন্দি নেতা-কর্মীদের পরিবারের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2018, 06:27 PM

Updated : 08 Apr 2022, 05:56 PM

বিকালে বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাসের উদ্যোগে গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এ সিদ্ধান্তের কথা জানান।

তিনি বলেন, “দেশনেত্রীর মুক্তির দাবিতে দেশব্যাপী গণস্বাক্ষর অভিযান চলছে। এর পাশাপাশি আমাদের দলের সিদ্ধান্ত অনুযায়ী যেসব সহকর্মীরা গ্রেপ্তার হয়ে আছেন, তাদের বাড়ি বাড়ি যাচ্ছি আমরা, তাদের পরিবারের সদস্যদের সহানুভুতি জানানোর জন্য।

“আজকে বিকাল ৪টায় আমি ও বরকত উল্লাহ বুলুর এক জায়গা যাওয়ার কথা ছিল, বিকাল ৫টায় আরেক জায়গা যাওয়ার কথা। আমরা যাচ্ছি, কেন্দ্রীয় নেতারাও বিভিন্ন নেতা-কর্মীদের বাড়ি যাচ্ছেন।”

নজরুল ইসলাম খান বলেন, “সরকার সম্পূর্ণ প্রতিহিংসামূলকভাবে, অন্যায়ভাবে মিথ্যা বানোয়াট মামলা সাজিয়ে দেশনেত্রীকে সাজা দিয়েছে।”

“এটা অন্যায়, এটা ন্যায় বিচারের পরিপন্থি। এই অন্যায় সাজার দেওয়ার পরও সরকারের প্রতিহিংসা যায়নি। এই প্রতিহিংসায় কী হয়েছে? তিনি ছিলেন দেশনেত্রী। এখন লক্ষ-কোটি মানুষের কাছে তিনি (খালেদা জিয়া) মা  হয়ে গেছেন। তিনি এখন সকলের মা হয়ে গেছেন। আজকে বিপুল সংখ্যাগরিষ্ঠ মানুষের সবচেয়ে বেশি শ্রদ্ধার পাত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়া।”

নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে জাসাসের উদ্যোগে এই গণস্বাক্ষর অভিযানের উদ্বোধনী অনুষ্ঠান হয়।

জাসাস সভাপতি অধ্যাপক মামুন আহমেদের সভাপতিত্বে ও জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক জাকির হোসেন রোকনের পরিচালনায় অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, জাসাস সাধারণ সম্পাদক হেলাল খান, সহসভাপতি মীর সানাউল হক, আহসানউল্লাহ চৌধুরী, যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান টিপু ও সাংগঠনিক সম্পাদক শিবা সানু বক্তব্য দেন।