২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা মুক্তির আন্দোলনে জোট শরিকরাও থাকছে

খালেদা জিয়ার মুক্তি দাবিতে বিএনপির কর্মসূচিতে জোট শরিকরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে বলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2018, 08:17 PM

Updated : 11 Oct 2022, 12:06 PM

রোববার সন্ধ্যায় বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের এই সভায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য আব্দুল হালিমসহ অন্য দলগুলোর শীর্ষনেতারা ছিলেন।

বৈঠকের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, “২০ দলীয় জোটের এই সভায় দেশনেত্রীর মুক্তি দাবিতে বিএনপি যে কর্মসূচিগুলো গ্রহণ করেছে, সেই কর্মসূচির প্রতি তারা একাত্মতা ঘোষণা করেছেন। তারা এই সব কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন।”

এই আন্দোলনে ‘অদূর’ ভবিষ্যতে ২০ দলীয় জোট থেকে কর্মসূচি নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি।

ফখরুল বলেন, জোটের সভায় ‘দেশনেত্রীর’ সাজা ও তাকে কারাগারে নেওয়ায় নিন্দা ও ক্ষোভ জানানো হয়েছে। অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়েছে।

পাশাপশি বিএনপিসহ ২০ দলীয় জোটের গ্রেপ্তার সব নেতা-কর্মীর মুক্তির দাবিও জানানো হয়।

খালেদা জিয়া কারাবন্দি হওয়ায় এখন জোটের নেতা কে জানতে চাইলে ফখরুল বলেন, “আমি বলতে চাই, দেশনেত্রীই হচ্ছে ২০ দলীয় জোটের নেত্রী। এই ব্যাপারে কোনো সন্দেহ থাকার অবকাশ নেই। আমি জোটের সমন্বয়ক হিসেবে কাজ করছি।”

বিএনপির চেয়াপারসনের গুলশান কার্যালয়ে বিকাল ৫টা থেকে ঘণ্টাব্যাপী এই বৈঠক হয়। লন্ডন থেকে তারেক রহমান টেলিফোনে জোট নেতাদের উদ্দেশে বক্তব্য দিয়েছেন বলে ফখরুল জানান।

“বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনগণের একটি জোট-প্ল্যাটফর্ম তৈরির কথা বলেছেন।”

খালেদা জিয়া সর্বশেষ সংবাদ সম্মেলনেও জাতীয় ঐক্যের আহ্বান রেখেছিলেন জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, “বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে, এই জোটের ঐক্যকে আরও প্রসারিত করার জন্যে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলা হবে।”

মির্জা ফখরুলের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বিএনপি নেতাদের মধ্যে খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এনামুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।

শরিক দলগুলোর মধ্যে বিজেপির আন্দালিব রহমান পার্থ, জাতীয় পার্টির (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, ইসলামী ঐক্যজোটের এম এ রকীব, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) রেদোয়ান আহমেদ, সাহাদাত হোসেন সেলিম, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) রেহানা প্রধান, খেলাফত মজলিশের  আহমেদ আবদুল কাদের, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) খন্দকার গোলাম মূর্তজা, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) ফরিদুজ্জামান ফরহাদ, ন্যাপ-ভাসানীর আজহারুল ইসলাম, বাংলাদেশ মুসলিম লীগের এএইচএম কামরুজ্জামান খান, বাংলাদেশ ন্যাপের জেবেল রহমান গানি, পিপলস লীগের গরীবে নেওয়াজ, লেবার পার্টির একাংশের মোস্তাফিজুর রহমান ইরান, অপর অংশের হামদুল্লাহ আল মেহেদি, জমিয়তে উলামা ইসলামের মুফতি মহিউদ্দিন ইকরাম, মাওলানা শাহিনুর পাশা, মাওলানা রেজাউল করীম, সাম্যবাদী দলের সাঈদ আহমেদ, ইসলামিক পার্টির সাখাওয়াত হোসেন চৌধুরী, ডেমোক্রেটিক লীগের (ডিএল) সাইফুদ্দিন মনি উপস্থিত ছিলেন।

খালেদা জিয়ার বিরুদ্ধে রায় ঘোষণার তারিখ ঠিক হওয়ার পর গত ২৮ জানুয়ারি  ২০ দলীয় জোটের সর্বশেষ বৈঠক হয়েছিল।