খালেদার কারাগারে যাওয়া হবে ‘টার্নিং পয়েন্ট’: মওদুদ
খালেদা জিয়ার কারাগারে যাওয়া বিএনপির রাজনীতিতে গুরুত্বপূর্ণ বাঁক বদল ঘটাবে বলে আশা করছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ।
দশম সংসদ নির্বাচন ঠেকাতে এবং পরে সরকার হটাতে আন্দোলনের নেমে ব্যর্থ বিএনপির নেত্রী একাদশ সংসদ নির্বাচনের আগে দুর্নীতি মামলায় সাজা নিয়ে কারাগারে গেলেন।
মওদুদ বলছেন, “একটি ভুয়া-বানোয়াট অভিযোগ এনে তাকে কারাবরণ করিয়েছেন। কিন্তু এটাই হবে বর্তমান আমাদের রাজনীতির টার্নিং পয়েন্ট।
“সরকার একটি পলিটিক্যাল ব্লান্ডার করতে চাচ্ছে। এটি পলিটিক্যিাল ব্লান্ডার অব দ্য পার্ট অব দ্য গভর্নমেন্ট। এর প্রতিক্রিয়া যে ব্যাপক এবং গভীর হবে, সেটা সরকার উপলব্ধি করতে পারেনি।”
শনিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরমের সংবাদ সম্মেলনে একথা বলেন সাবেক আইনমন্ত্রী মওদুদ।
খালেদা জিয়াকে মুক্ত করতে আন্দোলন চালিয়ে যাবেন জানিয়ে তিনি বলেন, “সরকার যে অপরাধ করেছে তার জবাব দেশের মানুষ আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে দেবে।”
সাবেক প্রধানমন্ত্রী খালেদাকে পুরান ঢাকার পরিত্যক্ত কারাগারে রাখার সমালোচনাও করেন মওদুদ।
“একটা পরিত্যক্ত বাড়ি, সেটা কী রকম বাড়ি, আপনারা সেটা বুঝতেই পারছেন সেখান থেকে কারাগার স্থানান্তর করা হয়েছে কেরানীগঞ্জে; আজকে সেখানে তাকে রাখা হয়েছে। তাকে জনবিচ্ছিন্ন করার জন্য এ ব্যবস্থা করা হয়েছে।”
খালেদা জিয়ার কারাগার বদল এবং সাবেক প্রধানমন্ত্রী হিসেবে তাকে সব সুবিধা দেওয়ার আহ্বান জানান মওদুদ।
রায়ের বিষয়ে ব্যারিস্টার মওদুদ বলেন, খালেদা জিয়ার শাস্তি ‘দুর্নীতির জন্য হয়নি’।
“তাকে শাস্তি দেওয়া হয়েছে দণ্ডবিধির ১০৯ ও ৪০৯ ধারা অনুযায়ী। সেটা হল ক্রিমিনাল ব্রিচ অব কন্ট্রাক্ট। করাপশনের চার্জে তার শাস্তি হয়নি, তাকে শাস্তি দেওয়া হয়েছে ক্রিমিনাল ব্রিচ অব ট্রাস্টে।”
সংবাদ সম্মেলনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নাল আবেদীন বলেন, “এ রায়ের মধ্য দিয়ে সরকারের রাজনৈতিক ইচ্ছার প্রতিফলন ঘটেছে।”
বিএনপি চেয়ারপারসন ও দলের নেতাকর্মীদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহারের দাবিতে এবং নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে ১১ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি দেশের সব জেলায় আইনজীবী সমিতিতে শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেন জয়নাল।
সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, যুগ্ম মহাসচিব সানাউল্লাহ মিয়া, ফোরামের নেতা বদরুদ্দোজা বাদল, আবেদ রেজা, নিতাই রায় চৌধুরী, উম্মে কুলসুম রেখা উপস্থিত ছিলেন।
