২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রেপ্তারের ভয়ে ‘ঝোঁপ-ঝাড়ে, দীঘি-নালার পাশে’ বিএনপিকর্মীরা

খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার রায়কে সামনে রেখে ঢাকাসহ সারাদেশে সাড়ে তিন হাজারের বেশি নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2018, 12:23 AM

Updated : 19 Aug 2022, 01:34 PM

রায়ের আগের দিন বুধবার দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই দাবি করেন।

তিনি বলেন, “রায়কে কেন্দ্র করে সারাদেশে পুলিশ এই পর্যন্ত আমাদের সাড়ে তিন হাজার নেতৃবৃন্দকে গ্রেপ্তার করছে।”

এই রকম ‘নৈরাজ্যকর পরিস্থিতি’তে বিএনপিকে রাজনীতি করতে হয়েছে মন্তব্য করে রিজভী বলেন, “আমাদের কোনো ঘুম নেই, আমাদের কোনো শান্তি নেই। প্রতিনিয়ত ভয় ও শঙ্কার মধ্যে আমাদের দিনরাত্রি পার হচ্ছে।

“সারাদেশে আমাদের তৃণমূল নেতা-কর্মী ঘরে থাকতে না পেরে বাঁশ ঝাড়ে আশ্রয় নিচ্ছে, দীঘি-নালার পাশে গিয়ে তারা আশ্রয় নিচ্ছে। ঝোঁপ-ঝাড়ে গিয়ে আশ্রয় নিচ্ছে।”

“এই হচ্ছে আওয়ামী লীগের গণতন্ত্র, ওবায়দুল কাদের সাহেবদের গণতন্ত্র,” ক্ষমতাসীন দলের নেতাদের কথার জবাবে বলেন বিএনপি নেতা।

গত ৩০ জানুয়ারি আদালত থেকে ফেরার সময় খালেদার বহর থেকে পুলিশের উপর হামলার পর থেকে বিএনপি নেতা-কর্মীদের গ্রেপ্তারে অভিযানে রয়েছে পুলিশ।

Image
গত ৩০ জানুয়ারি পুলিশের উপর হামলার পর থেকে চলছে গ্রেপ্তার অভিযান (ফাইল ছবি)

গত ৩০ জানুয়ারি পুলিশের উপর হামলার পর থেকে চলছে গ্রেপ্তার অভিযান (ফাইল ছবি)

বিএনপি একে গণগ্রেপ্তার দাবি করলেও পুলিশ তা নাকচ করে আসছে।

বুধবার সংবাদ সম্মেলনে এসে পুলিশ প্রধান মোহাম্মদ জাবেদ পাটোয়ারী তা প্রত্যাখ্যান করলেও গত সাত দিনে দেশে গড়ে গ্রেপ্তারের সংখ্যা অন্য সময়ের চেয়ে বলে স্বীকার করেন।

তবে তিনি দাবি করেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেপ্তার করছে।

রিজভী স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ গ্রেপ্তার সব নেতা-কর্মীর মুক্তি দাবি করেন।

দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ বিভিন্ন নেতার বাড়িতে তল্লাশির নিন্দা জানান তিনি।

রাতে দলীয় কার্যালয়ে জরুরি এই সংবাদ সম্মেলনে সহ দপ্তর সম্পাদক বেলাল আহমেদ ও নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলামকে নিয়ে উপস্থিত হন রিজভী।

রাস্তায় রাস্তায় পুলিশের টহল ও তল্লাশির প্রতিবাদ জানিয়ে রিজভী বলেন, “মনে হচ্ছে, ঢাকাসহ সারা বাংলাদেশে একটা কারফিউ জারি করা হয়েছে, সেই কারফিউর মধ্যে সবাইকে বসবাস করতে হচ্ছে। সাঁজোয়া যান, নানা ধরনের কনভয়, হুইসেল আর সাইরেনের শব্দে সারা জাতি আতঙ্কিত হয়ে পড়েছে।”

Image
নয়া পল্টনে অবস্থান নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে আসছেন রুহুল কবির রিজভী (ফাইল ছবি)

নয়া পল্টনে অবস্থান নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে আসছেন রুহুল কবির রিজভী (ফাইল ছবি)

খালেদাকে জিয়াকে ‘হয়রানি’র কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রিজভী।

তিনি বলেন, “অবরুদ্ধ করে তার সন্তানের লাশ তার কাছে পাঠানো হয়েছিল। সেই লাশ সমাহিত করা এবং তার জন্য যে ধর্মীয় অনুষ্ঠানে সেটা করতে পারেননি আমার নেত্রী। এত উৎপীড়ন,এত অত্যাচার করেও তাদের প্রতিহিংসার পাখনা যেন আরও বেশি করে ঝটপট। এই পরিস্থিতির পর কালকে আরেকটি কী নাটক অপেক্ষা করছে, তা আমরা জানি না।”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংবাদ সম্মেলনে যে বক্তব্য দিয়েছেন তাকে ‘বানোয়াট ও মিথ্যা’ অভিহিত করেন রিজভী।

তিনি বলেন, “তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সংবাদ সম্মেলনের বক্তব্য সরাসরি সম্প্রচার করল না টেলিভিশনগুলো, বন্ধ করে দেওয়া হয়েছে। অথচ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্য ‘এ থেকে জেড পর্যন্ত লাইভ দেখানো হল। হায়! এই হচ্ছে আওয়ামী লীগের গণতন্ত্র।”

পুরনো খবর:

নাশকতার আভাসে নিরাপত্তা জোরদার: কাদের