‘সব খালেদার পক্ষে হলে দেশ চলছে কীভাবে’
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বৈঠকে খালেদা জিয়ার বক্তব্যের ভিত্তি নিয়ে প্রশ্ন তুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
তিনি রোববার সংসদে বলেছেন, “পুলিশ, সশস্ত্র বাহিনী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে হলে দেশ চলছে কীভাবে?”
খালেদা জিয়া শনিবার দলের সভায় বলেছিলেন, “বিএনপির কোনো ভয় নেই। বিএনপির সঙ্গে প্রশাসন আছে, পুলিশ আছে, সশস্ত্র বাহিনী আছে। এ দেশের জনগণ আছে। দেশের বাইরে যারা আছেন, তারা আছেন।”
তার এই বক্তব্য নিয়ে রোববার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের আ খ ম জাহাঙ্গীর হোসাইন এক সম্পূরক প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিক্রিয়া জানতে চেয়েছিলেন।
খালেদা জিয়ার বিরুদ্ধে মামলায় রায়ের পর বিএনপি কোনো ধরনের অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি বিএনপি নেতা-কর্মীদের গণগ্রেপ্তারের অভিযোগও নাকচ করেন তিনি।
দলের সভায় খালেদা জিয়া। ছবি: আসিফ মাহমুদ অভি
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “বিচারক জানেন, কী রায় দেবেন। কিন্তু কেউ আইন নিজের হাতে তুলে নিলে, অস্থিতিশীল পরিস্থিতি বা ভাংচুর করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আইন তার নিজস্ব গতিতে চলবে।
“যারা পুলিশের ভ্যান ভাংচুর করেছিল, ভিডিও দেখে তাদের শনাক্ত করা হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে।”
জাসদের নাজমুল হক প্রধানের এক সম্পূরক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শাহ আহমদ শফী সারাদেশের আলেম সমাজের কাছে সম্মানিত বলে হাটহাজারীতে একটি অনুষ্ঠানে গিয়ে অসুস্থতার সংবাদ শুনে তাকে দেখতে গিয়েছিলেন তিনি।
