বিএনপির এবিএম মোশাররফ আটক
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভার আগে পুলিশের উপর হামলার মামলায় আটক হয়েছেন দলটির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির শুক্রবার বিকালে রিজভী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই খবর জানান।
ছাত্রদলের সাবেক নেতা মোশাররফকে আটকের বিষয়ে পুলিশের কোনো ভাষ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
গত তিন দিনে দলের যেসব নেতাদের আটকের খবর রিজভী দিয়েছিলেন পরে তাদের পুলিশের উপর হামলার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠাতে দেখা গেছে।
রিজভী বলেন, “বিকাল সাড়ে ৪টায় আমি খবর পেলাম, আমাদের দলের জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেনকে টঙ্গি থেকে ঢাকায় ফেরার পথে উত্তরার কাছ থেকে সাদা পোশাকে পুলিশ তুলে নিয়ে গেছে।”
শনিবার বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বৈঠকের আগে কেন্দ্রীয় কমিটির এই সদস্যকে এই গ্রেপ্তার সরকারের ‘ফ্যাসিবাদী চরিত্র’ উন্মোচন করেছে বলে দাবি করেন রিজভী।
গত মঙ্গলবার হাই কোর্ট এলাকায় পুলিশের উপর বিএনপিকর্মীদের হামলার পর থেকে পুলিশ গ্রেপ্তার চালাচ্ছে।
প্রথমে গ্রেপ্তার করা হয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও সহ সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতকে। পরে তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, গণ শিক্ষা বিষয়ক সহ সম্পাদক আনিসুর রহমান খোকন, নির্বাহী কমিটির সদস্য হাসান মামুনসহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার হন।
গত চার দিনে গ্রেপ্তারের সংখ্যা ২৭৫ জনের অধিক বেশি বলে বিএনপির দাবি।
