২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কমিটির সভায় বাধা দিচ্ছে সরকার: বিএনপি

জাতীয় নির্বাহী কমিটির বৈঠক যাতে সফল না হয়, সেজন্য সরকার বাধার সৃষ্টি করছে বলে অভিযোগ করেছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2018, 02:46 PM

Updated : 08 Apr 2022, 05:51 PM

সভার আগের দিন শুক্রবার নয়া পল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই অভিযোগ করেন।

তিনি বলেন, “গতকাল (শুক্রবার) দলের জাতীয় নির্বাহী কমিটির সহ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু ও নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লবসহ নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হয়েছে। এভাবে নির্বাহী কমিটির কর্মকর্তা ও সদস্যরা নয়া পল্টনের কার্যালয়ে পরিচয়পত্র সংগ্রহ করতে এসে  গ্রেপ্তার হয়েছেন, বাসা থেকেও নেতৃবৃন্দদের গ্রেপ্তার করা হচ্ছে।

“এদের মিটিং তো আগামীকাল (শনিবার)। এদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে? যাতে নির্বাহী কমিটির বৈঠকটি সাফল্যমণ্ডিত না হয়, সার্থক না হয়, এটাই সরকারের উদ্দেশ্য।”

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে তার বহরের কর্মীদের মধ্য থেকে পুলিশের উপর হামলার পর থেকে ধরপাকড় চলছে।

জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতির মামলায় ৮ ফেব্রুয়ারি রায়ের দিন ঠিক হওয়ার পর খালেদা জিয়া বিএনপির বর্তমান জাতীয় কমিটির প্রথম সভা ডাকে।

বিএনপি বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশনে সিটিতে এই সভা করতে চাইলেও তারা অনুমতি দেওয়ার পর তা বাতিল করে। তাতে সরকারের হাত রয়েছে বলে বিএনপির দাবি।

এরপর খিলক্ষেত্রের লো মেরিডিয়ান হোটেল এই সভার জন্য ঠিক করে বিএনপি।

শনিবার সকাল ১০টায় খালেদা জিয়া সভাপতিত্বে এই সভা শুরু হবে।

রিজভী বলেন, “সকল প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। বৈঠকের অংশগ্রহণকারী নির্বাহী কমিটির সদস্যদর মাঝে পরিচয়পত্র বিতরণ করা হচ্ছে।”

সংবাদ সম্মেলনে গ্রেপ্তার ঢাকা মহানগর নেতা শফিকুল ইসলাম রাসেল, মো. খলিল, রানী বাবু, আমির সর্দার, রোমান, লিংকন, মো. মুক্তার হোসেন, রহমত উল্লাহ দুলাল, তোজাম্মেল হক সোহাগ, রাহাত খান, জাকির হোসেন সজীব, আলমগীর, সৈয়দা দিলারা কলি, মনোয়ারা বেগম, সাহিদা, মোসামাৎ শামীমা, আবদুল্লাহ আল মামুন, সুমন, ব্রাহ্মণবাড়িয়ার নেতা মোমিনুল হক, শরীফ হেসেন, মো. আলমগীরে মুক্তির দাবি জানানো হয়।

রিজভী বলেন, “বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তার করা যেন আইনশৃঙ্খলা বাহিনীর পুতুল খেলা হয়ে দাঁড়িয়েছে। যখন ইচ্ছা হচ্ছে বাসা থেকে, রাস্তা থেকে, হাটবাজার থেকে, দলীয় কার্যালয় থেকে নেতা-কর্মীদের তুলে নিয়ে গিয়ে প্রথমে অস্বীকার করার পর দরকাষাকষি শুরু হয়।

“বলা হয়, বেশি টাকা দিলে হালকা মামলা দেওয়া হবে, আর কম টাকা দিলে কঠিন মামলা দেওয়া হবে। অর্থ দিতে অক্ষম হলে শুরু হয় অমানবিক শারীরিক নির্যাতন। এই হচ্ছে আওয়ামী লীগের গণতন্ত্র ও শাসনের নমুনা।”

রিজভী জানান, গত চার দিনে বিএনপির অন্তত ২৭৫ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।