২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় গ্রেপ্তার

ঢাকায় পুলিশের উপর বিএনপিকর্মীদের হামলার পর দলটির নীতি-নির্ধারকদের একজন গয়েশ্বর চন্দ্র রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2018, 10:39 PM

Updated : 11 Oct 2022, 12:04 PM

পুরনো খবর:

ঢাকায় পুলিশকে আক্রমণ বিএনপিকর্মীদের
গ্রেপ্তার হন রাজপথে নেমে: গয়েশ্বর
‘কান্নাকাটি করুম না, ঘটাব সরকারের পতন’

মঙ্গলবার রাত ১০টার দিকে গুলশানে পুলিশ প্লাজার সামনে থেকে দলের স্থায়ী কমিটির এই সদস্যকে পুলিশ তুলে নিয়ে যায় বলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক বৈঠক শেষে নিজের গাড়িতে বাসায় ফিরছিলেন বাবু গয়েশ্বর চন্দ্র রায়। পুলিশ প্লাজার সামনে পুলিশ গাড়ি থামিয়ে তাকে তুলে নিয়ে যায়।”

বিএনপির এক নেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গাড়িতে দলের সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদও ছিলেন। তাকে নামিয়ে দিয়ে গয়েশ্বর রায়কে ধরে নেওয়া হয়।

ওই সময়ের পর থেকে গয়েশ্বর রায়ের মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল। পুলিশের কোনো কর্মকর্তাও তাকে আটকের খবর স্বীকার করছিলেন না।

রাত পৌনে ১২টার দিকে ডিএমপির উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বিএনপি নেতা গয়েশ্বরকে গ্রেপ্তারের কথা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে স্বীকার করেন।

তবে কী অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে কিছু বলেননি তিনি।

পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, হাই কোর্ট এলাকায় হামলার ঘটনায় রমনা ও শাহবাগ থানায় পুলিশ বাদী হয়ে দুটি মামলা করছে, সেগুলোতে গয়েশ্বর রায়কে গ্রেপ্তার দেখানো হতে পারে।  

গভীর রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এসে রিজভী বলেন, এভাবে গ্রেপ্তার করা হলে দেশের মানুষ আরও বিক্ষোভে ফেটে পড়বে।

Image
সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী

সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী

তিনি বলেন, “একজন রাজনীতিবিদকে এভাবে রাস্তা থেকে তুলে নেওয়ার যাওয়ার ঘটনা সভ্য রাষ্ট্রে নজিরবিহীন। এটা একটি সরকারের গভীর ষড়যন্ত্রের অংশ বিশেষ।

“এখনও আমরা জানি না, তিনি কোথায় আছেন, কীভাবে আছেন? আমি দলের পক্ষ থেকে অবিলম্বে গয়েশ্বর চন্দ্র রায়কে তার দল ও পরিবারের কাছে ফেরত দেওয়ার দাবি জানাচ্ছি।”

গয়েশ্বর রায় গ্রেপ্তার হওয়ার খবর শুনে তার মেয়ে বিএনপির সহ সম্পাদক অপর্ণা রায় রাত ১২টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে যান। তিনি যুগ্ম মহাসচিব রিজভীর সঙ্গে কথা বলেন।

সংবাদ সম্মেলনে রিজভী বলেন, “এই মাত্র খবর পেলাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুর বাসায় তল্লাশি চলছে।

স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের ছেলে সহ সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতকে শান্তিনগরের বাসা থেকে পুলিশ তুলে নিয়ে গেছে বলেও অভিযোগ করেছেন রিজভী। তিনি তাকেও পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান।

তরিকুল ইসলামের আরেক ছেলে শান্তুনু ইসলাম সুমিত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ১২টার দিকে ডিবি পুলিশ তার ভাই অমিতকে বাসা থেকে নিয়ে যায়।

রিজভী বলেন, “সরকারের নীল-নকশা অনুযায়ী কাজ চলছে। সরকারের উদ্দেশে বলতে চাই, আপনারা গভীর ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত আছেন। আপনারা এই গ্রেপ্তারের মধ্য দিয়ে কী বার্তা দিতে চাইছেন? ভাবছেন আপনারা যা চাইবেন, তাই হবে, তা হবে না।”

রিজভী বলেন, “আপনারা মনে করেছেন, এভাবে গ্রেপ্তার করলে দেশের মানুষ ও জাতীয়তাবাদী শক্তি ভয় পেয়ে যাবে, আতঙ্কগ্রস্ত হবে। বরং এই গ্রেপ্তার ও রাস্তা থেকে তাকে তুলে নিয়ে যাওয়ার মধ্য দিয়ে গোটা দেশ আরও বেশি ক্ষোভে-বিক্ষোভে ফেটে পড়বে।”

এদিন বিকালে খালেদা জিয়া আদালত থেকে ফেরার সময় বিএনপিকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছিল। তাতে বিএনপিকর্মীদের পিটুনিতে আহত হন কয়েকজন পুলিশ সদস্য; ভাংচুর হয় পুলিশের গাড়ি ও অস্ত্র।

Image
পালাচ্ছেন আক্রান্ত পুলিশ সদস্যরা

পালাচ্ছেন আক্রান্ত পুলিশ সদস্যরা

তার কয়েক ঘণ্টার মধ্যে গয়েশ্বরকে আটকের খবর এল।

আগামী ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার কোনো ধরনের অবিচারের স্বীকার হলে সারাদেশ বিক্ষোভে ফেটে পড়বে বলে সরকারকে হুঁশিয়ার করেন রিজভী।

খালেদা জিয়ার বিরুদ্ধে মামলায় রায়ের তারিখ ৮ ফেব্রুয়ারি নির্ধারণের পর দলের নেতা-কর্মীদের রাজপথে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছিলেন গয়েশ্বর।

খালেদা জিয়ার সাজার রায় হলে সরকার পতনের আন্দোলনের হুমকিও দিয়েছিলেন বিএনপির এই নেতা।