২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফখরুলের জন্মদিন কেটেছে প্রিয়জনের সঙ্গে

শুভাকাঙ্ক্ষীদের নিয়ে কেক না কাটলেও জন্মদিনে পরিবারের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি কাছে না থাকা আপনজনদের সঙ্গে কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2018, 12:06 AM

Updated : 26 Jan 2024, 07:08 PM

৭০তম জন্মবার্ষিকীতে শুক্রবার সারা দিন উত্তরার ভাড়া বাসায় পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটিয়েছেন তিনি। দলের নেতা-কর্মী-শুভাকাঙ্খীরা টেলিফোনে শুভেচ্ছা জানিয়েছেন তাকে।

মির্জা ফখরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকালে দিনের শুরুটাই হয়েছে মায়ের সাথে টেলিফোনে কথা বলে, প্রিয় মাকে সালাম জানিয়ে দোয়া নিয়েছি। এই মায়ের জন্যই আমার এই পৃথিবী, আমার এই দীর্ঘ যাত্রা।”

অস্ট্রেলিয়া প্রবাসী বড় মেয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মির্জা শামারুহর সঙ্গেও কথা হয়েছে তার। সন্ধ্যায় স্ত্রী রাহাত আরা ও ছোট মেয়ে মির্জা সাফারুহকে নিয়ে একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দেন তিনি।

মির্জা ফখরুলের জন্ম ১৯৪৮ সালের ২৬ জানুয়ারি, ঠাকুরগাঁওয়ে। বাবা প্রয়াত মির্জা রুহুল আমিন মুসলিম লীগের নেতা ছিলেন, মন্ত্রীও ছিলেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী ফখরুল ছাত্র জীবনে বাম রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিলেন তিনি।

ঢাকা কলেজসহ কয়েকটি সরকারি কলেজে শিক্ষকতা করেছেন তিনি। সরকারি চাকরি ছেড়ে আশির দশকে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যুক্ত হন ফখরুল।

২০০১ সালে ঠাকুরগাঁও-১ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়ে চার দলীয় জোট সরকারের বেসামরিক বিমান চলাচল ও কৃষি প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন মির্জা ফখরুল।

বিএনপি মহাসচিব হওয়ার আগে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ছিলেন ফখরুল। এই পদটি সৃষ্টি করা হয়েছিল তারেক রহমানের জন্য। তিনি দলের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান হওয়ার পর ওই পদে মির্জা ফখরুলকে আনেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

জন্মদিনে বিএনপির আন্দোলনে সফলতার আশা প্রকাশ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আপনারা জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আমাকে স্মরণ করিয়ে দিলেন বয়স বেড়েছে আমার। দেশের যে পরিস্থিতি, এক দমবন্ধ করে থাকার মতো পরিবেশে আমরা আছি। দোয়া করবেন দেশে যেন গণতন্ত্র ফিরে আসে, মানুষ উন্মুক্ত পরিবেশে নিঃশ্বাস নিতে পারে।”

বিকালে উত্তরার বাসা থেকেই সদ্য প্রয়াত কথা সাহিত্যিক শওকত আলীর পুরান ঢাকার বাসায় যান মির্জা ফখরুল।

টিকাটুলীর অভয় দাশ লেনের ‘বিরতি ভিলা’র ওই বাসায় গিয়ে যে কক্ষে শওকত আলী থাকতেন সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান তিনি।

এই লেখক শৈশবে তার অনুপ্রেরণার উৎস ছিল জানিয়ে মির্জা ফখরুল বলেন, “কথাসাহিত্যিক অধ্যাপক শওকত আলী আমার শিক্ষকই ছিলেন বলা যায়। আমি যখন স্কুলের ছাত্র তখন তিনি আমার জন্মভুমি ঠাকুরগাঁও কলেজে অধ্যাপনা করতেন। তিনি আমার পড়ার জগতকে পাল্টে দিয়েছিলেন সেই শৈশবে।

“ভালো সাহিত্য পড়তে এবং সৃজনশীল লেখা পড়তে, পৃথিবী ও মানুষকে জানার জন্য যে সাহিত্য, সেই সাহিত্যপাঠে আমাকে মনোযোগী করেছেন। তিনি আজীবন দেশের মানুষের কাছে বেঁচে থাকবেন তার সাহিত্যের মধ্য দিয়ে, তার লেখার মধ্য দিয়ে। ”

নিম্নবর্গের মানুষের সংগ্রাম-রূপান্তরের ইতিবৃত্ত তুলে ধরা আলোচিত উপন্যাস ‘প্রদোষে প্রাকৃতজন’র লেখক শওকত আলী বৃহস্পতিবার মারা যান।