বেক্সিমকো নিয়ে বাবলুর বক্তব্য দলের নয়: এরশাদ
বেক্সিমকো গ্রুপকে খেলাপি ঋণ পরিশোধের জন্য আবারও সুবিধা দেওয়ার সমালোচনা করে জাতীয় পার্টির নেতা জিয়াউদ্দিন বাবলু সংসদে যে বক্তব্য দিয়েছেন তা দলের বক্তব্য নয় বলে এক বিবৃতিতে জানিয়েছেন পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
বুধবার এরশাদের প্রেস ও পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায়ের স্বাক্ষরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
সেখানে বলা হয়, “জিয়াউদ্দিন বাবলু পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে খেলাপি ঋণ সংক্রান্ত বিষয়ে বলতে গিয়ে বেক্সিমকো গ্রুপের ঋণ পুনঃতফশিল প্রসঙ্গে যে বক্তব্য দিয়েছেন- তা তার একান্ত ব্যক্তিগত মতামত। তার এই অভিমতের সাথে জাতীয় পার্টি দলগতভাবে একমত পোষণ করে না।”
সেই পুনর্গঠন করা ঋণও সময়মত পরিশোধ করতে না পারায় বেক্সিমকো গ্রুপকে বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে, যার আওতায় তারা ২০২৭ সাল পর্যন্ত সময় পাবে বলে মঙ্গলবার প্রথম আলোর এক প্রতিবেদনে জানানো হয়।
সেদিন সন্ধ্যায় সংসদ অধিবেশনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য বাবলু বলেন, “বেক্সিমকোর জন্য কি বিশেষ আইন? না হলে তারা কেন বিশেষ সুবিধা পাবে।”
অর্থমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, “আমাদের অর্থনীতিকে বাঁচান, শেয়ার বাজারকে বাঁচান, ব্যাংকিং খাতকে বাঁচান। দেশের মানুষ যাতে বাঁচিয়ে থাকতে পারে সেই ব্যবস্থা নিন। তা না হলে আমরা কোনদিনই মধ্যম আয়ের দেশে যেতে পারব না।”
এ বিষয়ে এরশাদের বিবৃতিতে বলা হয়, “বেক্সিমকো গ্রুপ একটি বহুমাত্রিক ব্যবসা প্রতিষ্ঠান। এর রয়েছে ৬০ হাজার কর্মী। এই গ্রুপটি বাংলাদেশের বেসরকারি খাতের উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছে।”
জাতীয় স্বার্থেই এ ধরনের শিল্প গ্রুপের সুবিধা-অসুবিধা ‘সবার বিবেচনা করা উচিৎ’ মন্তব্য করে এরশাদ ওই বিবৃতিতে বলেন, “আমরা বিশ্বাস করি যে, ব্যাংকিং খাতের বর্তমান অবস্থা অর্থ মন্ত্রণালয় এবং সরকারের নিয়ন্ত্রণে আছে। সুতরাং জনাব বাবলুর ব্যক্তিগত অভিমত নিয়ে এ বিষয়ে আর কোনো ভুল বোঝাবুঝির অবকাশ থাকবে না।”
ওই বিবৃতির বিষয়ে জানতে চাইলে সুনীল শুভ রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটাই পার্টি চেয়ারম্যানের ভাষ্য। তার বক্তব্য জানাতেই এ সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে।”
