নিরপেক্ষ হলে ৮০ ভাগ ভোট পাবে বিএনপি: ফখরুল
আগামী নির্বাচন ‘নিরপেক্ষ’ সরকারের অধীনে হলে শতকরা ৮০ ভাগ মানুষ বিএনপিকে ভোট দেবে বলে দাবি করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার বিকালে এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে দর্শন দিয়ে গেছেন, তিনি যে দল গঠন করেছেন, আজও সেই দল এদেশের মানুষের বুকের মধ্যে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখনও জীবন সায়াহ্নে এসে জিয়াউর রহমানের সেই পতাকাই তুলে নিয়েছেন।
“সরকারকে বলব, আজকে একটা নিরপেক্ষ নির্বাচন দিয়ে দেখুন না। শতকরা ৮০ ভাগ মানুষ এই বিএনপিকে ভোট দেবে।”
নেতা-কর্মীদের হতাশ না হয়ে সংগঠিত হওয়ার আহ্বান জানিয়ে ফখরুল বলেন, “এই অচলায়তন ভেঙে ফেলতে হবে। আর আমরা কোনো মতেই এই গণতন্ত্রবিরোধী শক্তিকে ক্ষমতায় দেখতে চাই না।
“আসুন আমরা সংগঠিত হই, কখনও হতাশ না হই। আগামী দিনে এই ফ্যাসিস্ট সরকারকে অবশ্যই আমরা বাধ্য করতে পারব-এই বিশ্বাস আমাদের আছে।”
সংসদ ভেঙে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে সরকারের প্রতি দাবি জানান তিনি।
ফখরুল ইসলাম আলমগীর বলেন, “এদেশের জনগণ অবশ্যই এই ফ্যাসিস্ট-অত্যাচারী-নির্যাতনকারী সরকারকে বাধ্য করবে নির্বাচন দেওয়া্র জন্য, যা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া চেয়েছে।
“অন্যথায় পৃথিবীর ইতিহাসে দেখা গেছে, অনেক অনেক ডিক্টেটর, অনেক অনেক ফ্যাসিস্ট তারা কিছুদিনের জন্য হয়তবা অত্যাচার-নির্যাতন চালিয়ে গেছে, কিন্তু দীর্ঘদিনের জন্য তারা পারেনি। তাদের পরিণতি হয়েছে, ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে।”
দুর্নীতি মামলায় শুনানির জন্য খালেদা জিয়াকে বারবার আদালতে হাজির হতে হওয়া নিয়েও সরকারের সমালোচনা করেন মির্জা ফখরুল।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এই আলোচনা সভার আয়োজন করে বিএনপি। এর মধ্য দিয়ে দিবসটি পালনে দলটির সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু হয়েছে।
তাদের অন্য কর্মসূচির মধ্যে রয়েছে শুক্রবার জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, শোভাযাত্রা, রচনা প্রতিযোগিতা, দুঃস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ, ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে স্বাস্থ্য সেবা প্রদান ও আলোকচিত্র প্রদর্শনী।
জিয়াউর রহমানের জন্ম ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি, বগুডার বাগবাড়ি গ্রামে। তিন তারকা জেনারেল হিসেবে সেনাবাহিনী ছেড়ে আসা জিয়া রাষ্ট্রপতি থাকাকালে ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে একদল সেনা কর্মকর্তার হাতে নিহত হন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, “যেখানে আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে সেখানেই জিয়াউর রহমান সফল হয়েছেন বলেই তারা শহীদ জিয়াউর রহমান, তার পরিবার ও বিএনপিকে ভয় পায়।
“সেজন্য তারা আমাদের সভা-সমাবেশ করতে দেয় না। তারা নয় বছর যাবত নিপীড়ন-নির্যাতন করে যাচ্ছে। আমরা বলতে চাই, যত নির্যাতন করুক না কেন, বিএনপির পেছনে এদেশের জনগণ আছে। আগামী নির্বাচন অবশ্যই নিরপেক্ষ সরকারের অধীনে দিতে হবে।”
বিএনপিকে সভা-সমাবেশ করার অনুমতি না দেয়ায় ক্ষোভ প্রকাশ করে স্থায়ী কমিটির আরেক সদস্য মওদুদ আহমদ বলেন, “আজকে এই ছোট পরিসরে আমাদের এখানে সভা করতে হচ্ছে। আমাদের এক ঘরে করে ফেলেছে। কোথাও তারা (সরকার) আমাদের সভা-সমাবেশ করার অনুমতি দেয় না। আমরা এই অনুমতিনির্ভর রাজনীতি বর্জন করি, এটা আমরা প্রতিহত করবে। আমরা এই অনুমতির জন্য আর বসে থাকব না।
“যে বাঁধ তারা সৃষ্টি করেছেন, তারা মনে করেছে যে, এই বাঁধ চিরদিন থাকবে। আমাদের ঘরের মধ্যে রেখে দেবে। আমি বলতে চাই- এই বাঁধ ভাঙবে, এই বাঁধ ভেঙে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা হবে, আবার দেশে বিচার বিভাগের স্বাধীনতা ফিরিয়ে আনা হবে।”
মির্জা ফখরুলের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলীমের পরিচালনায় আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন, শামসুজ্জামান দুদু, অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকন, খায়রুল কবির খোকন এবং ঢাকা বিশ্ববিদ্যালযের অধ্যাপক মাহবুবউল্লাহ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিএনপি নেতা ব্যারিস্টার আমীনুল হক, আহমেদ আজম খান, হাবিব উন নবী খান সোহেল, মাসুদ আহমেদ তালুকদার, নুরী আরা সাফা, হেলেন জেরিন খান, শফিউল বারী বাবু, ব্যারিস্টার বদরুদ্দেজা বাদল, রফিকুল ইসলাম রাসেলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
