সংলাপ ছাড়া সমাধান আসবে না: ফখরুল
খালেদা জিয়ার সঙ্গে আলোচনার প্রস্তাব প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকচ করলেও এছাড়া বর্তমান সঙ্কটের সমাধান নেই বলে মনে করছে বিএনপি।
ভোটের বছরের প্রথম দিন সোমবার এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “আমরা সব সময় সংলাপ চেয়ে এসেছি। আমরা মনে করি, সংলাপ ছাড়া কোনো সমস্যারই সমাধান হবে না।”
কেন তা মনে করেন না, তার ব্যাখ্যায় বিএনপি মহাসচিব বলেন, “কারণ সরকার তাদের একদলীয় শাসন ব্যবস্থাকে পাকাপোক্ত করার জন্য কোনো আলোচনা ছাড়াই তথা কথিত সংবিধান অনুযায়ী নির্বাচন করতে চায়, যা এদেশের মানুষ মেনে নেবে না।”
নির্দলীয় সরকারের অধীনে না হওয়ায় দশম সংসদ নির্বাচন বর্জন করেছিল বিএনপি। এবারও তারা বলছে, আওয়ামী লীগকে ক্ষমতায় রেখে নির্বাচন তারা মানবে না।
এজন্য সংলাপের আহ্বান তারা জানিয়ে এলেও তা প্রত্যাখ্যান করে আসছেন সরকার প্রধান শেখ হাসিনা। এক্ষেত্রে গত নির্বাচনের আগে সংলাপের জন্য ফোন করে খালেদা জিয়ার সাড়া না পাওয়ার কথা বলেন তিনি।
২০১৮ সালে বিএনপির বড় চ্যালেঞ্জ কোনটি- প্রশ্ন করা হলে ফখরুল বলেন, “গণতন্ত্র ফিরিয়ে আনা, জনগণের সরকার প্রতিষ্ঠা করা এবং একটি নিরপেক্ষ সরকারের অধীনে সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচনের ব্যবস্থা করা।”
জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের সভাপতি রাজীব আহসান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদের নেতৃত্বে নেতা-কর্মীদের নিয়ে শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে ফুল দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা হয় ফখরুলের।
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানউল্লাহ আমান, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, কেন্দ্রীয় নেতা ফজলুল হক মিলন, শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, নাজিম উদ্দিন আলম, শফিউল বারী বাবু, সুলতান সালাউদ্দিন টুকু, আমিরুল ইসলাম খান আলীম এসময় উপস্থিত ছিলেন।
শিক্ষকদের আন্দোলনে সমর্থন
স্বীকৃতিপ্রাপ্ত সব নন-এমপিও ভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করতে প্রাথমিক শিক্ষকদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন বিএনপি মহাসচিব ফখরুল।
তিনি বলেন, “শিক্ষকদের ন্যায়সঙ্গত আন্দোলনের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে।”
প্রাথমিক শিক্ষকরা তাদের দাবিতে কয়েকদিন যাবত জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরণ অনশন করছেন।
সমাবেশ প্রসঙ্গে
ফখরুল বলেন, “আজকের পত্রিকায় এসেছে যে, একটা অপরিচিত নাম-গোত্রহীন ইসলামিক পার্টিকে সেদিন সোহরাওয়ার্দী উদ্যানে জঙ্গিবাদের বিরুদ্ধে একটা সমাবেশ করবার অনুমতি দেওয়া হয়েছে।
“এথেকে প্রমাণিত হয় এই সরকার আসলে গণতন্ত্রকে হত্যা করে চলেছে এবং ভবিষ্যতে গণতন্ত্র প্রতিষ্ঠা করবার সমস্ত উদ্যোগে তারা বাধা প্রদান করবে।”
দশম সংসদ নির্বাচনের দিন ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবসে’ সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চাইছে বিএনপি।
