বিএনপি পাঠিয়েছে মনে হয় আকাশের ঠিকানায়: হাছান
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো খালেদা জিয়ার উকিল নোটিস এখনও ঠিকানায় না পৌঁছানোয় সন্দেহ প্রকাশ করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ।
তিনি বলেছেন, “তারা কোথায় উকিল নোটিস পাঠিয়েছে? মির্জা ফখরুল শুধু সংবাদ সম্মেলন করে উকিল নোটিসটি পড়ে শুনিয়েছেন। এটা কোথায় পাঠিয়েছেন? তারা এই উকিল নোটিস মনে হয় আকাশের ঠিকানায় পাঠিয়েছে।”
বিদেশে খালেদা জিয়ার সম্পদ নিয়ে ‘ভিত্তিহীন’ বক্তব্য প্রত্যাহারের জন্য শেখ হাসিনাকে উকিল নোটিস পাঠানোর কথা গত ২০ ডিসেম্বর সংবাদ সম্মেলন করে জানিয়েছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার জাতীয় প্রেস ক্লাবের বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের এক মানববন্ধনে ওই প্রসঙ্গ ধরে কথা বলেন শেখ হাসিনার এক সময়ের সহকারী হাছান মাহমুদ।
বিদেশে থাকা খালেদা জিয়ার ‘দুর্নীতির অর্থ’ ফেরত এনে তার শাস্তির দাবিতে আওয়ামী লীগ সমর্থক সংগঠনটি এই কর্মসূচি পালন করে।
হাছান মাহমুদ বলেন, “আদালত ক্রমাগতভাবে খালেদা জিয়ার দ্বারা হেনস্তার স্বীকার হয়েছে। তিনি যে দিনই আদালতে যান, সেই দিনই তাদের কর্মীরা বিশৃঙ্খলা সৃষ্টি করে থাকে। মামলার তারিখের দিন গাড়ি ভাংচুর করে।
“তারা আঁচ করতে পেরেছে, খালেদার শাস্তি হতে পারে। তাই খালেদা পেট্রোল বোমা বাহিনীকে নির্দেশ দিয়েছে এসব কাজকর্ম করার জন্য।”
বিএনপিকে হুঁশিয়ার করে এই আওয়ামী লীগ নেতা বলেন, “যদি আর পেট্রোল বোমা মারা হয়, তাহলে সমুচিৎ জবাব দেওয়া হবে।”
হাছান মাহমুদ বলেন, “সরকারের সাথে বিএনপির কারা কারা যোগাযোগ করছে, তা বের করতে নাকি খালেদা জিয়া নির্দেশ দিয়েছেন। এটাকে আমরা স্বাগত জানায়ই। তবে খালেদা জিয়াকে বলব, লোম বাছতে গিয়ে কম্বলটা যেন হারিয়ে না যায়।”
আগামী ৫ জানুয়ারি ‘গণতন্ত্র রক্ষা দিবসে’ আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঠে থাকার আহবান জানান তিনি ।
মানববন্ধনে আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানাও বক্তব্য রাখেন।
