২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এত পদোন্নতি রহস্যজনক: বিএনপি

নির্বাচনের আগের বছর জনপ্রশাসনে বিপুল সংখ্যক পদোন্নতিতে রহস্যের গন্ধ পাচ্ছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2017, 02:30 PM

Updated : 12 Apr 2022, 12:58 AM

দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী শনিবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, “বৃহস্পতিবার রাতে ১৯৩ জন কর্মকর্তার পদোন্নতি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়, যা নজিরবিহীন ও রহস্যজনক। এই পদোন্নতি সর্বমহলে সন্দেহের সৃষ্টি করেছে, প্রশ্নের সৃষ্টি করেছে।”

১৯৩ জনকে পদোন্নতি দেওয়ার পর প্রশাসনে যুগ্ম সচিবের সংখ্যা দাঁড়িয়েছে ৮৪২ জন; অথচ যুগ্ম সচিবের পদ রয়েছে ৪৩০টি।

সপ্তাহ খানেক আগে পদোন্নতি দিয়ে অতিরিক্ত সচিব করা হয় ১২৮ জনকে। তাতে অতিরিক্ত সচিবের সংখ্যা ৫৬০ জনের দাঁড়ালেও পদ রয়েছে ১১১টি। 

রিজভী বলেন, “বর্তমান ভোটারবিহীন সরকার দলীয়করণের মাধ্যমে গোটা প্রশাসনকে নিজের রঙে রঞ্জিত করতে তারা প্রশাসনের নিরপেক্ষতা ও অস্তিত্বকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে।”

এই পদোন্নতিতে প্রশাসনের ভারসাম্য নষ্ট করে ফেলা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

‘গুম কারা করছে?’

‘আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় নিখোঁজরা ফিরতে শুরু করেছে”-স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের প্রতিক্রিয়ায় তার কাছে অপরাধীদের নাম জানতে চেয়েছেন রিজভী।

“স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমাদের প্রশ্ন- তাহলে কাদের তৎপরতায় নিখোঁজ ব্যক্তিরা গুম হয়েছিল? তারা কারা?”

“স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য অনুযায়ী কি আমরা অতিসত্বর ইলিয়াস আলী, চৌধুরী আলম, সাইফুল ইসলাম হীরু, পারভেজ সুমন, খালেদ হোসেন সোহেল, কাজী ফরহাদ, মো. জহির, সুজন, সেলিম রেজা পিন্টু, জাকিরসহ গুম হওয়া কমপক্ষে ৭৫০ জন বিএনপির নেতা-কর্মীদের ফিরিয়ে পেতে এখন অপেক্ষা করব?” বলেন তিনি।

২০০৮ সাল থেকে এই পর্যন্ত সব গুম-খুনের জন্য সরকারকে দায়ী করেন বিএনপি নেতা।

তিনি বলেন,“গত কয়েকদিন ধরে আবার বিচারবহির্ভূত হত্যার মাত্রা বৃদ্ধি করা হয়েছে। রক্তপাতের বিভীষিকা টিকিয়ে রাখতে তারা নিজের মর্জি ও প্রয়োজন মাফিক ঘাতকের ভূমিকায় অবতীর্ণ হয়ে বীভৎস তাণ্ডব চালিয়ে যাচ্ছে।”

বরিশালের গৌরনদী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক গাজী আবু বকরের উপর আওয়ামী লীগের হামলার নিন্দা ও দোষীদের গ্রেপ্তারও দাবি করেন রিজভী।

সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব উন নবী খান সোহেল, কেন্দ্রীয় নেতা সানাউল্লাহ মিয়া, হাবিবুল ইসলাম হাবিব, মীর সরফত আলী সপু, এ বি এম মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন।

পুরনো খবর:

আরও পদোন্নতি, যুগ্ম-সচিব হলেন ১৯৩ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১২৮ কর্মকর্তা
এসপি হলেন ৯৬ পুলিশ কর্মকর্তা