ইনশাআল্লাহ, পালিয়েই থাকতে হবে: তারেককে নিয়ে রাজ্জাক
নয় বছর ধরে স্ত্রী-সন্তান নিয়ে যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপি নেতা তারেক রহমানের দেশে ফেরা বিলম্বিত হবে বলেই মনে করছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে তারেকের মুদ্রাপাচার মামলায় সাত বছরের কারাদণ্ড হয়েছে গতবছর। তাকে পলাতক দেখিয়েই এ মামলার বিচার কাজ চলে। তারেকের একমাত্র ভাই প্রয়াত আরাফাত রহমান কোকোও মুদ্রাপাচার মামলায় দণ্ডিত হয়েছিলেন।
শুক্রবার ঢাকায় এক আলোচনা সভায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও খালেদা জিয়ার দুই ছেলের দুর্নীতি নিয়ে কথা বলেন আব্দুর রাজ্জাক।
তিনি বলেন, “রাজনীতিবিদদের বিচার হয় জনগণের আদালতে। তারেক-কোকোর বিচার হয়েছে জনগণের আদালতে। খালেদার ছেলে কোকো টাকা চুরি করে সিঙ্গাপুরে ব্যাংকে রেখেছে। আমরা ধরি নাই। ধরেছে যুক্তরাষ্ট্রের গভর্নমেন্ট, বিচার করেছে সিঙ্গাপুরের আদালত। ৩৪ কোটি টাকা বাংলাদেশে ফেরত আসছে, চুরির টাকা। মা হিসেবে কি দায়িত্ব এড়াতে পারবে খালেদা জিয়া?
“তারেক জিয়াকে কাঠগড়ায় দাঁড় করিয়েছি, বিচার হয়েছে, জেল হয়েছে, দেশ ছেড়ে পালিয়ে আছে। ইনশাআল্লাহ, পালিয়েই থাকতে হবে। বেগম খালেদা জিয়াও কাঠগড়ায় আছে, বিচারের যে রায় হবে সেই রায় আমরা মেনে নেব এবং জনতার আদালতেও ইনশাল্লাহ বিচার হবে। জনগণও তাদের ধিক্কার দিচ্ছে, জনগণও তাদের প্রত্যাখ্যান করবে।”
তারেক রহমান (ফাইল ছবি)
পরের বছর চিকিৎসার জন্য উচ্চ আদালতের জামিন নিয়ে দেশ ছাড়েন তিনি। এরপর থেকে স্ত্রী-সন্তান নিয়ে লন্ডনে আছেন।
এরমধ্যে গত বছর মুদ্রাপাচারের একটি মামলায় তাকে সাত বছরের কারাদণ্ড দেয় হাই কোর্ট। এছাড়া শেখ হাসিনাকে হত্যাচেষ্টাসহ দুর্নীতি, রাষ্ট্রদ্রোহ ও মানহানির অভিযোগে আরও কয়েক ডজন মামলা রয়েছে তারেক রহমানের বিরুদ্ধে।
আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ডামুড্যা উপজেলা যুব কল্যাণ ট্রাস্ট আয়োজিত স্মরণ সভায় বক্তব্যে রংপুর সিটি করপোরশন নির্বাচনে দলীয় প্রার্থীর পরাজয় নিয়েও কথা বলেন রাজ্জাক।
তিনি বলেন, “গতকাল নির্বাচন হয়েছে রংপুরে, আওয়ামী লীগ বিপুল ভোটে হেরে গেছে। আমার মনে কোরো কষ্ট নেই। সব নির্বাচনে আমাদের জিততে হবে না। ৩০০ সিটে ১৫১ সিট পেলে একটা দল সরকার গঠন করতে পারে। কাজেই আমরা চাই না যে, সব জায়গায় আমরা জিতব।”
সরকারের উন্নয়নকে সামনে নিয়ে আগামী নির্বাচনে মানুষের কাছে ভোট চাইতে হবে বলে মন্তব্য করেন এই আওয়ামী লীগ নেতা।
তিনি বলেন, “আমরা বলি না যে, আমাদের কোনো ভুল-ভ্রান্তি নেই, আমদের কোনো দুর্বল দিক নেই, আছে। তবে আমরা বিশ্বাস করি, আমরা যে উন্নয়ন করেছি আর্থসামাজিক কাঠামো, ভৌত কাঠামো, পদ্মা-সেতু, রাস্তাঘাট, ব্রিজ, বিদ্যুতের উন্নয়ন, কৃষির উৎপাদন বৃদ্ধি, স্বাস্থ্য, শিক্ষা ক্ষেত্রে বিপুল উন্নয়ন।
“এ সকল মিলে আমি মনে করি, এ দেশের মানুষ আবার আওয়ামী লীগকে ভোট দেবে, শেখ হাসিনাকে আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। আমরা এই বক্তব্য নিয়ে মানুষের কাছে যাব, মানুষই এর বিচার করবে।”
আয়োজক সংগঠনের সভাপতি আসাদুজ্জামান আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, কৃষক লীগের সাধারণ সম্পাদক খন্দকার সামসুল হক রেজা, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা।
