২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এই চুক্তিতে রোহিঙ্গাদের কারও ফেরতের সুযোগ নেই: আমীর খসরু

রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের সঙ্গে যে চুক্তি হয়েছে তার শর্ত অনুযায়ী কোনো রোহিঙ্গার দেশটিতে ফেরার সুযোগ নেই বলে দাবি করেছেন বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2017, 09:35 PM

Updated : 19 Aug 2022, 06:06 PM

রোববার ঢাকায় এক আলোচনা সভায় তিনি বলেন, “রোহিঙ্গাদের নিয়ে সরকার একটা অসম চুক্তি করেছে। এই চুক্তিতে যে শর্তগুলো দেওয়া হয়েছে সেই শর্ত মেনে চললে রোহিঙ্গাদের কেউ ফেরত যাওয়ার কোনো সুযোগ নেই। এটি একটি সময়সীমা ছাড়া উন্মুক্ত চুক্তি। রোহিঙ্গাদের ওপর যে নির্মমতা-নিপীড়ন-নির্যাতন-হত্যা-ধর্ষণ-অগ্নিসংযোগ হয়েছে সেটার কোনো ‍উল্লেখ চুক্তিতে নেই।”  

প্রতিবেশী এই দেশ বা অন্য কাউকে ‘খুশি করতে’ সরকার এই চুক্তি করেছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খসরু বলেন, “বাংলাদেশ সরকার শুধু দেশ বিক্রি করছে না, দেশের আত্মা বিক্রি করে দিচ্ছে।”

গত মাসের শেষার্ধে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী মিয়ানমারের রাজধানীতে ওই চুক্তি করে আসার পরেও রোহিঙ্গাদের বাংলাদেশে আসা অব্যাহত রয়েছে বলে জানান চট্টগ্রামের বাসিন্দা আমীর খসরু মাহমুদ চৌধুরী।

“আপনারা বুঝে দেখুন, বাংলাদেশ সরকার কত বড় ধোঁকা দিয়েছে বাংলাদেশের মানুষকে, কত বড় প্রতারণা করেছে। এই প্রতারণার পেছনেও কিন্তু একটি কারণ আছে। সামনে নির্বাচন। তারা যে কূটনীতিতে ব্যর্থ হয়েছে এটা দেশের যাতে মানুষ বুঝতে না পারে,” বলেন তিনি।

রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সেমিনার কক্ষে জাতীয়তাবাদী মহিলা দল ঢাকা জেলা শাখার কর্মী সম্মেলনে বক্তব্য দেন খসরু। এই সম্মেলনের মাধ্যমে সংগঠনটিতে নতুন নেতৃত্ব আসবে।

‘আ. লীগকে চড়া মূল্য দিতে হবে’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘সাজা দিয়ে’ নির্বাচনে পার হওয়ার চেষ্টা করলে আওয়ামী লীগকে চড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, “বেগম খালেদা জিয়াকে আইনি ব্যবস্থায় এনে নির্বাচনের ফসল তোলা যাবে না। শুধু তাই নয়, সেই পথে যদি আপনারা চলেন, দেশনেত্রীকে আইনি ব্যবস্থায় এনে নির্বাচন করার চেষ্টা করেন তাহলে শুধু বিদায় হবেন না, উচ্চ মূল্য দিয়ে বিদায় হতে হবে।

“আপনারা আগেও উচ্চ মূল্য দিয়ে বিদায় হয়েছেন। বাকশালী একদলীয় শাসনের কারণে আপনাদের বাংলাদেশের মানুষ উচ্চ মূল্য দিয়ে বিদায় করেছিল, কিন্তু আপনারা ইতিহাস মনে রাখেননি। আপনারা আবার পুনরাবৃত্তি করছেন ইতিহাসের।”

ঢাকা জেলার আহ্বায়ক সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে কর্মী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, ঢাকা জেলা বিএনপি সভাপতি দেওয়ান মো. সালাউদ্দিন বাবু, সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, যুগ্ম সম্পাদক হেলেন জেরিন খান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য অর্পনা রায় উপস্থিত ছিলেন।