বিএনপি ‘ফিনিক্স পাখির মতো’ জেগে উঠবে: ফখরুল
বর্তমান পরিস্থিতি অতিক্রম করে বিএনপি ‘ফিনিক্স পাখির মতো’ জেগে উঠবে বলে দলে নেতা-কর্মীদের আশা দিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
টানা এক দশক ক্ষমতার বাইরে থেকে সরকারের নির্যাতনে দলের নেতা-কর্মীদের দুর্দশা দেখে কয়েক দিন আগেই কেঁদে ফেলা ফখরুল সোমবার ঢাকায় এক আলোচনা সভায় দলের ‘জেগে ওঠার’ আশা দেখান।
তিনি বলেন, “আমরা বলতে চাই, বিএনপি ধ্বংসস্তুপ থেকে ফিনিক্স পাখির মতো জেগে উঠে। বাংলাদেশের মানুষের ভালোবাসা, দেশপ্রেম, স্বাধীন থাকবার যে আগ্রহ-আকাঙ্ক্ষা, তাকে কোনো দিন দাবিয়ে রাখা যাবে না।”
পুরানের আগুনে পাখি ফিনিক্স, যার জীবনচক্র আবর্তিত হয় বারবার। পুরানের বর্ণনায়, যমদূত আসার আগে ফিনিক্স পাখি নিজের বাসা নিজেই আগুন দিয়ে জ্বালিয়ে দেয়, ভস্ম থেকে হয় তার পুনর্জন্ম।
বর্তমান সরকারকে কোনঠাসা করতে কী করতে হবে, তার উপায়ও নেতা-কর্মীদের বাতলে দেন বিএনপি মহাসচিব।
“আমাদেরকে সবার আগে যেটা করতে হবে, ঐক্য সৃষ্টি করতে হবে, সংগঠন গড়ে তুলতে হবে এবং আন্দোলনের মুখেই নির্বাচনে যেতে হবে এবং সেখানেই আমাদের জয়লাভ করতে হবে।”
এজন্য দলীয় নেতা-কর্মীদের শৃঙ্খলাবদ্ধ হওয়ার তাগিদও দেন ফখরুল।
“আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে যত যুদ্ধ জয় সম্ভব হয়েছে, যত আন্দোলন-সংগ্রাম সফল হয়েছে, এর সব কিছুর পেছনে ছিল ডিসিপ্লিনড ফোর্স। যদি শৃঙ্খলাবদ্ধ না হন, তাহলে কোনো আন্দোলনে বিজয় অর্জন করা যাবে না।”
বর্তমান সরকার ‘চরম অজনপ্রিয়’ দাবি করে বিএনপি মহাসচিব ঘরে ঘরে গিয়ে জনগণকে তা বলতে পরামর্শ দেন তিনি।
“ঘরে ঘরে মানুষের কাছে গিয়ে বলতে হবে কোথায় অন্যায়টা হচ্ছে, কেন আমরা এই কথা বলছি। আজকে ৬০/৭০ টাকা চালের দাম, মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই, মানুষ গুম হয়ে যাচ্ছে। মানুষকে সরকারের অন্যায়গুলো বলুন।”
বর্তমান সরকারকে ক্ষমতায় রেখে একাদশ সংসদ নির্বাচন করতে দেওয়া হবে না বলে আবারও আওয়ামী লীগকে হুঁশিয়ার করেন বিএনপি মহাসচিব।
ওবায়দুল কাদের ‘কিছুটা বাস্তববাদী’
বিএনপির জনসমর্থনের কথা স্বীকার করায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ‘কিছুটা বাস্তবাদী’ বলেছেন ফখরুল।
তিনি বলেন, “হাসানুল হক ইনু সাহেব (জাসদ সভাপতি) প্রায়ই বলেন যে, বিএনপির রাজনীতি বন্ধ করতে হবে। হানিফ সাহেব (আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব-উল আলম হানিফ) বলেন, বিএনপিকে রাজনীতি করতে দেওয়া যাবে না।
“অবশ্য ওবায়দুল কাদের সাহেব বলেন যে, বিএনপিকে অস্বীকার করা যাবে না, এর পেছনে এখনও বহু লোক আছে। কিছুটা বাস্তববাদী, এই কারণে তিনি সেই কথা বলেন। তবে আমি কোনো ব্যক্তি নিয়ে কথা বলতে চাই না, কারণ এটা আমার অভ্যাস নয়।”
ফখরুল কিছু না বললেও রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে এই সভায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাদেরকে ‘বয়াতি’ আখ্যায়িত করেন।
তিনি বলেন, “প্রতিদিন উনি কোনো না কোনো গান গাচ্ছেন। উদ্ভট, অদ্ভুত গান গেয়ে যাচ্ছেন। মানুষ শুনছে কি শুনছে না, সেই দিকে তার খেয়াল নেই।
“তিনি বলেছেন, বিএনপি গভীর খাদের কিনারে। আমি বলতে চাই, আপনারা কি বিশাল ফুল বাগানের কিনারে দাঁড়িয়ে আছেন না কি? আপনারা এমন একটি কিনারে দাঁড়িয়ে আছেন, শুধু ছোট্ট একটা ধাক্কা খেলেই সিটি করপোরেশনের ডাস্টবিনের মধ্যে পড়ে যাবেন- এটা মনে রাখবেন ওবায়দুল কাদের সাহেব।”
‘৭২-৭৫ সালের ইতিহাস মানুষ ভুলবে না’
সোহরাওয়ার্দী উদ্যানে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতি ইঙ্গিত করে ১৯৭২-৭৫ সালে আওয়ামী লীগের শাসনামলের ইতিহাস জনগণ ভুলে যাবে না বলে প্রতিক্রিয়া জানিয়েছেন ফখরুল।
তিনি বলেন, “ইতিহাসের কথা বলেন আপনারা! ১৯৭২-৭৫ সাল পর্যন্ত এদেশে কী করেছেন, এটা সবাই জানে। তখনও আজকের মতো অবস্থা ছিলে, রাস্তার ধারে গুলিবিদ্ধ ডেডবডি পড়ে থাকত। তখন আজকের মতোই গুম হয়ে যেত, কেউ খবর দিতে পারত না।
“কমিউনিস্ট পার্টির শান্তি সেন, তার স্ত্রী, তার ভাইয়ের বউকে ওই রক্ষী বাহিনী তুলে নিয়ে গিয়েছিল। সারা রাত পানির মধ্যে, ঠাণ্ডার মধ্যে চুবিয়ে রেখেছিল, ২১দিন নির্মম নির্যাতন করেছিল। সিরাজ সিকদার ভিন্নমত পোষণ করতেন বলে তাকে গ্রেপ্তার করে পেছন দিক থেকে গুলি করে বললেন যে ‘ক্রসফায়ার’। এরকম হাজার হাজার ভিন্নমতের মানুষকে নির্যাতন করা হয়েছে, সেই ইতিহাস জনগণ ভুলে যাবে না।”
তারেক রহমানের ৫৩তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এই আলোচনায় সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তরের জ্যেষ্ঠ সহ-সভাপতি মুন্সি বজলুল বাসিত আনজু। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আবদুস সালাম, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, সহ-সম্পাদক আবদুস সালাম আজাদ, যুবদলের সাইফুল ইসলাম নিরব, সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আহসানউল্লাহ হাসান, মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার বক্তব্য রাখেন।
