২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়র হানিফের মৃত্যুবার্ষিকীতে কর্মসূচি

ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র মোহাম্মদ হানিফের একাদশ মৃত্যুবার্ষিকী ২৮ নভেম্বর বুধবার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2017, 05:47 PM

Updated : 19 Aug 2022, 06:03 PM

মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা মহানগর আওয়ামী লীগ ও মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশনসহ বিভিন্ন সংগঠন আজিমপুর কবরস্থানে কবর জিয়ারত, দোয়া ও মিলাদ মাহফিল, স্মরণসভা আয়োজন করেছে।

নগর ভবনে স্মরণ সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

আওয়ামী লীগ নেতা হানিফের ছেলে সাঈদ খোকন বর্তমানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র। 

২০০৬ সালের ২৮ নভেম্বর রাতে ৬২ বছর বয়সে মারা যান বঙ্গবন্ধুর সচিব মোহাম্মদ হানিফ।

২০০৪ সালের ২১ অগাস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলায় অন্যান্য নেতার সঙ্গে হানিফও আহত হন। তার মস্তিস্কসহ দেহের বিভিন্ন অংশে অসংখ্য স্প্লিন্টার ঢুকে গিয়েছিল।

ওই ক্ষত নিয়ে চলতে চলতেই ২০০৬ সালের ৮ ফেব্রুয়ারি মুক্তাঙ্গনে এক সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় তিনি হৃদরোগে আক্রান্ত হন। শরীরে থাকা স্প্লিন্টারের কারণে তার শারীরিক অবস্থার অবনতি হয় বলে চিকিৎসকরা জানান।

১৯৪৪ সালের ১ এপ্রিল ঢাকার জন্ম মোহাম্মদ হানিফের। তিনি বিয়ে করেন পুরান ঢাকার প্রভাবশালী মাজেদ সর্দারের মেয়েকে।

ছাত্রাবস্থায় ছাত্রলীগের সক্রিয় কর্মী হিসেবে রাজনীতি শুরু করে জীবনের শেষ দিন পর্যন্ত আওয়ামী লীগের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন তিনি।

১৯৬৫ সালে বঙ্গবন্ধুর একান্ত সচিবের দায়িত্ব পান হানিফ। ১৯৭৩ সালে বঙ্গবন্ধুর ছেড়ে দেওয়া ঢাকা-১২ আসন থেকে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন তিনি, পালন করেন হুইপের দায়িত্ব।

১৯৭৬ সালে ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন হানিফ। মৃত্যুর আগ পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন। ১৯৯৪ সালে বিএনপি আমলে তিনি দলটির প্রার্থী মির্জা আব্বাসকে হারিয়ে মেয়র নির্বাচিত হন।