২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিটি নির্বাচন সরকার ও ইসির জন্য অগ্নিপরীক্ষা: মোশাররফ

একাদশ নির্বাচনের আগে সিটি করপোরেশন নির্বাচনগুলোকে সরকার ও নির্বাচন কমিশনের অগ্নিপরীক্ষা হিসেবে দেখছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2017, 04:23 PM

Updated : 19 Aug 2022, 06:03 PM

দুপুরে রাজধানীতে এক আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, “রংপুরসহ বিভিন্ন সিটি করপোরেশনে এবারের নির্বাচনকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছি। কেননা এসব নির্বাচন একাদশ নির্বাচনের পূর্বে হচ্ছে। তাই এসব নির্বাচনে আমরা দেখতে চাই, বর্তমান নির্বাচন কমিশনের আচরণ, আমরা দেখতে চাই, সরকারের কী আচরণ। এসব নির্বাচন সরকার ও বর্তমান নির্বাচন কমিশনের জন্য একটি অগ্নিপরীক্ষা।

“এরপর আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া নির্বাচনকালীন সরকারের একটা রূপরেখা দেবেন। সেই রূপরেখা নিয়ে আমরা জনগণের কাছে যাব এবং যদি আমরা দেখি এই সরকার আবার ২০১৪ সালের মতো নির্বাচনের দিকে হাঁটছে, আমরা বিশ্বাস করি এবার আর জনগণ তা হতে দেবে না।”

দেশে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে তার দলকেই জনগণ ক্ষমতায় বসাবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ নাগরিক অধিকার ফোরামের উদ্যোগে ‘গুম, খুন ও নির্যাতন বন্ধের দাবিতে করণীয়’ শীর্ষক এই আলোচনা সভা হয়। এতে মূল প্রবন্ধ পাঠ করেন সাউথ এশিয়া ল’ইয়ার্স ফোরামের সদস্য অ্যাডভোকেট রফিক সিকদার।

গুম নিয়ে সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য দিয়ে ‘বিভ্রান্তি’ সৃষ্টি করছেন বলে মন্তব্য করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।

তিনি বলেন, “দেশের প্রধানমন্ত্রী স্বীকার করতে বাধ্য হয়েছেন দেশে গুম হয়। সেই গুমকে যৌক্তিক করার জন্য তিনি বিভিন্ন দেশে গুম হওয়ার কথা বলেছেন। আমরা স্পষ্টভাবে বলতে চাই, বিশ্বের কোনো দেশে কোনো উদাহরণ দেখাতে পারবেন না প্রধানমন্ত্রী যে, রাষ্ট্রীয় নির্দেশে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে এভাবে কোনো গুমের ঘটনা ঘটেছে।

“আমরা নিন্দা জনাই, মাননীয় প্রধানমন্ত্রী আপনি সত্যকে গোপন করে অন্য দেশের উদাহরণ দিয়ে আজকে এদেশের মানুষকে প্রতারণা করার চেষ্টা করছেন। এটা অত্যন্ত দুঃখজনক প্রধানমন্ত্রীর পদে থেকে এভাবে জনগণকে বিভ্রান্ত করার অধিকার আপনার নাই।”

নিখোঁজ লাকসাম পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির পারভেজের স্ত্রী শাহনাজ আকতার রানুর সভাপতিত্বে ও সাবেক ছাত্র নেতা রবিউল হোসেন রবির পরিচালনায় আলোচনা সভায় দলের ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, সিদ্দিকুর রহমান খান, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল আজীম, কেন্দ্রীয় নেতা বদিউজ্জামান আকন্দ, বিএনপি নিখোঁজ কয়েকজন নেতার পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন।