২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উন্নয়ন কার জন্য হচ্ছে, প্রশ্ন মেননের

দেশের উন্নয়ন কাদের জন্য হচ্ছে প্রশ্ন করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, দেশে উন্নয়নের পাশাপাশি বৈষম্য বাড়ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2017, 07:06 PM

Updated : 11 Oct 2022, 02:43 PM

রুশ বিপ্লবের শতবার্ষিকী উপলক্ষে শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি আয়োজিত এক জনসভায় এ কথা বলেন তিনি।

পার্টির সভাপতি মেনন বলেন, “বাংলাদেশের সংবিধানে সমাজতন্ত্রের পুনর্বাসন হয়েছে, কিন্তু অর্থনীতি চলছে নয়া উদারনীতিবাদের পথে। উন্নয়ন হচ্ছে সন্দেহ নেই, দেশ এগিয়ে যাচ্ছে সন্দেহ নেই। বিদ্যুৎ আসছে; কিন্তু কার জন্য, কার প্রয়োজনে?

“উন্নয়নের পাশাপাশি বৈষম্য সৃষ্টি হচ্ছে।এক লাখ ২৫ হাজার কোটিপতি সৃষ্টি হয়েছে। এর বিপরীতে দারিদ্র সীমার নীচে বাস করছে ৩ কোটি মানুষ। সংবিধানের মূলনীতির চার মূলনীতির এক নীতি সমাজতন্ত্র। শোষণ মুক্তিও রাষ্ট্রগঠনের মূলনীতি বলা হয়েছিল। বলা হয়েছিল, সকল মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, সমতা অর্জনের আমাদের লক্ষ্য।”

তিনি বলেন, “আজকে ৪৬ বছর পরে সেই সমাজতন্ত্র শুধু কল্পনা, তার বাস্তব ভিত্তি নেই। এই বাংলাদেশ তাকিয়ে দেখুন, বাংলাদেশের দিকে সংবিধানের দিকে সমাজতন্ত্রের পুনর্বহাল হয়েছে, কিন্তু রাষ্ট্রে কোন থিওরিতে চলছে?”

নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি প্রসঙ্গে বিমানমন্ত্রী বলেন, “নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে; চাল-সবজির দাম বাড়ছে। মানুষের আয় চলে যাচ্ছে নিত্য পণ্যের সংস্থানের জন্য। মানুষের হাতে কাজ নেই বলে যুব সমাজ মাদকাসক্ত হচ্ছে, পথভ্রষ্ট হচ্ছে।”

রংপুরে পরিকল্পিতভাবে সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়ে দেওয়া হয়েছে অভিযোগ করে মেনন বলেন, “এর বিরুদ্ধে একটিই বিকল্প-সমাজতন্ত্র।”

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা বৃদ্ধির কথা তুলে ধরে ক্ষমতাসীন জোটের এই নেতা বলেন, “পে-কমিশন বাস্তবায়ন হয়েছে, কিন্তু শ্রমিকদের মজুরি বাড়ে নাই।”

রোহিঙ্গা সঙ্কটের প্রসঙ্গে মেনন বলেন, “দশ লাখ রোহিঙ্গার পাশাপাশি আন্তর্জাতিক চক্রান্তও আসছে। দেশের অগ্রগতিকে পিছিয়ে দিতে ষড়যন্ত্র হচ্ছে।”

মন্ত্রী বলেন, “সমাজতন্ত্র অলীক নয়, সমাজতন্ত্র কাঙ্ক্ষিত নয়, সমাজতন্ত্র বাস্তব। সেটার বাস্তব হয়েছিল রুশ দেশে। পুঁজিবাদের বিরুদ্ধে শোষণের বিরুদ্ধে এদেশের মানুষও জেগে উঠেছিল।”

সমাজতন্ত্রের বিপ্লব পৃথিবীকে পাল্টে দিয়েছিল বলে মন্তব্য করে তিনি বলেন, “লেনিনের আহ্বানে শ্রমজীবী মানুষ জীবন বাজি রেখে পুঁজিবাদকে রুখে দিয়ে, সমাজতন্ত্র বাস্তবায়ন করেছিল।”

রুশ বিপ্লবের শতবার্ষিকী উপলক্ষে ২৬ মে রাজধানীতে একটি সেমিনারের মাধ্যমে উদযাপন শুরু করে ক্ষমতাসীনদের শরিক ওয়াকার্স পার্টি। ‘পুঁজিবাদ নয়- সমাজতন্ত্রেই মানবমুক্তির পথ’ শ্লোগানে শনিবার সমাপনী সমাবেশ ও র‌্যালির আয়োজন করে ওয়ার্কাস পার্টি।

অনুষ্ঠানে পার্টির ‘ঘোষণা পাঠে’ সাধারণ সম্পাদক ফজলে হাসান বাদশা বলেন, “সামাজিক ন্যায্যতা-সমতা প্রতিষ্ঠাসহ মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক জনগণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলে সমাজতন্ত্রের লক্ষ্যাভিমুখে এগিয়ে যাবে।”

পরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি র‌্যালি প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়।