২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপেক্ষায় থাকুন: বিএনপিকে ওবায়দুল কাদের

সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার জন্য পুলিশের অনুমতির অপেক্ষায় থাকতে বিএনপিকে পরামর্শ দিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2017, 07:59 PM

Updated : 19 Aug 2022, 05:55 PM

৭ নভেম্বর উপলক্ষে ঢাকায় খালেদা জিয়াকে নিয়ে সমাবেশ করতে বিএনপির অনুমতি এখনও না পাওয়ার মধ্যে বুধবার সাংবাদিকদের প্রশ্নে প্রতিপক্ষ রাজনৈতিক দলটির উদ্দেশে একথা বলেন তিনি।

জাতীয় জাদুঘরে এক অনুষ্ঠান শেষে ওবায়দুল কাদের বলেন, “বিএনপিকে অনুমতির জন্য অপেক্ষা করতে বলুন, পুলিশ কী বলে দেখুক।”

বিএনপি এই সমাবেশটি ৭ নভেম্বর করতে চাইলেও সিপিএ সম্মেলনের কারণে অনুমতি না পাওয়ায় আগামী রোববার তা করতে চাইছে।

বুধবার শাহবাগে জাতীয় জাদুঘরে যে অনুষ্ঠানটিতে ওবায়দুল কাদের ছিলেন, তাও সোহরাওয়ার্দী উদ্যানে কোর কথা ছিল বলে তিনি জানান।

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য‘ হিসেবে ইউনেস্কোর ‘মেমোরি অফ দা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্ট্রারে’ যুক্ত হওয়ায় সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আওয়ামী লীগের সাংস্কৃতিক উপ-কমিটি এই অনুষ্ঠান আয়োজনে করে।

মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, “আমাদের আজকের সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার কথা ছিল সোহরাওয়ার্দী উদ্যানে। কিন্তু আইনশৃঙ্খলার কারণে আমাদের অনুষ্ঠান সেখানে করতে দেওয়া হয়নি। আমরা তা শিফট করে জাদুঘরে করেছি।

“সেখানে আমাদের ১৮ নভেম্বর নাগরিক সমাবেশ হবে। সেজন্য আমরাও অনুমতি চেয়েছি, এখনও পাইনি। আমরাও অপেক্ষা করছি। সমাবেশের অনুমতি তো পুলিশ দেবে, সরকার না।”

৭ নভেম্বরে জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে বিএনপিকে বাধা দেওয়ার অভিযোগও নাকচ করেন ওবায়দুল কাদের।

Image
ওবায়দুল কাদের (ফাইল ছবি)

ওবায়দুল কাদের (ফাইল ছবি)

তিনি বলেন, “আমাকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সিপিএ সম্মেলনের কারণে তারা যেন একটু শৃঙ্খলায় থাকে। বিএনপিকে জিয়ার মাজারে যাওয়ায় বাধা দেওয়া হয়নি। তাদেরকে অনুমতি দেওয়া হয়েছিল, বলা হয়েছিল আপনারা কিছু লোক যান, কিন্তু তারা সেখানে না গিয়ে বাধার অভিযোগ তুলেছে।”

বিএনপির নানা অভিযোগের জবাবে তাদের শাসনামলে আওয়ামী লীগের সঙ্গে আচরণের তুলনা করেন ওবায়দুল কাদের।

“মির্জা ফখরুল সাহেব যে বলেছেন, সমাবেশের অনুমতি দিয়ে প্রমাণ করতে হবে দেশে গণতন্ত্র আছে, আমি মির্জা ফখরুল সাহেবের কাছে জানতে চাই, একুশে ফেব্রুয়ারি তিন দিনের কর্মসূচি, ২৩ নম্বর বঙ্গবন্ধু এভিনিউয়ের বারান্দায় যখন আমরা প্রোগ্রাম করেছিলাম, আমাদের সেই মিটিং পুলিশ আক্রমণ করে বন্ধ করে দিয়েছিল, মাইক ছিনিয়ে নিয়ে গিয়েছিল, তখন গণতন্ত্র কোথায় ছিল?”

“যখন বঙ্গবন্ধু এভিনিউয়ে বঙ্গবন্ধুকন্যা সন্ত্রাসবিরোধী সমাবেশ করছিলেন, তখন হাওয়া ভবন থেকে নির্দেশ দিয়ে ২২ জনকে হত্যা করা হয়েছিল, সেদিন গণতন্ত্র কোথায় ছিল?”

এদিকে অনুমতি না পেলেও সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার প্রস্তুতি নিতে শুরু করেছে বিএনপি; দলের চেয়ারপারসন খালেদা জিয়া সেখানে ভাষণ দেবেন বলে বুধবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পুরনো খবর:

সোহরাওয়ার্দীর জনসভায় ‘ভাষণ দেবেন’ খালেদা
সোহরাওয়ার্দীতে বিএনপির সমাবেশে সহযোগিতা করবে সরকার: হাছান