২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের সব অর্জন আ. লীগের: আমু

বাংলাদেশের সব উন্নয়ন অগ্রগতি আওয়ামী লীগের হাত ধরে এসেছে বলে দাবি করেছেন দলটির নেতা আমির হোসেন আমু।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2017, 01:45 AM

Updated : 19 Aug 2022, 05:55 PM

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃতি পাওয়া নিয়ে মঙ্গলবার রাজধানীতে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ কমিটির এক অনুষ্ঠানে এ দাবি করেন তিনি।

আমু বলেন, “৭ মার্চের ভাষণ বঙ্গবন্ধুর সারা জীবনের রাজনৈতিক সাধনার ফসল। মন্ত্রমুগ্ধের মতো পুরো জাতি সে ভাষণ শুনেছিল। সেদিন বঙ্গবন্ধু জাতিকে তুমি বলে যেভাবে সম্বোধন করেছিলেন, তেমনি জাতিও বঙ্গবন্ধুকে সেভাবে গ্রহণ করেছিল।

“৭ মার্চের ভাষণ ছিল অসহযোগ আন্দোলনের ভাষণ।ভাষণে তিনটি অংশ ছিল। প্রথমটি পাকিস্তানের ২৪ বছরের ইতিহাস, দ্বিতীয়ত যে দিন তিনি ভাষণ দিচ্ছিলেন সেদিন পর্যন্ত ঘটে যাওয়া ঘটনার বর্ণনা এবং তৃতীয়টি করণীয়। একটি পূর্ণাঙ্গ ভাষণ তিনি (বঙ্গবন্ধু) সেদিন জাতির উদ্দেশ্যে দিয়েছিলেন।”

Image
আমির হোসেন আমু, ফাইল ছবি, ফাইল ছবি

আমির হোসেন আমু, ফাইল ছবি, ফাইল ছবি

বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগের এই নেতা বলেন, “স্বাধীনতার পরে এ দেশে যত উন্নয়ন হয়েছে সব আওয়ামী লীগের হাত ধরে হয়েছে। বাংলাদেশে আর কোনো সরকারের উন্নয়ন, অগ্রগতি জাতির কোনো উপকারে আসে নাই।

“দেশ ভাগের পর থেকে স্বাধীনতা পর্যন্তও এ দেশের সকল উন্নয়ন আওয়ামী লীগের হাত দিয়ে। বঙ্গবন্ধু মন্ত্রী ছিলেন, তিনি স্বাধীনতার স্বপ্ন নিয়ে দেশ গড়ার কাজ আগেই শুরু করেছিলেন।এদেশের স্বার্থের কথাই সব সময় চিন্তা করেছেন।”

ষাটের দশকের ছাত্রনেতা আমির হোসেন আমু বলেন, “প্রতিটি জিনিস বঙ্গবন্ধু করে রেখেছিলেন। হঠাৎ করে তিনি কোনো বক্তব্য দিয়ে দেননি। হঠাৎ করে গেলাম আর ভারত আমাদের আশ্রয় দিয়ে দিল? অস্ত্র দিয়ে দিল? সব কিছু বঙ্গবন্ধু আগে থেকেই ঠিক করে রেখেছিলেন।”

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন বলেন, “এখন অনেকেই বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ নিয়ে তীর্যক মন্তব্য করে বলেন, এটি স্বাধীনতার ঘোষণা নয়। কিন্তু আমি দুটো তথ্য দিতে চাই। ৭ মার্চের ভাষণের পর পাকিস্তানের গোয়েন্দা সংস্থা একটি প্রতিবেদনে বলেছে, ‘চতুর শেখ মুজিব কৌশলে স্বাধীনতার ঘোষণা দিয়ে গেছে’। আর দেশ স্বাধীন হওয়ার পর সাপ্তাহিক বিচিত্রায় জিয়াউর রহমান একটি নিবন্ধে লিখেছেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণে আমরা দিক-নির্দেশনা পেয়েছিলাম।”

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন অর রশিদ।

আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমীনের সঞ্চালনায় সেমিনার বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার রফিকুল ইসলাম, সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।