বিএনপি যাবেই নির্বাচনে, হবে গণজোয়ার: মওদুদ
দশম সংসদের ভোট বর্জন করা বিএনপি যে কোনো প্রতিকূল পরিবেশে আগামী নির্বাচনে অংশ নেবে বলে সরকারকে সতর্ক করে দিয়েছেন মওদুদ আহমদ।
খালেদা জিয়া দেশজুড়ে এমন গণজোয়ার সৃষ্টি করবেন যে তার চাপে সরকার বিএনপির সঙ্গে সমঝোতা করতে বাধ্য হবে বলেও শুক্রবার ঢাকায় এক আলোচনা সভায় মন্তব্য করেন দলটির স্থায়ী কমিটির এই সদস্য।
মওদুদ বলেন, “এবার নির্বাচন আমরা করবো, আপনারা প্রস্তুত হোন সবাই। এই নির্বাচনে গণজোয়ার হবে। যদি সমঝোতায় না আসেন বাংলাদেশের মাটিতে গণবিস্ফোরণ ঘটবে। কারণ দেশের মানুষের সহ্যসীমা এখন পেরিয়ে গেছে। মানুষের এখন অন্য কোনো পথ নাই।”
আওয়ামী লীগ নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, গণতন্ত্র, বিচার বিভাগ ও গণমাধ্যমের স্বাধীনতা ‘ফেরাতে’ বিএনপিনেত্রী যখন ‘এলাকায় এলাকায় যাবেন, বিভাগের বিভাগে যাবেন, শহরে শহরে যাবেন। কী রকমের জোয়ার উঠে আপনার তখন টের পাবেন’।
“তখন সংলাপ-সমঝোতা করতে আপনারা বাধ্য হবেন। কারণ দেশে আগামী নির্বাচন হবে না যদি বিএনপি অংশগ্রহণ না করে। এও বলতে চাই, আমরা আগামী নির্বাচনে যে কোনো প্রতিকূল অবস্থায় অংশগ্রহণ করবো।”
মওদুদ আহমদ (ফাইল ছবি)
খালেদা জিয়ার গাড়িবহরে ফেনীতে হামলার প্রসঙ্গ টেনে মওদুদ বলেন, “আমাদের নেত্রীর গাড়িবহরে হামলা কারা করেছে, কে করেছে সবাই জানে। আমি মনে করি, বাংলাদেশের মানুষ সকলেই জানে।
“যারা এটার বিরোধিতা করে কথা বলছেন তারাও জানে যে, এটা আওয়ামী লীগের সন্ত্রাসীরা, ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীরা এই বহরে আক্রমণ করেছে, আঘাত করেছে। আমরা এর তীব্র নিন্দা করি।”
স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর সভাপতিত্বে ও সহ সভাপতি ইশতিয়াক আহমেদ বাবুলের পরিচালনায় সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকন, জাতীয় দলের সভাপতি এহসানুল হুদা ও এলডিপির যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বক্তব্য রাখেন।
