গাড়িবহরে হামলা: প্রতিবাদ কর্মসূচি ঘোষণা বিএনপির
খালেদা জিয়ার যাত্রাপথে হামলায় ঘটনায় বৃহস্পতিবার সারা দেশে ও শনিবার ঢাকা মহানগরীর থানায় থানায় প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
বুধবার দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচির ঘোষণা দেন।
তিনি বলেন, “বিএনপি চেয়ারপারসনের যাত্রাপথে হামলার ঘটনায় আমরা ইতিমধ্যে প্রতিবাদ জানিয়েছি, নিন্দা জানিয়েছি। আমরা এই বিষয়ে এ মুহূর্তে এগ্রেসিভ কোনো কর্মসূচি দিতে চাই না।
“কারণ আমরা আশা করি সরকারের শুভ বুদ্ধির উদয় হবে, তারা সমঝোতার রাস্তায় আসবেন। সেই সমঝোতার রাস্তার পথ আমরা খোলা রাখতে চাই। সেজন্য আমরা প্রতিবাদ জানানো কর্মসূচি দিচ্ছি।”
কর্মসূচি সম্পর্কে মির্জা ফখরুল বলেন, “আগামীকাল বৃহস্পতিবার সারা দেশে জেলা সদরে প্রতিবাদ হবে। এই প্রতিবাদ আমাদের দলের প্রত্যেকটি ইউনিট তাদের মতো করে করবে; যেটা ফিজিবল হবে সেটা… প্রতিবাদ বিক্ষোভ হতে পারে, মিছিল হতে পারে- যেটা সুবিধা হবে সেটা তারা করবে।
“ঢাকা মহানগরে আগামী শনিবার প্রত্যেকটি থানায় প্রতিবাদ সভা অথবা প্রতিবাদ মিছিল হবে... যেটা তাদের সম্ভব হয়। এটাই হচ্ছে আমাদের কর্মসূচি।”
রোহিঙ্গাদের দেখতে সড়কপথে কক্সবাজারে যাওয়ার সময় শনিবার ফেনীতে বিএনপি চেয়ারপারসনের গাড়িবহরে হামলা হয়। বহরের পেছনে থাকা সাংবাদিকদের বেশ কয়েকটি গাড়ি এতে ক্ষতিগ্রস্ত হয়। ফেরার পথে মঙ্গলবারও ফেনীতেই ফের হামলার মুখে পড়ে খালেদার গাড়িবহর।
হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বুধবার সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, “আমরা মনে করি, এই হামলা গণতন্ত্রের প্রতি হামলা। এই হামলা বাংলাদেশের মানুষের অধিকারকে ফিরিয়ে আনার জন্য যে সংগ্রাম চলছে, সেই সংগ্রামের ওপর হামলা। এটা মানবতার বিরুদ্ধে একটা হামলা।”
তিনি বলেন, “আমরা আবারো সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, এই সংঘাতের রাস্তা ছেড়ে দিয়ে আপনারা সমঝোতার রাস্তায় ফিরে আসুন। একটা আলাপ আলোচনা মাধ্যমে, সংলাপের মধ্য দিয়ে আগামী নির্বাচন কীভাবে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হতে পারে, কিভাবে সকলের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন হতে পারে- সেই পথ খুঁজে বের করার জন্য সংলাপের ব্যবস্থা করুন।
“অন্যথায় সময় পেরিয়ে গেলে সেটাও সম্ভব হবে না, তখন আপনাদের ওপর দায় আপনাদেরকে বহন করতে হবে।”
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আহমেদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা আবুল কালাম আজাদ সিদ্দিকী, মীর সরফত আলী সপু, অধ্যাপক ওবায়দুল ইসলাম, আবদুস সালাম আজাদ, মুনির হোসেন এবং রফিক শিকদার উপস্থিত ছিলেন।
