সমালোচকরাই জাসদকে পাশে রাখে বেশি: ইনু
জাসদের সমালোচনা যারা করেন, তারাই জাসদকে পাশে রাখেন বলে মন্তব্য করেছেন দলটির সভাপতি হাসানুল হক ইনু।
মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি বলেন,“যারা জাসদের বেশি সমালোচনা করে তারাই জাসদকে পাশে রাখে, তারাই জাসদকে ঐক্যের কাফেলায় রাখে।”
স্বাধীনতা পরবর্তী সময়ে গঠিত জাসদের ওই সময়কার ভূমিকা নিয়ে তাদের জোট শরিক আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার সমালোচনার জবাব এভাবে দিলেন ইনু।
ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট সরকারে তথ্যমন্ত্রীর দায়িত্বে রয়েছেন জাসদ সভাপতি।
বাংলাদেশের স্বাধীনতার পরে আওয়ামী লীগের একটি অংশ ১৯৭২ সালের ৩১ অক্টোবর ‘বৈজ্ঞানিক সমাজতন্ত্রের’ স্লোগান দিয়ে গঠন করেছিল জাসদ।
তখন জাসদের সরকারবিরোধী চরম ভূমিকা জাতির জনক শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পথ তৈরি করেছিল বলে আওয়ামী লীগের অনেক নেতা মনে করেন।
তখন আওয়ামী লীগের চরম বিরোধী জাসদ এরপর ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে কয়েকভাগে ভাগ হয়। পরে কয়েকটি অংশ এক হয়ে আওয়ামী লীগের জোটে আসে।
ইনু বলেন,“জাতীয় সঙ্কটের সময় কখনোই জাসদ দলের স্বার্থ দেখেনি, দেশের কথা ভেবে জাতির ঐক্যের ভূমিকা গ্রহণ করেছে। জাসদ যখন দেখে বিভ্রান্তি, জনগণ যখন দিশেহারা, তখন জাসদ জাতির প্রয়োজনে সঠিক কৌশল নিয়ে রাজনৈতিক ঐক্য গ্রহণ করেছে।”
সমাজতন্ত্রের পথে থেকে জাসদের বিচ্যুতি কিংবা দলটির বর্তমান অবস্থান নিয়ে যারা প্রশ্ন তোলেন, তাদের সমালোচনাও করেন ইনু।
“যারা আজকে জাসদের সমালোচনা করেছে, জাসদের দরকার নাই। তাদের উদ্দেশে বলতে চাই, মুক্তিযুদ্ধের চেতনার প্রশ্ন, অসাম্প্রদায়িক চেতনার প্রশ্ন, গণতন্ত্রের প্রশ্ন, শোষণ-বৈষম্যেরর প্রশ্ন, দোদুল্যমানতার ও সাহসের প্রশ্ন যতদিন, ততদিন জাসদের চাহিদা থাকবে
“যারা আমাদের সমালোচনা করেন, সেই কাক পক্ষিরা বামপন্থিরা, ওই জাসদ ত্যাগকারীরা তুলনা করুক। জাসদের হাজার হাজার কর্মী কোনোদিন বিভ্রান্ত হয়নি।
“যারা জাসদের বেশি সমালোচনা করে, তারা জাসদকে পাশে রাখার জন্য দেন-দরবার করে। জাসদ দূরে থাকলে সমালোচনা করে, জাসদ পাশে আসলে মুখ বন্ধ করে।”
‘সমাজতন্ত্রের স্বার্থে জাসদের দরকার রয়েছে’ দাবি করে ইনু বলেন,জাসদ হচ্ছে ‘বাংলাদেশর আত্মা’, এই জাসদ ছাড়া বাংলাদেশের রাজনীতি চলে না।
বর্তমান পরিস্থিতিতে ‘বাংলাদেশকে বাঁচিয়ে রাখতে’ জাসদ ‘সমাজতন্ত্রের পতাকা হাতে’ কৌশলী পথ নিয়েছে বলে দাবি করেন তিনি।
“বাংলাদেশে যাতে আর রাজাকার সরকার না হতে পারে, সেই ব্যাপারটার মীমাংসা করতে হবে। একবার রাজাকার সরকার, আরেকবার মুক্তিযুদ্ধের সরকার, এই রাজনীতর খেলাটা বন্ধ করা দরকার।”
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধু এভিনিউয়ে শহীদ কর্নেল তাহের মিলনায়তনে প্রয়াত নেতাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ শেষে শোভাযাত্রার বের করেন জাসদের নেতাকর্মীরা। শোভাযাত্রাটি হাই কোর্ট মোড়, জাতীয় প্রেস ক্লাব, পল্টন হয়ে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
সমাবেশে জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার, স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক আনোয়ার হোসেনসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।
