২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমপি আলী আজমের বিরুদ্ধে ব্যবস্থার দাবিতে মানববন্ধন

ছাত্রলীগের সাবেক এক নেতাকে মোবাইল ফোনে ‘হত্যার হুমকি’ দেওয়ার অভিযোগে ভোলা-২ (বোরহানউদ্দিন-দৌলতখান) আসনের সাংসদ আলী আজমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে ঢাকায় মানববন্ধন করেছে তার এলাকার যুব ও ছাত্রলীগের একদল কর্মী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2017, 10:50 PM

Updated : 12 Apr 2022, 12:35 AM

বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে তারা আওয়ামী লীগের এই সংসদ সদস্যকে জাতীয় সংসদ ও দল থেকে বহিষ্কারের দাবি জানান।

গত ১৮ অক্টোবর এই সাংসদের বিরুদ্ধে রাজধানীর মোহাম্মদপুর থানায় একটি জিডি করেন ভোলার বোরহানউদ্দিন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মহিবুল আলম খোকন।

জিডিতে তিনি লেখেন, “বিবাদি (আলী আজম) তার মোবাইল ফোন থেকে ফোন দিয়ে আমাকে গালিগালাজ করে বিভিন্ন ধরনের হুমকি ও ভয়ভীতি প্রদান করে, আমাকে মেরে ফেলবে এবং আমার পরিবারের সবাইকে মেরে ফেলবে বলে হুমকি প্রদান করেন।”

ফিরোজ খান, আরিফুর রহমান রোমন, আব্দুল্লাহ আল মামুন, আমজাদ তালুকদার, তাবিদ আল হাসান, হারুন শিকদার, মিজানুর রহমান, রাসেল আকন্দসহ প্রায় শতাধিক ব্যক্তি মানববন্ধনে অংশ নেন। তারা নিজেদের দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মী হিসেবে নিজেদের পরিচয় দেন।

ছাত্রলীগের সাবেক নেতা মহিবুল আলম খোকনকে ‘হত্যার হুমকি দিয়ে’ সংসদ সদস্য আলী আজম জাতীয় সংসদের মর্যাদা, আওয়ামী লীগ ও ছাত্রলীগের মর্যাদা ক্ষুণ্ন করেছেন বলে অভিযোগ করেন তারা।

মানববন্ধন থেকে সাংসদ আলী আজমের বহিষ্কার দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

ওই সাংসদের বিরুদ্ধে জিডি করে খোকন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “আমি আওয়ামী লীগে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ফেইসবুকে স্ট্যাটাস দেওয়ায় এমপি আলী আজম মোবাইল ফোনে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ  এবং পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেন।”

তার এই অভিযোগ নাকচ করে আলী আজম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, সাবেক ছাত্রলীগ নেতা খোকন ‘মাদকাসক্ত’। এখন তিনি জামায়াতে ইসলামীকে ‘ইন্ধন’ দিচ্ছেন।

আলী আজম আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলির সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদের ভাতিজা।

পুরনো খবর:

এমপির বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ সাবেক ছাত্রলীগ নেতার