২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার ব্যর্থ হলে মিয়ানমারের সুর নরম হত না: কাদের

রোহিঙ্গা সঙ্কটে সরকারের ভূমিকা নিয়ে বিএনপির সমালোচনার জবাবে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের  কূটনৈতিক উদ্যোগ ব্যর্থ হলে মিয়ানমার তাদের নাগরিকদের ফিরিয়ে নিতে উদ্যোগী হত না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2017, 05:28 PM

Updated : 19 Aug 2022, 05:43 PM

তিনি বলেছেন, “রোহিঙ্গা ইস্যু নিয়ে মিয়ানমার তাদের অবস্থানে অনড় ছিল। কিন্তু কিছুদিন আগে মিয়ানমারের মন্ত্রী এসেছেন। একটা জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ করার সিদ্ধান্ত হয়েছে। তাদের সুর যদি নরম না হত, অবস্থানের যদি পরিবর্তন না হত, তাহলে মিয়ানমারের মন্ত্রী কী করে বাংলাদেশে আসেন? আলোচনা করেন?”

মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনী নতুন করে দমন অভিযান শুরুর পর ২৫ অগাস্ট থেকে পাঁচ লাখের বেশি রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এই সঙ্কট কাটিয়ে উঠতে সরকার কূটনৈতিকভাবে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করে আসছেন বিএনপি নেতারা।

ওই বক্তব্য প্রত্যাখ্যান করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বলেন, “আমাদের সব কিছুর জন্য একটু ঠাণ্ডা মাথায় অপেক্ষা করতে হবে। যদি কোনো ফাঁদে আমরা পা দিই, তাহলে গোটা অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট হবে।”

রোববার দুপুরে রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় বিআরটিএ-এর ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শনে গিয়ে এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সেতুমন্ত্রী। 

তিনি বলেন, “এখন আপনারা বিএনপি কী বলল- তা নিয়ে বার বার বলছেন। রোহিঙ্গা সমস্যার ব্যাপারে তারা কতটা আন্তরিক? আজকে বাংলাদেশ যে সঙ্কটে পড়েছে, এখানে তারা কতটা কনসার্ন? তাদের উদ্বেগটা আসলে রাজনৈতিক।” 

বিএনপি যদি সত্যিই উদ্বিগ্ন হত, তাহলে দলটির নেত্রী খালেদা ‘দিনের পর দিন’ বিদেশে অবস্থান করেন কীভাবে- সেই প্রশ্ন করেন আওয়ামী লীগ নেতা কাদের। 

তিনি বলেন, “বাকিরা এখানে বসে শুধু প্রেস ব্রিফিংয়ে মিথ্যাচার করে বেড়াচ্ছেন। চেয়ারপারসনের অনুপস্থিতিতে কর্মীরা যে হতাশ, এ থেকে কর্মীদের চাঙ্গা করতে তারা আবোল তাবোল বকছেন। এছাড়া আমি অন্য কিছু দেখছি না।”  

মিয়ানমার থেকে আরও রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করতে পারে- জাতিসংঘের এমন আশঙ্কার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ওবায়দুল কাদের বলেন, “আমি স্পটে ছিলাম সঙ্কটের শুরু থেকে। আমি নিজেই সেই জনস্রোতটা দেখেছি। আগের মত সেই জনস্রোত আর নেই। আরও আসতে পারে এ আশঙ্কা জাতিসংঘ করছে। কাজেই জাতিসংঘেরই এখানে কঠোর অবস্থান নেওয়া উচিত, যাতে নতুন করে ইনফ্লাক্স হতে না পারে।”

মিয়ানমার বারবার আকাশসীমা লঙ্ঘন করছে- এ বিষয়ে বাংলাদেশ কী পদক্ষেপ নিয়েছে জানতে চাইলে সেতুমন্ত্রী বলেন, শুরুর দিকে কিছু ঘটনা ঘটলেও বিশ্ব জনমতের চাপে, জাতিসংঘসহ বাংলাদেশের কূটনৈতিক উদ্যোগের ফলে এখন আর সেটা হচ্ছে না।

সীমান্তে রোহিঙ্গা ঢল বন্ধ করতে সরকার কোনো উদ্যোগ নেবে কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী যখন ওয়াশিংটনে ছিলেন, আমি একদিন তার সঙ্গে আলাপ করেছিলাম যে অনেকেই বলছে সীমান্ত বন্ধ করে দেওয়ার জন্য। তখন তিনি আমাকে বলেছেন, ‘আমরা যখন মানবিক কারণে সীমান্তের দরজা খুলে দিয়েছি। এখন আবার কী এমন কারণ ঘটল যে এটার পরিবর্তন হবে?’

“যে পর্যন্ত কূটনৈতিক উদ্যোগ এবং জাতিসংঘসহ বিশ্ব জনমতের চাপে রোহিঙ্গাদের আসা বন্ধ না হবে, আমরা জোর করে দরজা বন্ধ করব না। মানবিক দৃষ্টিকোণটা আমরা একেকবার একেকরকম করতে পারি না।”

বিপুল সংখ্যক রোহিঙ্গাদের এভাবে বাস্তুচ্যুত করার পেছনে কোনো ষড়যন্ত্র আছে কিনা- এক সাংবাদিকের এমন প্রশ্নে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “সেটা আমি জানি না। ষড়যন্ত্র তো একটা আছেই। মিয়ানমার এদেরকে নাগরিক বলে স্বীকার করে না। এখানে এই মুহূর্তে কেন এটা হল, সেটা অবশ্যই ভেবে দেখতে হবে, খতিয়ে দেখাতে হবে। হুট করে কোনো মন্তব্য করা ঠিক হবে না। চক্রান্ত তো একটা আছেই। চক্রান্তের স্বরূপটা এখনো বলা যাচ্ছে না।”