চীন-রাশিয়াকে রোহিঙ্গা সঙ্কট বোঝাতে সরকার ব্যর্থ: রিজভী
রোহিঙ্গা সঙ্কটের ঘটনায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক থেকে কোনো সিদ্ধান্ত না আসায় সরকারকে ‘কূটনৈতিকভাবে ব্যর্থ’ বলছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী।
রোহিঙ্গা সঙ্কটের বিষয়টি সরকার নিরাপত্তা পরিষদের স্থায়ী দুই সদস্য রাশিয়া ও চীনকে বুঝাতে ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ দলটির বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিবের।
শুক্রবার সকালে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে রিজভী বলেন, “কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত ও প্রস্তাব ছাড়াই শেষ হয়েছে রোহিঙ্গা সঙ্কট নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের উন্মুক্ত বির্তক। গতকালও জাতিসংঘের পক্ষ থেকে রোহিঙ্গাদের ফিরিয়ে নেবে কিনা সেই সংশয় প্রকাশ করা হয়েছে।
“এই সমস্যা সমাধান না হওয়ার প্রধান কারণ নিশ্চিতভাবে সরকারের কূটনৈতিক ব্যর্থতা। আমরা মনে করি, রোহিঙ্গা ইস্যুতে সারা বিশ্ব সোচ্চার হলেও বর্তমান সরকারের ভূমিকা নতজানু।”
রাশিয়া ও চীনকে সঙ্কট বোঝাতে ‘সরকারের ব্যর্থতা’ প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, “সরকার প্রভাবশালী দেশগুলোকে পাশে নিতে ব্যর্থ হয়েছে। চীন তো আমাদের বন্ধু রাষ্ট্র, রাশিয়া তো আমাদের বন্ধু রাষ্ট্র, তাদের সাথে কথা বলা; এমনকি ভারত... এত গভীর সম্পর্ক এই সরকারের সাথে, তাদের সাথে কথা বলা...।
“কিন্তু এই ধরনের কোনো উদ্যোগ আমরা সরকারের কাছ থেকে দেখিনি। এই ব্যর্থতার কারণে রোহিঙ্গা পরিস্থিতি এতটা গুরুতর হয়েছে। সুতরাং এই সামগ্রিক ব্যর্থতাটা সরকারের।”
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমালোচনা করে রিজভী বলেন, “আপনারা প্রথম থেকেই দেখেছেন, পররাষ্ট্র মন্ত্রণালয় ছিল স্থবির, নীরব-নির্বাক। এ ব্যাপারে তারা কিছুই বলেনি।
“শুরু থেকে বিষয়টি যদি নিরাপত্তা পরিষদে উত্থাপনে জন্য জোরালো কূটনৈতিক তৎপরতা চালাতেন, তাহলে আরো বেশি আন্তর্জাতিক সম্প্রদায় সংগঠিত হত। এখন যে চাপটি সৃষ্টি হয়েছে, তা সৃষ্টি হত।”
প্রথম থেকে সরকারের কূটনৈতিক তৎপরতা সক্রিয় থাকলে রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর অভিযান বন্ধ করা যেত বলেও মনে করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব।
১৯৭৮ সালে জিয়াউর রহমান ও ১৯৯২ সালে খালেদা জিয়ার শাসনামলে রোহিঙ্গারা শরণার্থীদের চুক্তির মাধ্যমে নিজেদের দেশে ফিরিয়ে দেওয়া হয়েছিল বলেও তুলে ধরেন রিজভী।
সংবাদ সম্মেলন থেকে শারদীয় দুর্গাপূজায় কেরানীগঞ্জের মির্জাপুরে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বাড়ির পূজামণ্ডপে নেতাকর্মীদের যেতে পুলিশি বাধার অভিযোগ করেন তিনি।
রিজভী বলেন, “হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব এটি। বিএনপি নেতাকর্মীদের এই উৎসবে যোগ দেওয়াও যেন অপরাধ এই সরকারের আমলে। বিএনপির হিন্দু সম্প্রদায়ের যে সমস্ত নেতৃবৃন্দ দুর্গাপূজার আয়োজন করেছেন, তাদের অনেকেই নিজ এলাকায় নির্বিঘ্নে উৎসব পালন করতে পারেননি, বিভিন্ন জায়গা থেকে আমাকে জানানো হয়েছে।
“বাবু গয়েশ্বর চন্দ্র রায়ের গ্রামের বাড়িতে দুর্গাপূজার অনুষ্ঠানে জনগণকে যোগ দিতে গেলে পুলিশ বাধা দিয়েছে। খামাখা গাড়ি থামিয়ে তল্লাশি করছে। এই যেতে না দেওয়াই এক ধরনের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার শামিল বলে আমরা মনে করি।”
নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, কেন্দ্রীয় নেতা সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার দুলু, মুনির হোসেন, গোলাম মূর্তজা তুলা উপস্থিত ছিলেন।
