ত্রাণ বিতরণেও সরকারের রাজনীতি: নোমান
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে বিএনপির নেতাকর্মীদের ত্রাণ বিতরণ করতে দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলে দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, রোহিঙ্গাদের ত্রাণ বিতরণ নিয়েও সরকার ‘রাজনীতি’ করছে।
কক্সবাজারের রোহিঙ্গা শিবির থেকে ঘুরে এসে বুধবার দুপুরে রাজধানীতে এক আলোচনা সভায় তিনি বলেন, “উখিয়া-টেকনাফে ১০ লক্ষ রোহিঙ্গার যে অবস্থান, সেখানে আজকে অরাজনৈতিক কর্মকাণ্ডের কথা বলে তারা (ক্ষমতাসীন) রাজনীতি করছে। সেখানে অন্যকোনো রাজনৈতিক দলকে শেয়ার করছে না এবং আমাদের ইচ্ছায় আমাদের পরিকল্পনায় কোনো কর্মকাণ্ড করতে পারছি না।
আবদুল্লাহ আল নোমান (ফাইল ছবি)
রোহিঙ্গাদের ত্রাণ বিতরণে সরকারের ‘দ্বৈতনীতি’র কঠোর সমালোচনা করে নোমান বলেন, “ওবায়দুল কাদের শরণার্থী শিবিরের ভেতরে আনুষ্ঠানিকভাবে ব্যানার দিয়ে রিলিফ প্রদান করতেছেন।
“কিন্তু আমাদের কোনো নেতাদেরকে ওই গেইটের ভেতরেও ঢুকতে দিচ্ছেন না।বলছে যে, জেলা প্রশাসককে সমন্বয়ক করে একটা কমিটি করা হয়েছে সেখানে রিলিফ সামগ্রী দিতে হবে। এখানে অন্য পাবলিক কেউ নিজেদের ইচ্ছায় কোনো ত্রাণ দিতে পারবে না। তাদের উদ্দেশ্য হচ্ছে এটা নিয়ে তারা করবে রাজনীতি। এটা যদি রাজনীতি না হয়, কোনটা রাজনীতি?”
রোহিঙ্গা ইস্যুতে নিরাপত্তা পরিষদের আলোচনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি জোর দিয়ে বলতেন, আমরা রোহিঙ্গা ইস্যুতে নিরাপত্তা পরিষদের বৈঠক চাই, কিন্তু তিনি তা বলেননি। মিয়ানমারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য এই সরকার কিছু করবে না।”
নোমান বলেন, “বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদের বৈঠক হচ্ছে জাতিসংঘসহ পরিষদের সদস্য দেশগুলোর ইচ্ছার কারণে। আমরা বলতে চাই, একটি গণতান্ত্রিক সরকার ছাড়া জাতীয় ইস্যুতে জাতীয় সংকট সমাধানে এই সরকার কিছু করবে না।”
জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে জাতীয় গণতান্ত্রিক আন্দোলন নামক সংগঠনের উদ্যোগে প্রয়াত নেতা আস ম হান্নান শাহর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা হয়।
আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, জাতীয় দলের সভাপতি সৈয়দ এহসানুল হুদা প্রমুখ বক্তব্য রাখেন।
