সৌদি বাদশাহর সঙ্গে এরশাদের বৈঠক
সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
সৌদি বাদশাহের অতিথিশালা মিনা প্যালেসে গত ২ সেপ্টেম্বর রাতে এই বৈঠক হয় বলে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং ঢাকা মহনগর উত্তর কমিটির সভাপতি এস এম ফয়সাল চিশতী জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
বাদশাহ সালমানের আমন্ত্রণে হজ করতে গত ২৭ অগাস্ট সৌদি আরবে যান প্রধানমন্ত্রীর বিশেষ দূত সাবেক রাষ্ট্রপতি এরশাদ।
জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এবং প্রেসিডিয়াম সদস্য অবসরপ্রাপ্ত মেজর খালেদ আখতারও তার সঙ্গে রয়েছেন।
ফয়সাল চিশতী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সৌদি রাজপরিবারের সঙ্গে স্যারের সম্পর্ক অনেক পুরনো। বিভিন্ন সময়ে সৌদি বাদশাহর আমন্ত্রণে তিনি সেখানে গেছেন। তবে এবার তার হজে যাওয়া ও বাদশাহর সঙ্গে বৈঠক হল প্রায় ১৫ বছর পর।”
