২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদ ভেঙে ভোটে সেনা, তবে ইভিএম নয়: দাবি জাগপার

একাদশ সংসদ নির্বাচনের ভোটের আগে সংসদ ভেঙে নির্দলীয় ব্যক্তির নেতৃত্বে নির্বাচনকালীন সরকারের রূপরেখা দিয়েছে ২০ দলের শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2017, 05:42 PM

Updated : 19 Aug 2022, 05:26 PM

পাশাপাশি সেনা মোতায়েনের পক্ষে ও ইভিএমর বিপক্ষে মত দিয়েছে দলটি।

বুধবার নির্বাচন কমিশনে নির্ধারিত সংলাপে জাগপার ভারপ্রাপ্ত সভাপতি রেহানা প্রধানের নেতৃত্বে ১৩ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়।

দলটির সাধারণ সম্পাদক খন্দকার লুৎফুর রহমান বলেন, “আমরা ইসির কাছে ১৪টি প্রস্তাব দিয়েছি। কমিশন এ বিষয়ে যতদূর সম্ভব উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছে।”

সংলাপে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা সভাপতিত্ব করেন।

জাগপার দেওয়া প্রস্তাবের মধ্যে নির্বাচকালীন সরকারের শপথ গ্রহণের পর পার্লামেন্ট ভেঙে দেওয়ার পাশাপাশি সাবেক সরকারি কর্মকর্তা, সাবেক বিচারপতি এবং দেশের বিশিষ্টজনদের সমন্বয়ে সৎ-গ্রহণযোগ্য নির্দলীয় ব্যক্তি দ্বারা নির্বাচনকালীন সরকার গঠন রয়েছে।

দলটির নেতারা বলছেন, প্রধানমন্ত্রী নির্বাচকালীন সরকার প্রধান থাকলে দেশের ভাবমূর্তি ও নির্বাচনী ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়বে। নির্বাচনকালীন সময়ে প্রধানমন্ত্রীর নির্বাহী ক্ষমতা বাতিল করে তিন মাসের অবকাশ কালীন ছুটি দেওয়া যেতে পারে।

ভোটের ৩০ দিন আগে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে সেনা মোতায়েন, সবার জন্য সমান সুযোগ, এমপি-মন্ত্রীদের সুবিধা বাতিল, গণমাধ্যমকর্মীদের অবাধ প্রবেশাধিকার, ইভিএম পদ্ধতি বাতিলসহ ১৪ দফা সুপারিশ রয়েছে।

নিবন্ধিত ৪০টি রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে ঈদের পরে ১০ সেপ্টেম্বর থেকে দলগুলোর সঙ্গে আবার সংলাপ শুরু করবে ইসি।

পুরনো খবর:

ইভিএমের বিপক্ষে,‘না’ ভোটের পক্ষে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি