২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইভিএমের বিপক্ষে,‘না’ ভোটের পক্ষে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

একাদশ সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)ব্যবহার না করার পাশাপাশি ‘না’ ভোট চালুর পক্ষে মত দিয়েছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2017, 03:43 PM

Updated : 12 Apr 2022, 12:15 AM

সেই সঙ্গে রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে ভোটের সময় নির্বাচিত সরকারের অধীনে তদারকি সরকার গঠন, ভোটার সংখ্যা অনুপাতে সীমানা পুনঃনির্ধারণ, স্বরাষ্ট্রসহ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ইসির অধীনে রাখা, ‘না’ ভোটের বিধান যুক্ত করা, প্রবাসীদের ভোটাধিকার, অনলাইন মনোনয়নপত্র জমা চালু, সবার জন্য সমান সুযোগ নিশ্চিত, গণমাধ্যম নিয়ন্ত্রণের তৎপরতা বন্ধ, তফসিল ঘোষণার পর সংসদ ভেঙে দেওয়াসহ ২৩ দফা সুপারিশ করেছে দলটি।

বুধবার নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে দলের সাধারণ সম্পাদক সাইফুল হকের নেতৃত্বে ১৩ সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়।

সংলাপে কে এম নূরুল হুদার নেতৃত্বে দুই নির্বাচন কমিশনার, ইসির ভারপ্রাপ্ত সচিবও উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, “আমরা ২৩টি প্রস্তাব উপস্থাপন করেছি। সুষ্ঠু নির্বাচনের জন্য এসব সুপারিশ ইসি আমলে নেবে প্রত্যাশা করি।”

তিনি জানান, জাতীয় সংসদ নির্বাচনে ভোটের আনুপাতিক প্রতিনিধিত্ব চালুর সুপারিশ করা হয়েছে। এতে ৫০ শতাংশ আসনে এলাকাভিত্তিক প্রত্যক্ষ ভোট ও বাকি আসনে ভোটের আনুপাতিক হারে সংসদ সদস্য নির্বাচন হতে পারে।

তফসিল ঘোষণার পর নির্বাচনকালীন তদারকি সরকার গঠনে রাজনৈতিক সমঝোতার প্রস্তাব করা হয়েছে বলেওতিনি।

বিকালে জাগপা’র সঙ্গে সংলাপের কথা রয়েছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত ৩১ জুলাই নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে সংলাপের মধ্য দিয়ে ইসির মত বিনিময় শুরু হয়।

১৬ ও ১৭ অগাস্ট গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে সংলাপের পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে শুরু হয় আলোচনা। ২৪ অগাস্ট থেকে রাজনৈতিক দলের সংলাপ শুরুর পর এ পর‌্যন্ত সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ মুসলীম লীগ-বিএমএল, খেলাফত মজলিশ ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সঙ্গে মত বিনিময় করে ইসি।

অক্টোবর পর্যন্ত নিবন্ধিত ৪০টি দলের সঙ্গে সংলাপ শেষ করার কথা রয়েছে।

আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপিসহ অধিকাংশ দলের সংলাপসূচি এখনও চূড়ান্ত হয়নি।