রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারকে অনুরোধ আওয়ামী লীগের
রাখাইন প্রদেশে নতুন করে সহিংসতায় আরও রোহিঙ্গা আশ্রয়প্রার্থী হওয়ার প্রেক্ষাপটে কয়েক দশক ধরে বাংলাদেশে শরণার্থী হয়ে থাকা নাগরিকদের ফেরত নিতে মিয়ানমার সরকারকে অনুরোধ জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
মঙ্গলবার ঢাকার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর এক বৈঠকের পর সংবাদ সম্মেলনে এসে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একথা জানান।
রোহিঙ্গা সঙ্কট নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, “এই বিষয়টি নিয়ে আমরা খুব উদ্বিগ্ন। আমাদের জন্য কঠিন একটা বিষয়।
“আসলে রোহিঙ্গাদের কনটেইন করার এফোর্ট আমাদের নেই। বরং এই মর্মান্তিক পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে উঠেছে। এই বিষয়ে আমরা মানবিক বিষয়টি দেখেছি।”
প্রতিবেশী দেশ মিয়ানমারে জাতিগত নিপীড়নের মুখে কয়েক দশক ধরে বাংলাদেশে আশ্রয় নিয়ে আছে ৫ লাখের বেশি মুসলিম রোহিঙ্গা।
তাদের ফেরত নিতে বাংলাদেশ বারবার আহ্বান জানিয়ে এলেও মিয়ানমার সরকারের সাড়া মেলেনি। উপরন্তু তারা রোহিঙ্গাদের মিয়ানমারের নাগরিক হিসেবে মেনে নিতেওই নারাজ।
এরপর ২০১২ সালে ফের সহিংসতা দেখা দিলে সীমান্ত খুলে না দেওয়ার অবস্থান নেয়। ২০১৬ সালে একই পরিস্থিতি হলেও একই অবস্থান নেয় বাংলাদেশ।
সীমান্ত খুলে না দেওয়ার ক্ষেত্রে আগের শরণার্থীর ভার এবং রোহিঙ্গাদের জঙ্গি তৎপরতাসহ অপরাধমূলক নানা কর্মকাণ্ডে জড়িয়ে পড়াকে যুক্তি দেখায় বাংলাদেশ।
এবার গত ২৫ অগাস্ট রোহিঙ্গা বিদ্রোহীরা পুলিশ ও সেনা চৌকিতে হামলা চালালে রাখাইন প্রদেশে অভিযান শুরু করে মিয়ানমার সেনাবাহিনী। তাতে পালিয়ে আসা রোহিঙ্গারা আবার বাংলাদেশে ঢুকতে চাইছে।
রোহিঙ্গাদের আশ্রয় দিতে খালেদা জিয়ার আহ্বানের প্রতিক্রিয়ায় ওবায়দুল কাদের বলেন, “বিএনপি নেত্রী বিদেশে বসে রোহিঙ্গাদের নিয়ে যে বক্তব্য দিয়েছে, সেটা ইরেসপন্সবিলিটি ছাড়া আর কিছু না।”
রোহিঙ্গা অনুপ্রবেশের বিরূপ প্রভাব নিয়েও সতর্ক থাকার কথা বলেন মন্ত্রী কাদের।
“তাদের ধারণ ক্ষমতার সাথে সামজিক বিষয়টাও গুরুত্বপূর্ণ। তাই এটা নিয়ে আমরা সতর্ক অবস্থানে আছি, সতর্ক থাকতে হবে।”
রাখাইন পরিস্থিতি নিয়ে জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান নেতৃত্বাধীন স্বাধীন কমিশনের সুপারিশ মেনে রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারের প্রতি অনুরোধ জানান কাদের।
“জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের প্রতিবেদন ও অনুশাসনের নিয়ম অনুযায়ী মিয়ানমার সরকারকে অনুরোধ করব, রোহিঙ্গাদের ফিরিয়ে নিয়ে যাওয়ার আশু ব্যবস্থা গ্রহণের জন্য।”
সংবাদ সম্মেলনে চলমান বন্যার প্রসঙ্গ টেনে কাদের বলেন, আওয়ামী লীগের নেতা-কর্মীরা এবার ঈদ আনন্দ বন্যাদুর্গতদের উৎসর্গ করবে।
“আমাদের সভাপতি শেখ হাসিনার সাথে কথা বলেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। আমাদের পার্টির নেতারা এবার ঈদের বন্যাদুর্গত এলাকায় যাবে এবং তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবে।”
সম্পাদকমণ্ডলীর সভায় মৌলভীবাজার জেলার সম্মেলন নিয়েও কথা হয় বলে জানান ওবায়দুল কাদের।
“আমাদের একটি জেলা কমিটির সম্মেলন বাকি ছিল। আগামী ৩০ সেপ্টেম্ভর এই মৌলভীবাজার জেলার সম্মেলন হবে।”
চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে আগামী মাসে আওয়ামী লীগের ১৮ সদস্যের একটি প্রতিনিধি দল দেশটি সফরে যাবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। এই প্রতিনিধি দলে নেতৃত্ব দেবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান।
