২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধান বিচারপতি এখন আ. লীগের কাঠগড়ায়: রিজভী

ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে টানাপোড়েনের মধ্যে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার আয়-ব্যয়ের তদন্ত শুরুর খবরের প্রসঙ্গ তুলে ধরে বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেছেন, প্রধান বিচারপতি এখন আওয়ামী লীগের কাঠগড়ায়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2017, 04:01 PM

Updated : 12 Apr 2022, 12:13 AM

এ খবরকে মানুষ ‘সরকারের প্রতিশোধ গ্রহণের পালা’ হিসেবে দেখছেন বলে ভাষ্য বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবের।

শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলনে রিজভী বলেন, “আজ গণমাধ্যমে খবর বেরিয়েছে, প্রধান বিচারপতির সুরেন্দ্র কুমার সিনহার আয়-ব্যয়ের হিসাবের তদন্ত শুরু করেছে রাজস্ব বোর্ড (এনবিআর) ও বাংলাদেশ ব্যাংক।

“বিচারপতিদের অপসারণ সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় ও পর্যবেক্ষণ নিয়ে প্রধান বিচারপতিকে মন্ত্রী-এমপিদের আক্রমণাত্মক বক্তব্যে সবমহলে যখন সমালোচনার ঝড় উঠেছে, ঠিক তখনই আয়-ব্যয়ের এই তদন্তকে প্রধান বিচারপতির বিরুদ্ধে সরকারের প্রতিশোধ গ্রহণের পালা শুরু হল বলে সবাই মনে করছে।”

সর্বোচ্চ আদালতকে নতজানু রাখতে সরকার ‘পোড়ামাটি নীতি’ গ্রহণ করেছে বলে মন্তব্য করেন এই বিএনপি নেতা।

উচ্চ আদালতের বিচারকদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে নিতে ষোড়শ সংশোধনীতে সংবিধানের ৯৬ অনুচ্ছেদে আনা পরিবর্তনকে অবৈধ ঘোষণা করে আপিল বিভাগের দেওয়া রায়ের পর প্রধান বিচারপতির সমালোচনা শুরু হয়।

ওই রায়ের পর্যবেক্ষণে এস কে সিনহা ‘জাতীয় সংসদ ও বঙ্গবন্ধুকে কটাক্ষ করেছেন’ অভিযোগ তুলে ক্ষুব্ধ সরকারি দলের নেতারা রায়ের কড়া সমালোচনা করছেন। বাক আক্রমণের লক্ষ্যবস্তু হচ্ছেন প্রধান বিচারপতি সিনহাও।

অন্যদিকে জিয়াউর রহমান আমলে প্রতিষ্ঠিত সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ফিরিয়ে আনার এই রায়কে ‘ঐতিহাসিক’ অভিহিত করে প্রধান বিচারপতির প্রশংসার পাশাপাশি ক্ষমতাসীনদের সমালোচনায় রয়েছে বিএনপি।

এর মধ্যে শুক্রবার বিএনপির মুখপাত্র হিসেবে পরিচিত একটি মুদ্রিত দৈনিকে জাতীয় রাজ্স্ব বোর্ড (এনবিআর) ও বাংলাদেশ ব্যাংক প্রধান বিচারপতির আয়-ব্যয়ের তদন্ত শুরু করে করেছে প্রতিবেদন প্রকাশ করে।

এতে বলা হয়, বিচারপতি হওয়ার পর থেকে এস কে সিনহার আয়-ব্যয়ের সামঞ্জস্যের সঙ্গে এক সময়ের এই আইনজীবী কত আয়কর দিয়েছেন তাও খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া তার স্ত্রীর সম্পত্তি, জমি-জমা ও ব্যাংক হিসাবের পাশাপাশি দুই মেয়েকে কিভাবে বিদেশে পাঠিয়েছেন সে বিষয়েও তদন্ত চলছে।

সরকার প্রধান বিচারপতিকে বিরোধী পক্ষ মনে করায় এমনটা করছে বলে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে করা ওই সংবাদ সম্মেলনে মন্তব্য করেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, “প্রধান বিচারপতি এখন আওয়ামী লীগের কাঠগড়ায়। ঠিক যেভাবে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ সিনিয়র নেতৃবৃন্দের নামে দুদক (দুর্নীতি দমন কমিশন) ও এনবিআরকে ব্যবহার করে মিথ্যা মামলা দায়ের করে কাযর্ক্রম চালানো হচ্ছে।

“প্রধান বিচারপতির বিরুদ্ধে তদন্ত শুরু করায় এটি আরো স্পষ্টভাবে প্রমাণিত হল যে- সরকার যাদেরকে তার বিরোধীপক্ষ মনে করে, তাদের বিরুদ্ধে দুনীতি দমন কমিশন ও এনবিআর এর মতো প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে বানোয়াট মামলা দায়ের করে।”

ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের পর্যবেক্ষণে সংসদকে ‘অপরিপক্ব ও অকার্যকর বলায়’ এর আর কোনো বৈধতা নেই বলেও ভাষ্য রিজভীর।

তিনি বলেন, “সর্বোচ্চ আদালত রায়ে যেসব পর্যবেক্ষণগুলো দিয়েছেন, তা রায়েরই অংশ। প্রখ্যাত আইনজীবী, সংবিধান বিশেষজ্ঞ ও আইনের শিক্ষকরা এটা ক্রমাগতভাবে বলছেন। কিন্তু ক্ষমতাসীনরা হুমকি দিয়ে এই রায় বাতিল করতে চাচ্ছে।

“ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের পর্যবেক্ষণে যেহেতু বর্তমান সংসদকে অপরিপক্ব ও অকার্য্কর বলা হয়েছে, সেহেতু বর্তমান সংসদ অবৈধ এবং সেজন্য সরকারও বেআইনি। নিজেদেরকে ইতিহাসের আবর্জনায় নিক্ষেপ না করে অবিলম্বে সংসদ বাতিল করে আওয়ামী জোট সরকারের পদত্যাগ দাবি করছি।”

‘বন্যার্তরা সরকারি ত্রাণ পাচ্ছে না’

বন্যা কবলিত এলাকার বাসিন্দারা সরকারি ত্রাণ পাচ্ছে না অভিযোগ করে রিজভী বলেন, “দুর্গতরা তীব্র খাদ্যভাব ও দারিদ্র্যের মুখে পড়ে বড় ধরনের ঝুঁকিতে রয়েছে। সেখাকার মানুষ যে কত যে দুঃখ কষ্টে আছে, ত্রাণ পাচ্ছে না- তা সরকার দেখতে পান না।

“বন্যার্তরা কেঁদে কেঁদে দুমুঠো ভাত চাইছে, একটু আশ্রয় চাইছে। অথচ আওয়ামী লীগের নেতারা ক্যামেরার সামনে পোজ দিয়েই তাদের ত্রাণ কর্ম সমাপ্তি টানছেন। এটা বানভাসী মানুষের প্রতি তাদের কি নিদারুণ পরিহাস।”

সংবাদ সম্মেলন থেকে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে কয়েকজন বিএনপি নেতাকর্মীকে ধরে নিয়ে হত্যার অভিযোগ এনে নিন্দা ও প্রতিবাদ জানান দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব।

তার দাবি, নোয়াখালীর বেগমগঞ্জ থানার ৪ নম্বর আলাইয়ার ইউনিয়র জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আলমকে ধরে নিয়ে ‘বন্দুকযুদ্ধে’র নামে এবং বগুড়ায় শাহজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাকসুদুল হক পিন্টুকে আটকের পর পুলিশি নির্যাতনে হত্যা করা হয়েছে।

সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তৈমুর আলম খন্দকার, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, কেন্দ্রীয় নেতা সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার, এবিএম মোশাররফ হোসেন, আবদুস সালাম আজাদ, আসাদুল করীম শাহিন, মুনির হোসেন, জাতীয়তাবাদী যুবদলের সিনিয়র সহসভাপতি মোরতাজুল করীম বাদরু, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন উপস্থিত ছিলেন।