২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন নয়, বর্তমান জোট নিয়েই চলতে চান এরশাদ

নতুন কোনো জোটে জাতীয় পার্টি যাচ্ছে না বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান এইচ এম এরশাদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2017, 04:35 PM

Updated : 19 Aug 2022, 05:13 PM

‘সম্মিলিত জাতীয় জোট (ইউএনএ)’ নিয়েই আগামী নির্বাচনের পথে এগিয়ে যেতে চান বলে জানিয়েছেন তিনি।

বিকল্প ধারা সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর বাড়িতে বৈঠকে ভাই জি এম কাদেরের অংশগ্রহণকে কেন্দ্র করে বিভিন্ন সংবাদপত্রে আসা প্রতিবেদন দেখে শনিবার এক বিবৃতিতে দলের অবস্থান জানান এরশাদ।

বিবৃতিতে বলা হয়, “জাতীয় পার্টির সঙ্গে অন্য কোনো দলের জোট গঠন সম্পর্কে কিছু বিভ্রান্তিকর খবর প্রকাশিত হওয়ার প্রেক্ষিতে আমি সুস্পষ্টভাবে জানাতে চাই যে, আমার নেতৃত্বে যে সম্মিলিত জাতীয় জোট (ইউএনএ) গঠিত হয়েছে, তার বাইরে আর কোনো জোট গঠনের প্রশ্নই ওঠে না।

Image
হুসেইন মুহম্মদ এরশাদ (ফাইল ছবি)

হুসেইন মুহম্মদ এরশাদ (ফাইল ছবি)

“আগামী জাতীয় সংসদ নির্বাচনে সম্মিলিত জাতীয় জোট ৩০০ আসনেই প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি গ্রহণ করছে।” 

ইসিতে নিবন্ধিত দুটিসহ অচেনা ৫৭টি দল নিয়ে সম্প্রতি সম্মিলিত জাতীয় জোট গঠন করেছেন এরশাদ। এই জোট নিয়ে ‘দেশবাসীর মনে নতুন আশার সঞ্চার’ হয়েছে বলে মনে করেন তিনি।

এর মধ্যেই গত ২ অগাস্ট বি চৌধুরীর বাড়িতে বৈঠকে যান জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের। সেখানে বৈঠককারীরা আওয়ামী লীগ-বিএনপির বাইরে তৃতীয় একটি জোট গঠনের আলোচনা করেন।

ওই বৈঠকের পরদিন দিন এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে এরশাদ বলেছিলেন, “সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী সাহেবকে প্রধানমন্ত্রী ইফতারের দাওয়াত দিয়েছিলেন। সেই অনুষ্ঠানে তিনি আমার পাশে বসেছিলেন। এর মধ্যে দিয়ে কি প্রতীয়মান হয় না যে তিনি মিত্রবাহিনীতে আছেন?”

বিবৃতিতে এরশাদ বলেন, তিনি এখন ইউএনএ জোট নিয়েই এগিয়ে যেতে চান। অন্য কোনো দল আসতে চাইলে তা জোটের শীর্ষ নেতারাই সিদ্ধান্ত নেবেন।

জোট সম্পর্কিত কোনো তথ্যের জন্য জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারের সঙ্গে কথা বলার অনুরোধ জানান তিনি। 

“কোনো অসত্য খবরে বিভ্রান্ত না হওয়ার জন্য আমি সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানাচ্ছি।”

পুরনো খবর:

প্রধানমন্ত্রীর অনুমতি পেলেই পদত্যাগ: এরশাদ