সরকারের ব্যর্থতায় দেশে ধর্ষণের তুফান: মওদুদ
সরকারের ব্যর্থতার কারণে দেশে এখন নারী ও শিশু নির্যাতনের ‘তুফান’ চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা মওদুদ আহমদ।
শুক্রবার সকালে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, “দেশে এখন নারী ও শিশু ধর্ষণ তুফান গতিতে চলছে। বগুড়ার তুফান সরকার বর্তমান সরকারের কর্মকাণ্ডেরই প্রতিফলন ঘটিয়েছে।”
বগুড়ার এক কিশোরীকে ভালো কলেজে ভর্তির প্রলোভন দেখিয়ে গত ১৭ জুলাই ও পরে কয়েকবার ধর্ষণ করেন জাতীয় শ্রমিক লীগ বগুড়া শহর শাখার আহ্বায়ক তুফান সরকার। এ কাজে তাকে সহায়তা করেন তার কয়েকজন সহযোগী।
বিষয়টি জানতে পেরে তুফানের স্ত্রী আশা ও তার বড় বোন বগুড়া পৌরসভার সংরক্ষিত মহিলা ওয়ার্ডের কাউন্সিলর মার্জিয়া হাসান রুমকিসহ তাদের সহযোগীরা গত ২৩ জুলাই ওই কিশোরী এবং তার মাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। পরে তাদের মারধর করে মাথা ন্যাড়া করে দেওয়া হয়।
ওই কিশোরীর মা ২৩ জুন বিকালে তুফানসহ ১০ জনকে আসামি মামলা করার পর ঘটনাটি গণমাধ্যমে এলে দেশজুড়ে ব্যাপক সমালোচনা হয়। এরপর তুফানকে সংগঠন থেকে বহিষ্কার করে জাতীয় শ্রমিক লীগ।
ধর্ষণ মামলার তদন্ত কর্মকর্তা বগুড়া সদর থানার পরিদর্শক (অপারেশন) আবুল কালাম আজাদ শুক্রবার জানান, ডাক্তারি পরীক্ষায় ওই কিশোরীকে ধর্ষণের আলামত পেয়েছেন চিকিৎসকরা।
দেশে সাম্প্রতিক সময়ে এ ধরনের সব ঘটনাতেই ‘আওয়ামী পরিবারের সদস্যরা’ জড়িত মন্তব্য করে মওদুদ আহমদ বলেন, “আমরা বলতে চাই, তুফান সরকার ও আমাদের বর্তমান সরকার একই তো। এই সরকারের আমলেই এ ধরনের ঘটনা ঘটতে পারে। যতদিন বর্তমান সরকার ক্ষমতায় থাকবে ততদিন এই নারী ও শিশুদের ধর্ষণ চলতেই থাকবে।”
বগুড়ার ওই ঘটনাকে ‘একেবারে অবিশ্বাস্য’ হিসেবে বর্ণনা করে এই বিএনপি নেতা বলেন, “কী অসম্ভব একটা বর্বরতা! কী অসম্ভব একটা হিংস্রতা! এটা কেন হচ্ছে?
“কারণ এই সরকারের কোনো জবাবদিহিতা নাই। তারা (সরকার) মানুষের কাছে জবাবদিহি করার কোনো প্রয়োজন বোধ করে না।”
‘মহিলা পরিষদ’ ও মানবাধিকার সংগঠন ‘অধিকার’ এর দেওয়া নারী ও শিশু নির্যাতনের পরিসংখ্যান তুলে ধরে মওদুদ বলেন, “প্রতিদিন গড়ে পাঁচজন নারী ও শিশু ধর্ষিত হচ্ছে। তাহলে চিন্তা করে দেখেন, আমাদের সামাজিক অবস্থাটা কোথায় চলে গেছে! পত্রিকায় দেখলাম একজন বাস ড্রাইভার ও হেলপার একজন যাত্রীকে ধর্ষণ করেছে। তার মানে দেশে আইনশৃঙ্খলা বলতে কিছু নাই।”
সরকারের পাশাপাশি আইন-শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও সমালোচনা করেন এই বিএনপি নেতা।
‘‘সরকার পুলিশ ও র্যাবকে প্রশিক্ষণ দিয়েছে- কী করে বিরোধী দলকে নিস্তেজ করা যায়, তাদের ওপর আক্রমণ করা যায়, নির্যাতন করা যায়, তাদের বিরুদ্ধে কীভাবে মিথ্যা মামলা দায়ের করা যায়, তাদের ওপর কী করে হয়রানি করা যায়- সেই প্রশিক্ষণ দিয়েছে। আমাদের পুলিশ ও র্যাবকে সেই ট্রেনিং দেয়া হয় নাই যে তাদের প্রধান কর্তব্য দে্শের মানুষের সম্পদ ও জীবনের নিরাপত্তা বিধান করা। আজকে পুলিশ সেখান থেকে সরে গেছে।”
‘সংবিধান বাহাত্তরে ফেরাতেই রায়’
ষোড়শ সংশোধনী বাতিলের রায়কে ‘ঐতিহাসিক’ অভিহিত করে বিএনপি আমলের আইনমন্ত্রী মওদুদ বলেন, “এই রায় একটি সোনালী, ঐতিহাসিক ও কালজয়ী রায়। এই রায়ের মাধ্যমে দেশের মানুষের মনের যে ইচ্ছা, ক্ষোভ-দুঃখ, মানুষের মনের মধ্যে যে নালিশ- সেগুলোর প্রতিফলন হয়েছে।”
এই রায় মেনে নিয়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকারকে অবিলম্বে পদত্যাগের আহ্বান জানান এই বিএনপি নেতা।
তিনি বলেন, “আইনমন্ত্রী এখন বলছেন যে প্রধান বিচারপতি রাষ্ট্রপতির ক্ষমতা নিয়ে নিতে চাচ্ছেন। আমি বলি, প্রধান বিচারপতি রাষ্ট্রপতির ক্ষমতা নিতে চাচ্ছেন না। তিনি ১৯৭২ সালে আপনারদের মূল সংবিধানের যে ১১৬ অনুচ্ছেদ ছিল, সেটাকে ফিরিয়ে আনতে চাচ্ছেন।”
২০১৬ সালকে ‘সংখ্যালঘু নির্যাতনের বছর’ হিসেবে বর্ণনা করে মওদুদ বলেন, “এটা আমার কথা নয়, বাংলাদেশ হিন্দু মহাজোট এই কথা বলেছে।”
স্বাধীনতার পর আওয়ামী লীগের লোকেরাই হিন্দু সম্পত্তি ‘দখল করেছিল’ মন্তব্য করে তিনি বলেন, “এখনো সেটা চলছে। অসাম্প্রদায়িক একটি রাজনৈতিক দল বলে যে দাবি তারা করেন, তাদের এই দাবি সত্য কিনা দেশের জনগণ বিচার করে দেখবে। প্রত্যেকটি ঘটনার সাথে আওয়ামী লীগ পরিবারের সদস্যরা জড়িত।”
জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ২০ দলীয় জোটের অন্যতম শরিক ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) উদ্যোগে ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরপেক্ষতায় সহায়ক সরকারের ও নির্বাচন কমিশনের ভূমিকা’ শীর্ষক এই আলোচনা সভা হয়।
এনপিপির চেয়ারম্যান অ্যাডভোকেট ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে ও প্রেসিডিয়াম সদস্য অলিউর রহমানের পরিচালনায় এ অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান, কেন্দ্রীয় নেতা আহম জহির হোসেন হাকিম, নজরুল ইসলাম, সালমান রহমান, ফরিদউদ্দিন বক্তব্য দেন।
