২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়কমন্ত্রী কাদেরের কাছে বিএনপি এখন ‘বেহাল সড়ক’

ছয় মাস আগেও যে দলকে দুর্বল না ভাবতে আওয়ামী লীগ নেতা-কর্মীদের পরামর্শ দিয়েছিলেন ওবায়দুল কাদের; এখন তিনি সেই বিএনপিকে নিয়ে বিচলিত না হতে বললেন তিনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2017, 11:44 PM

Updated : 19 Aug 2022, 05:10 PM

সোমবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এক আলোচনা অনুষ্ঠানে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “বিএনপিকে নিয়ে আপনাদের বিচলিত হওয়ার কোনো কারণ নেই। বিএনপিকে নিয়ে বিচলিত হবেন না।”

বিএনপির অবস্থা এখন ‘বেহাল সড়কের মতো’ বলেও মন্তব্য করেন সড়ক পরিবহনমন্ত্রী কাদের।

এই বিএনপিকে নিয়ে তিনি গত ফেব্রুয়ারিতে রাজশাহীতে দলের এক সভায় বলেছিলেন, “দল হিসেবে বিএনপি যতই এলোমেলো হোক, নেতায় নেতায় সংশয় যতই থাক না কেন, সাংগঠনিক অবস্থা যত দুর্বল হোক না কেন, তাদের সমর্থক কিন্তু দুর্বল নয়।

“কাজেই ভোটের রাজনীতিতে বিএনপিকে তুচ্ছ করে দেখার কোনো উপায় নেই। আগামী নির্বাচনে বিএনপি আসবে এবং আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী তারাই হবে।”

সোমবার ‘বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ’র অনুষ্ঠানে কাদের বলেন, ‘নেতিবাচক রাজনীতি’ বিএনপিকে আরও দুর্বল করে ফেলছে। তারা ‘ইতিবাচক রাজনীতিতে’ না ফিরলে তাদের ভবিষ্যৎ মুসলিম লীগের মতোই অন্ধকার।

আওয়ামী লীগ সমর্থক আইনজীবীদের দুই সংগঠন ‘বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ’ ও ‘আওয়ামী আইনজীবী পরিষদ’ মিলে গঠন করা হয়েছে ‘বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ’।

বিএনপির আন্দোলনের হুমকিতে আওয়ামী লীগ নেতা-কর্মীদের শান্ত থাকার আহ্বান জানান দলের সাধারণ সম্পাদক।

“ওরা চিৎকার-চেঁচামেচি করতে থাক, আপনারা সঙ্গে সঙ্গে রিঅ্যাক্ট করবেন না। শরৎ বাবুর একটা কথা, এখনও বাস্তব -মানুষের শক্তি যখন কমে আসে তখন তার মুখের বিষ উগ্র হয়ে ওঠে। শক্তি কমে গেছে বলে দুর্বল বিএনপির এখন মুখের বিষই পুঁজি। কান্নাকাটি আর নালিশ হচ্ছে এখন কর্মসূচি। বিএনপির নাম আমি দিয়েছি বাংলাদেশ নালিশ পার্টি –বিএনপি।”

বিএনপির দুর্বলতার বিপরীতে নিজের দলের প্রধান শেখ হাসিনার শক্তিশালী নেতৃত্বের কথা তুলে ধরেন কাদের।

“আমরা সবাই আমাদের নেত্রীকে চিনি। আমি শুধু একটা কথা বলতে পারি- কে পারত বাংলাদেশে যুদ্ধাপরাধিদের বিচারের মত দুঃসাহসিক কাজ করতে?

“আমি চ্যালেঞ্জ করি, শেখ হাসিনা ছাড়া এত সাহসী নেতা পঁচাত্তর পরবর্তী বাংলাদেশে জন্ম নেয়নি।”

‘চাঁদাবাজি শুনলেই খবর দেবেন’

আগামী ১৫ অগাস্ট জাতীয় শোক দিবসকে সামনে রেখে চাঁদাবাজির কোনো খবর পেলেই ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ওবায়দুল কাদের।

সোমবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠানে বক্তব্যে এই হুঁশিয়ারি দেন তিনি।

কাদের বলেন, “এই মাসে যেন বঙ্গবন্ধুকে স্মরণ করতে গিয়ে কোনো ধরনের অপকর্মের মাধ্যমে কেউ যেন বঙ্গবন্ধুর স্মরণকে ম্লান করতে না পারে।

“১৫ অগাস্ট সামনে রেখে একটি চক্র মেতে উঠে চাঁদাবাজিতে। এই অপকর্ম যাতে না হয়, সেটা আমাদের খেয়াল রাখতে হবে।”

“দেশবাসীকে বলছি, আপনারা আমাদের পার্টি অফিসে খবর দিবেন, আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেব। এ ধরনের অপকর্ম সহ্য করা হবে না। পয়সা না থাকলে আমাদের কাছে চাইবেন।”

পুরনো খবর:

বিএনপিকে তুচ্ছ করে দেখার উপায় নেই: কাদের