২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজেটে গরিব-মধ্যবিত্তের জীবন অসনীয় হবে: জাসদ

প্রস্তাবিত বাজেট ‘অপ্রত্যক্ষ’ কর ও ভ্যাট নির্ভর হওয়ায় তা গরিব ও মধ্যবিত্ত শ্রেণির জীবনযাত্রার ব্যয় অসহনীয় করে তুলবে বলে মনে করেছে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একাংশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2017, 12:07 AM

Updated : 19 Aug 2022, 04:47 PM

দুর্নীতি ও কালো টাকার প্রভাব নিয়ন্ত্রণে এই বাজেটে সুস্পষ্ট ও কার্যকর পদক্ষেপ না থাকার সমালোচনা করেছে তারা।

জাসদের একাংশের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান শুক্রবার এক যুক্ত বিবৃতিতে বলেন, গত বছর একটা বড় আকারের বাজেট দিলেও তার দুই-তৃতীয়াংশও বাস্তবায়ন হয়নি। এবার আরও বড় আকারের বাজেট পেশ করা হয়েছে, কিন্তু গত অর্থবছরে যেভাবে বাজেট বাস্তবায়নে সক্ষমতার ঘাটতি দেখা দিয়েছিল, এবার সে সক্ষমতার ঘাটতি কীভাবে পূরণ হবে সে বিষয়ে কোনো নির্দেশনা বাজেটে নেই।

“বড় আকারের বাজেট দিয়ে যদি তা বাস্তবায়ন করার সক্ষমতা না থাকে তবে সে বাজেট কতটুকু অর্থ বহন করে তা প্রশ্ন সাপেক্ষ।”

বিবৃতিতে বলা হয়, “বাজেটে কালো টাকাকে জবাবদিহির আওতায় আনার বিষয়ে কোনো কথা বলা হয়নি। দেশে যতটুকু উন্নয়ন হচ্ছে, তার বেশিরভাগ খেয়ে ফেলছে দুর্নীতি ও কালো টাকার দাপট। এ বিষয়ে সরকার সুস্পষ্ট ও কার্যকর পদক্ষেপ না নিলে সমতা ও ন্যায় বিচারভিত্তিক উন্নয়ন ‘সোনার হরিণ’ হিসেবেই অধরা থেকে যাবে।”

বাজেটে নতুন নতুন কর্মসংস্থানের জন্য কোনো গুরুত্ব ও সুনির্দিষ্ট পরিকল্পনা পেশ করা হয়নি বলেও উল্লেখ করেন জাসদ নেতারা।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৭-১৮ সালের জন্য চার লাখ ২৬৬ কোটি টাকার বাজেট প্রস্তাবনা তুলে ধরেন।

বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে দুই লাখ ৮৭ হাজার ৯৯০ কোটি টাকা। ফলে আয় ও ব্যয়ের হিসাবে সামগ্রিক ঘাটতি থাকছে এক লাখ ১২ হাজার ২৭৬ কোটি টাকা। অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের মাধ্যমে এই ঘাটতি পূরণের পরিকল্পনা করেছেন মুহিত।

জাসদের বিবৃতিতে বলা হয়, “যেভাবে অপ্রত্যক্ষ কর ও ভ্যাটের ওপর বাজেট নির্ভরশীল করা হয়েছে, তাতে গরিব ও মধ্যবিত্তের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাবে অসহনীয় পর্যায়ে। বাজেটে প্রত্যক্ষ করের আওতা ও সামাজিক নিরাপত্তার পরিসর বাড়ানো হলেও তা প্রয়োজনের তুলনায় একেবারেই সামান্য।”

২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মাঝারি উন্নত দেশে পরিণত করতে হলে উন্নয়নের লক্ষ্যমাত্রা ও সমাজে বিরাজমান বৈষম্য কমানো উভয়কেই জ্যামিতিক হারে অগ্রগতি প্রদর্শন করতে হবে। তার জন্য দরকার প্রত্যক্ষ করের আওতা ও সামাজিক নিরাপত্তার আওতা জ্যামিতিক হারে বাড়ানো।

জাসদ বলছে, জেলাভিত্তিক বাজেটের কথা অর্থমন্ত্রী কয়েক বছর আগে বললেও, গত বছর থেকে তিনি এ বিষয়ে একেবারেই নীরব। স্বাস্থ্য খাতের মতো জনকল্যাণ খাতে এবছরও আনুপাতিক হারে বরাদ্দ কমেছে। তামাক নিয়ন্ত্রণে উচ্চ হারে শুল্ক আরোপের যে প্রতিশ্রুতি দেওয়া হযেছিল, তা থেকে প্রস্তাবিত বাজেট অনেক দূরে।

”আমরা আশা করব, জাতীয় সংসদে আলাপ-আলোচনার মাধ্যমে এ বাজেট সংশোধন করা হবে। দুর্নীতি ও কালো টাকা যেন অর্থনীতির নিয়ন্ত্রক না হয় - সে ব্যাপারে সাহসী ও কঠোর পদক্ষেপ নিয়ে উদ্ধার করা কালো টাকা ও অবৈধ সম্পদকে সামাজিক বৈষম্য নিরসনে ব্যয় করতে হবে।

অপ্রত্যক্ষ কর ও ভ্যাটের মাধ্যমে নিমবিত্ত, মধ্যবিত্ত মানুষের জীবনযাত্রার ব্যয় কয়েক গুণ বৃদ্ধির যে আশঙ্কা দেখা দিয়েছে সেটা দূর করার জন্য কর ও ভ্যাটের প্রয়োগক্ষেত্র পুনর্বিবেচনা করে বাজেট সংশোধন করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি।”