২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনির্বাচিত সরকারের করের বোঝা এই বাজেট: ফখরুল

প্রস্তাবিত বাজেটে ‘অনির্বাচিত সরকার’ জনগণের ওপর করের বোঝা চাপিয়ে দিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2017, 06:26 PM

Updated : 11 Apr 2022, 11:41 PM

শুক্রবার সকালে এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরএই অভিযোগ করেন।

তিনি বলেন, “এই সরকারের কোনো বৈধতা নেই যে তারা জাতীয় বাজেট দিতে পারে। আজকে প্রত্যেকটি পত্রিকায় দেখবেন, এমনকি সরকারের ঘরানার পত্রিকাগুলো পর্যন্ত বলছেন যে, করের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে জনগণের ওপরে। করের নেটওয়ার্কে আষ্টে-পৃষ্টে বেঁধে ফেলা হয়েছে জনগণকে এবং ১৫% ভ্যাট আরোপে আজকে গোটা জাতিকে নিম্ন আয়ের মানুষ থেকে শুরু করে সকলকে এই করের বোঝার মধ্যে ফেলে দেওয়া হয়েছে।

“আমরা মনে করি, এই বাজেট সাধারণ মানুষের কোনো কল্যাণ তো করবেই না, উপরন্তু সাধারণ মানুষের জন্য একটা বোঝা হয়ে দাঁড়াবে, একটা বার্ডেন হয়ে দাঁড়াবে।”

বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের জন্য ৪ লাখ ২৬৬ কোটি টাকার বাজেট প্রস্তাব করেন।

নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় জিয়া স্মৃতি পাঠাগার ও জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থার যৌথ উদ্যোগে মাসব্যাপী পুস্তক প্রদর্শনীর উদ্বোধন উপলক্ষে এই আলোচনা সভা হয়।

এতে জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থা থেকে জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমানসহ মুক্তিযুদ্ধের উপর প্রকাশনা স্থান পেয়েছে।

বাজেটে শিক্ষা ও স্বাস্থ্যখাতের বরাদ্দ বিষয়ে ফখরুল বলেন, “শিক্ষাখাতে বরাদ্দ কম বাড়ানো হয়েছে। শিক্ষায় যে গুণগত পরিবর্তনে জন্য বরাদ্দ সে সম্বন্ধে এই বাজেটে খুব বেশি কিছু বলা নাই।”

একইভাবে স্বাস্থ্য খাতের অবস্থা ‘অবিশ্বাস্য রকম খারাপ’ হলেও এই খাতে বরাদ্দ বাড়ানো হয়নি বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব।

“আমি কয়েকদিন আগে আমার নিজের এলাকা ঠাকুরগাঁও গিয়েছিলাম, আমাদের একজন দলীয় নেতা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আমি ঢুকতে গিয়ে আঁতকে উঠেছি- কোথায় এলাম। মনে হয়েছে যেন একটা নর্দমার মধ্যে এসেছি, জেলা হাসপাতালের এই অবস্থা অর্থাৎ এতোটুকু মেইনটেইনেস নেই, কোনো পরিস্কার পরিচ্ছন্নতা নেই, কোনো ডাক্তারও নেই, কিছুই নেই।”

বাজেটে বড় প্রকল্পে বরাদ্দ বেশি দেওয়া হয়েছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, “বেশি বরাদ্দ দেওয়া হয়েছে মেগা প্রজেক্টে। এই মেগা প্রজেক্টে মেগা কস্টিং হবে, মেগা দুর্নীতি হবে, মেগা পকেট ভারি হবে।”

দলীয় নেতা-কর্মীদের বেশি করে বই পড়ে জ্ঞানচর্চার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, “নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে ৬ তলায় স্থাপিত পাঠাগারটি আধুনিকায়ন করা হয়েছে। সকলে সেখানে গিয়ে বই পড়বেন। খুব চমৎকার, সুন্দর সুন্দর বই আছে। পত্র-পত্রিকা আছে।

“শিগগিরই এই পাঠাগারটি দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুলশান অফিস থেকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে।”

জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালামের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য কবির মুরাদ, সঞ্জীব চৌধুরী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব উন নবী খান সোহেল, সহ সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, জিয়া স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক মোহাম্মদ জহির দীপ্তি প্রমূখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে প্রকাশক সাঈদ বারী, বিএনপির কেন্দ্রীয় নেতা মোতাহার হোসেন পাটোয়ারীসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

আলোচনা অনুষ্ঠানে শহীদুল ইসলাম শহীদের সম্পাদিত ‘জিয়াউর রহমানের চিন্তা ও চেতনায় বাংলাদেশের উন্নয়ন’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করেন মির্জা ফখরুল।

অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রধান উপদেষ্টা করে জিয়া স্মৃতি পাঠাগারের উপদেষ্টা পরিষদ ঘোষণা করা হয়।

পরিষদের সদস্যরা হলেন- অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ, খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, ওসমান ফারুক, শওকত মাহমুদ, মাহমুদুর রহমান, রুহুল কবির রিজভী, মিজানুর রহমান সিনহা, গাজী মাজহারুল আনোয়ার, অধ্যাপক সুকোমল বড়ুয়া, আবু সালেহ, আবদুল হাই শিকদার, মোতাহার হোসেন পাটোয়ারি, আবুল কালাম মারগুব মোর্শেদ, জিএম ফজলুল হক, শাহিন মো, সুলায়মান মোল্লা।