তিনশ আসনে নয়শ প্রার্থী আছে বিএনপির: ফখরুল
একাদশ সংসদ নির্বাচনে তিনশ আসনের বিপরীতে বিএনপির নয়শ প্রার্থী মনোনয়নের অপেক্ষায় রয়েছে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব একথা বলেন।
তিনি বলেন, “আমরা একটা নির্বাচনমুখী রাজনৈতিক দল, আমরা নির্বাচনে বিশ্বাস করি। যদি সহায়ক সরকার থাকে, নির্বাচনের ক্ষেত্র প্রস্তুত থাকে, আমরা নির্বাচনের জন্য সবসময় প্রস্তুত।
“নির্বাচনে প্রার্থী তো আমাদের নয়শ আছে।”
মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ যতই বুঝতে পারছে যে, তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে ততই তারা গণতান্ত্রিক পরিসর সংকুচিত করছে এবং একদলীয় শাসনব্যবস্থা পাকাপোক্ত করছে।
এ সময়ে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ শ্রমিক দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
তিনি সাংবাদিকদের বলেন, “আজ সারা দেশে শ্রমজীবী জনগণ ন্যায্য মজুরির জন্য, বেঁচে থাকার মজুরির জন্য লড়াই করছে। তারা নিরাপদ কর্মক্ষেত্রের জন্য লড়াই করছে এবং তাদের ট্রেড ইউনিয়নের জন্য লড়াই করছে।
“আজকে অসংখ্য শ্রমিক মিথ্যা মামলায় হয়রানি হচ্ছে, অনেক নেতা গ্রেপ্তার হয়ে আছে, অনেক শ্রমিক খুন হয়েছে, গুম হয়েছে।”
