২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাশকতা: ফখরুলদের মামলার শুনানি পিছিয়েছে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির ৪১ নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতার একটি মামলায় অভিযোগ গঠনের শুনানির তারিখ পিছিয়েছে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2017, 06:06 PM

Updated : 19 Aug 2022, 04:19 PM

আদালত আগামী ১২ জুলাই শুনানির নতুন তারিখ রেখেছে।

মঙ্গলবার যানবাহনে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় রমনা থানার মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ছিল। কিন্তু আসামিরা আদালতে হাজির না থাকায় সময়ের আবেদন করা হয়।

ঢাকার মহানগর হাকিম জসিম উদ্দিন আবেদনটি মঞ্জুর করে শুনানির নতুন তারিখ ঠিক করে দেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ।

মামলার আসামিদের মধ্যে রয়েছেন বিএনপি নেতা মওদুদ আহমেদ, মির্জা আব্বাস, আমান উল্লাহ আমান, গয়েশ্বর চন্দ্র রায়, বরকত উল্লাহ বুলু, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, মোয়াজ্জেম হোসেন আলাল এবং সাইফুল ইসলাম নিরব।

মামলার এজাহারে বলা হয়, ২০১৩ সালের ২ মার্চ বিকালে রাজধানীর পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচিতে দলটির নেতাকর্মীরা রাস্তায় যানবাহন ভাংচুর করে আগুন দেয়।

এ ঘটনায় রমনা থানার উপ-পরিদর্শক মো. আলী হোসেন ৩৭ জনের পরিচয় উল্লেখ করে একটি মামলা করেন।

গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক দীপক কুমার দাস মামলাটির তদন্ত শেষে ২০১৪ সালের ৫ অগাস্ট ৪১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।