প্রধানমন্ত্রী জানেন না, তাহলে সরকার কে চালায়: মোশাররফ
রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনের দুই মেয়রকে দ্বিতীয় দফায় বরখাস্তের বিষয়ে প্রধানমন্ত্রী অবগত ছিলেন না বলে আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদেরের দাবি নাকচ করে বিষয়টির সমালোচনা করেছেন বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন।
বুধবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মহিলা দলের এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, “ওবায়দুল কাদের বলেছেন, ‘প্রধানমন্ত্রী জানেন না’। তাহলে আমাদের প্রশ্ন, কে সরকার চালাচ্ছে। এত বড় সিদ্ধান্ত, প্রধানমন্ত্রী ছাড়া হতে পারে না।”
উচ্চ আদালতের ছাড়পত্র নিয়ে রোববার দায়িত্বে ফেরার দিনেই রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল এবং সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরীকে ফের বরখাস্ত করে সরকার। একইসঙ্গে তৃতীয় দফায় বরখাস্ত করা হয় হবিগঞ্জের পৌর মেয়র জি কে গউছকে।
এ নিয়ে আলোচনার মধ্যে মেয়রদের বরখাস্তের বিষয়টি প্রধানমন্ত্রীর অজ্ঞাতসারে ঘটেছে বলে সাংবাদিকদের কাছে মন্তব্য করেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
নতুন মামলায় অভিযোগপত্রভুক্ত আসামি হওয়ার কারণ দেখিয়ে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত দুই সিটি মেয়রকে বরখাস্তের পরদিন হাই কোর্টে রিটের মাধ্যমে বরখাস্তের ওই আদেশে স্থগিতাদেশ পান সিলেটের মেয়র আরিফুল। আর বুলবুল ও গউছ রিট করে স্থগিতাদেশ পান মঙ্গলবার।
ঢাকায় ইন্টার পার্লামেন্টার ইউনিয়নের (আইপিইউ) সম্মেলন চলার মধ্যে নির্বাচিত তিন মেয়রকে বরখাস্তের আদেশে বিদেশি অতিথিদের কাছে সরকারের চরিত্র স্পষ্ট হয়েছে বলে মনে করছেন বিএনপি নেতা মোশাররফ।
তিনি বলেন, “গতকাল (মঙ্গলবার) পত্র-পত্রিকায় হেড লাইন ছিল, বিএনপির তিনজন নির্বাচিত মেয়র, সুপ্রিম কোর্টের রায় নিয়ে মেয়র পদে অধিষ্ঠিত হওয়ার দুই ঘণ্টার মধ্যে তাদেরকে আবার বরখাস্ত করা হল। এভাবে জনপ্রতিনিধিদেরকে বরখাস্ত করা- এটা নজিরবিহীন।
“ঢাকায় আইপিইউ সম্মেলনে অংশ নেওয়া সারা পৃথিবীর নির্বাচিত প্রতিনিধিরা দেখেছেন, এমন এক সরকার এদেশে... ফ্যাসিস্ট সরকার, যারা নির্বাচিত প্রতিনিধিদের বরখাস্ত করে। বিদেশিদের কাছে আর কোনো কিছু গোপন থাকল না। যে লাভের জন্য আওয়ামী লীগ সরকার বিদেশি প্রতিনিধিদের ঢাকায়ে নিয়ে এসেছে, সেই লাভ হয় নাই; বরং অনেক ক্ষতি হয়ে গেছে।”
ঢাকায় শুরু বিশ্বের ১৬৪টি দেশের আইনসভার সংগঠন আইপিইউ এর ১৩৬তম সম্মেলন শনিবার শুরু হয়ে বুধবার শেষ হয়েছে। বাংলাদেশে প্রথমবারের মতো বিশ্বের সবচেয়ে বড় এই সংসদীয় ফোরামের সম্মেলনের আয়োজক জাতীয় সংসদ।
আইপিইউ সম্মেলন প্রসঙ্গ খন্দকার মোশাররফ বলেন, “এই সংসদ জনগণের দ্বারা নির্বাচিত নয়, তারা আইপিইউ সম্মেলন করছে। আমরা মনে করি, এই সম্মেলন একটি অর্থহীন সম্মেলন। যে দেশের সংসদ নির্বাচিত নয়, তাদের আহ্বানে নির্বাচিত প্রতিনিধিরা এসেছেন, এটা প্রহসন ছাড়া আর কিছু নয়।”
“তবে এটা ঠিক আইপিইউর নির্বাচিত বিদেশি প্রতিনিধিরা সম্মেলনে অংশ নেওয়ার মাধ্যমে বাংলাদেশের চেহারা দেখে গেলেন, বাংলাদেশের গণতন্ত্রের প্রকৃত রূপ দেখে গেলেন।”
নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সহায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের আন্দোলনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপির এই নেতা।
মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি নুরজাহান ইয়াসমীনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খানের পরিচালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মহিলা বিষয়ক সম্পাদক নুরী আরা সাফা, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, কেন্দ্রীয় নেতা রওশন আরা ফরিদ, রাজিয়া আলীম, পেয়ারা মোস্তফা, শামসুন্নাহার এবং আমেনা খাতুন বক্তব্য রাখেন।
